জার্মানিতে ৪০ বছর: দোভাষীর দায়িত্বে প্রবাসী
বেশ অল্প সময়ই আমি মোটামুটিভাবে জার্মান ভাষা রপ্ত করতে পেরেছিলাম। আমি বাইরে কারো সাথে কথা বলতে কখনও সংকোচ বোধ করতাম না।
আমি জানতাম, আমি সঠিক জার্মান বলছি না। তারপরও চালিয়ে যেতাম। অন্যদিক দিক থেকে বললে বলতে হয় যে, আমাকে ওদের ভাষায় কথা বলতেই হতো। তাই ভুল-সঠিক নিয়ে চিন্তার কোনও অবকাশ ছিল না। এটাই হচ্ছে কোনো দেশে থেকে, সেই দেশের ভাষা শেখার বিরাট সুবিধা।
এদিকে যতই দিন যেতে লাগলো, ততই দেশ থেকে জার্মানিতে আসা বাঙালিদের সংখ্যা বাড়তে থাকলো। তারই অংশ হিসেবে আমাদের ছোট শহরেও বাংলাদেশিদেরও আগমন হতে থাকলো। তাদের কয়েকজন আমাদের এখানে এসে উঠলেন, আবার কেউ কেউ ওফেনবাখের অন্য কোনো জায়গায় উঠলেন।
তবে এই শহরে তারা যে জায়গায় উঠুক না কেনো, দ্রুত আমার খবর পেয়ে যেতেন। কারণ বাঙালিদের মধ্যে তখন আমি তাদের কাছে জার্মান ভাষা জানা লোক। অথচ আমি তখন ভাষা শেখার জন্য রীতিমতো যুদ্ধ করে যাচ্ছি।
এই পরিস্থিতিতে শহরে নতুন আসা একজন বাঙালি, অপর জন অল্প পরিচিত দেশি মানুষ নিয়ে আমার কাছে আসলেন। পরিচিত হওয়ার পর নতুন আসা বাঙালি অনুরোধ করলেন, পরের দিন তার স্থানীয় বিদেশিদের জন্য দায়িত্বে যে প্রশাসন আছে, সেখানে ম্যাজিস্ট্রেটের সাথে তার ছোট ইন্টারভিউ আছে। অফিস থেকে তাকে জানানো হয়েছে যে তার সাথে কোনো জার্মান ভাষা জানা দেশি মানুষকে সাথে নিতে হবে। তাই আমি যেন তার সাথে যাই।
সব শুনে আমি ভাবনায় পড়ে গেলাম। আমি নিজেই তখন কি আর ভাষা জানি! তিন মাসও হয়নি যে আমি স্কুলে যাচ্ছি, কিন্তু মানা করার তেমন কোনো সুযোগ নেই। কারণ আমি ছাড়া সেই সময় ওই অসহায় ছেলেটির আর কোনো উপায় নেই। তাই রাজি হতে হলো।
পরদিন বেশ সকালে আমরা দু’জন ফরেন পুলিশের অফিসে সেই ম্যাজিস্ট্রেটের কক্ষে কড়া নেড়ে ঢুকলাম। ঢুকে আমি ম্যাজিস্ট্রেটকে সেই ছেলেটিকে দেখিয়ে বললাম যে ওর আজ ইন্টারভিউ আছে, আর আমি দোভাষী হিসেবে এসেছি।
এ পর্যন্ত প্রশ্ন-উত্তর ঠিকমতোই চলছিল। কিন্তু এবার যখন ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞেস করলেন, সে বিবাহিত না অবিবাহিত, তখন সেই ছেলেটি জানালো যে সে অবিবাহিত। এরপর ম্যাজিস্ট্রেট যখন জিজ্ঞাসা করলেন, তার কোনো সন্তান আছে নাকি? প্রশ্ন শুনে মনে হলো ছেলেটি একটু চমকিয়ে উঠে উত্তর হ্যা বা না বলে বললো যে সে তো বিয়েই করেনি।
ম্যাজিস্ট্রেট একটু হেসে বললেন, সন্তান হতে তো বিয়ে করা লাগে না। ম্যাজিস্ট্রেটের কথা শুনে মনে হলো ছেলেটি জার্মানিতে প্রথম সংস্কৃতির ধাক্কা খেল। কারণ, এই দেশ বা ইউরোপে তো বিয়ে ছাড়া অনেকেরই সন্তান হচ্ছে এবং তারা সন্তান লালন-পালন করছেন।
পরবর্তীতে আমাকে সে অফিসে একই কাজে বহুবার যেতে হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের এই প্রশ্নের পর সবাইকে একই কথা বলতে শুনেছি। এরপর ম্যাজিস্ট্রেট ছেলেটিকে কেনো জার্মানিতে এসেছে, কী সমস্যা ইত্যাদি জিজ্ঞেস করার পর ইন্টারভিউ শেষ হলো।
ইন্টারভিউ শেষ হওয়ার পর এবার ম্যাজিস্ট্রেট আমাকে নতুন দেখে কৌতূহলী হয়ে জানতে চাইলেন, আমি কবে জার্মানিতে এসেছি? আমি যখন বললাম যে গেল বছরের অক্টোবরে জার্মানিতে এসেছি এবং জানুয়ারি মাস থেকে ভাষা কোর্স করছি। শুনে তিনি আমাকে উৎসাহ দেওয়ার জন্য বললেন, আপনি তো এই অল্প সময়ের মধ্যে বেশ জার্মান শিখেছেন।
আমি জানতাম যে আমি তখন সাধারণ কথাবার্তা ছাড়া তেমন কিছুই শিখিনি। তবুও ম্যাজিস্ট্রেটের এই উৎসাহব্যঞ্জক উক্তি আমাকে অনুপ্রাণিত করেছিল। পরে বহু ক্ষেত্রেই দেখেছি যে এই শিক্ষিত, সচেতন, শৃঙ্খলাবদ্ধ জার্মান জাতি উৎসাহ দিতে কোনো কার্পণ্য করে না।
ম্যাজিস্ট্রেটের এই বন্ধুত্বপূর্ণ আচরণে এবার আমি আমার বিষয়ে জিজ্ঞেস করার সুযোগ পেলাম। আমার প্রথম ছয় মাসের ভিসা ফ্রাঙ্কফুর্ট থেকেই করতে হয়েছিল এবং ওই সময় দুই ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যে ঝামেলা পোহাতে হয়েছিল, সেটা আগেই লিখেছি। সেই কথা আমার মাথায় ছিলো।
ফ্রাঙ্কফুর্ট থেকে খুব কাছাকাছি ওফেনবাখ শহর হলেও প্রশাসনিক দিক থেকে ছিল আলাদা। তাই যে সব বিদেশি ওফেনবাখ শহরে বসবাস করেন, তাদের ভিসা আমি যে অফিসে গিয়েছিলাম সেখান থেকেই নিতে হতো। আমি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জানতে চাইলাম, আমি এই শহর থেকে ভিসা নিতে চাই, তাহলে আমার কী করতে হবে?
প্রশ্ন শুনে তিনি বললেন, কোনো সমস্যা নেই। আপনার যদি এখানে বাসা থাকে, তাহলে আপনি আমাদের এখানে আবেদন করতে পারেন। তবে চার সপ্তাহের মতো সময় লাগবে ফ্রাঙ্কফুর্ট থেকে আপনার ফাইল আসতে। তারপর আপনি এখান থেকে ভিসা নিয়ে যাবেন।
উনার কথা শুনে খুব হালকা বোধ করলাম। ভাবলাম, নাহ, আর কোনোদিন ফ্রাঙ্কফুর্টের ওই দুই ম্যাজিস্ট্রেটের চেহারা আমার দেখতে হবে না।
চলবে ...
লেখক: প্রবাসী বাংলাদেশি
এই লেখকের আরও পড়ুন-
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
