জার্মানিতে ৪০ বছর: আনাড়ি হকারের কষ্ট
আমাদের ভাষা কোর্সের দু’জন শিক্ষকই ছিলেন আমাদের বন্ধুর মতো। তারপরও দু’জনের মধ্যে পার্থক্য ছিলো- ডরিস দূরে থেকে আর গাবি ছিল আরও নিকট বন্ধুর মতো।
এই পার্থক্য থাকাটা ছিলো খুব স্বাভাবিক, যেহেতু ডরিস ছিল খাস জার্মান, তাই তার বন্ধুত্বের আর্টটা ছিল জার্মানদের মতোই। আর গাবি ছিলো ইহুদি- জার্মান পরিবারের, তাদের জার্মানিতে ইতিহাস হলো মারাত্মক বিভীষিকার মধ্যে বেঁচে থাকার ইতিহাস।
গাবির জন্ম দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার বেশ কয়েকবছর পর। তারপরও সে মা-বাবা, আত্মীয়দের কাছ থেকে শোনা হিটলারের সময়ে ইহুদিদের ওপর নৃশংসতার ইতিহাস কোনোদিনই ভুলতে পারেনি।
শুধু তাই নয়, গাবির জীবনে সেই সময়ের অত্যাচারের কাহিনী তার হৃদয়ে এমন ক্ষত সৃষ্টি করে যে সে আর জার্মান জাতিকে কোনোদিনই ক্ষমা করতে পারে নাই। সে কারণে পরবর্তী জীবনে ওর বন্ধু-বান্ধব বা সামাজিক যোগাযোগ হয়তো ইহুদি সম্প্রদায়ের মানুষের সাথে অথবা আমাদের মত বিদেশিদের সাথেই ছিলো।
গাবির আপন চাচা হিটলারের কনসেনট্রেশন ক্যাম্পে নিহত হন। ওর বাবার বয়স যখন ১২ বছর, তখন তিনি কনসেনট্রেশন ক্যাম্প থেকে ভাগ্যক্রমে বেঁচে যান।
গাবির সাথে আমার যোগাযোগ ও সুন্দর সম্পর্ক বেশ অল্পদিনের মধ্যে গড়ে উঠতে থাকে। এমনও দিন গেছে, গাবি সকালের নাস্তার জন্য যে দুটো রুটি নিয়ে আসতো, তার থেকে একটি রুটি আমাকে দিতো। আমি না করলে ও অনেকটা জোর করেই আমাকে দিতো। আমি নিতে সংকোচ বোধ করতাম। তারপর আবার ওর কথায় নিতে বাধ্য হতাম।
জার্মানিতে যাওয়ার পর ওই সময় পর্যন্ত আমি বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া জুতো পড়ে চলেছি। কিন্তু যখন দেখলাম যে সেই জুতো জোড়া ওই প্রচণ্ড তুষার আর বরফের মধ্যে কুলাচ্ছে না, তখন জুতোর দোকানে গিয়ে বিশেষ অফারের এক জোড়া জুতো ৩০ মার্ক দিয়ে কিনে নিলাম।
সস্তা জুতোর শক্ত চামড়া হওয়ার কারণে আমার পায়ের গোড়ালির দিকে একটু ছিলে গিয়েছিলো, তাই আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্লাসে হাঁটছিলাম। গাবির দৃষ্টিতে সেটা এড়ায়নি। তাই গাবি একদিন জিজ্ঞেস করলো, আমার পায়ে কী হয়েছে? আমি বললাম যে নতুন জুতোর কারণে এরকম হয়েছে। তখন সে জুতোর দাম জানতে চাইলো। আমি দাম বলাতে মনে হলো সে দুঃখ পেল। শুধু বললো, “এত কম দাম, তাহলে তো এরকম হতেই পারে।”
একদিন গাবিকে বলেই ফেললাম, “দ্যাখো, তোমাকে দেখে আমার বোনদের কথা মনে পড়ে।” গাবির জন্ম জার্মানি হওয়ার পরও যেহেতু সে ইহুদি পরিবারে মানুষ হয়েছে, তাই সে আমার অনুভূতি সহজেই অনুধাবন করতে পারলো। এরপর থেকে ওর সাথে আমার সম্পর্ক একটি নতুন মাত্রায় প্রবেশ করলো।
আমাদের ক্লাসে সেই সাইদ নামে ভারতের পাঞ্জাবের একটি গ্রাম থেকে আসা ছেলেটিকে ভাষা শেখার ব্যাপারে বেশ অসহায় মনে হতো। আমি তো কিছুদিনের মধ্যেই অন্যান্য ছেলেমেয়েদের সাথে কথাবার্তা বলে ব্যস্ত থাকতাম। আর ও বেচারা চুপচাপ একাই বসে থাকতো।
আমি ছিলাম নতুন দেশ, সমাজ, থাকা-খাওয়ার দিক থেকে অসহায়। আর ও যেহেতু বোন-দুলাভাইয়ের কাছে থাকতো, তাই থাকা-খাওয়ার বিষয়ে ওর অসুবিধা ছিল না। কিন্তু ক্লাসে এসে মনে হয় সে আসহায় বোধ করতো। আর হবেই না কেন, সাইদ তো ভাষা শেখার জন্য ক্লাসে আসতো না, সে আসতো ভিসা ঠিকমতো পাওয়ার জন্য। আমরা দু’জন দুই দিক থেকে অসহায় হওয়ার কারণে আমাদের মধ্যে মেশার একটি ভিত্তি তৈরি হলো।
সাইদ তখন তার দুলাভাইয়ের সাথে পত্রিকা বিক্রি করতো। মাঝে সে আমাকে বিরতির সময় স্কুলের নিচে বার্গার কিং-এ কফি খাওয়াতো। একদিন সে আমাকে বললো, যদি আমি চাই তবে রোববার ওর দুলাভাই কামাল আর ওর সাথে পত্রিকা বিক্রি করতে পারি। শনি ও রোববার ছিলো স্কুল ছুটির দিন, আর আমার তখন টাকার দরকার। তাই আমি রাজি হয়ে গেলাম।
সাইদের কথা মতো পরের রোববার আমি খুব ভোরে ফ্রাঙ্কফুর্ট ফেসেনহাইমের কাছে একটি চৌরাস্তায় চলে গেলাম। গিয়ে দেখি সাইদ আর তার দুলাভাই ইতোমধ্যেই পত্রিকা বিক্রি শুরু করে দিয়েছে। আমি যাওয়ার পর কামাল আমার হাতে কিছু পত্রিকা দিয়ে একটি রাস্তা দেখিয়ে বললেন, “এখানে যখন সিগনালের জন্য গাড়ি থামবে, তখন তুমি পত্রিকাগুলো হাতে ধরে গাড়ি সামনে দিয়ে হেঁটে যাবে। তখন যার প্রয়োজন হবে, সে কিনে নেবে।”
আমার যতটুকু শীতের কাপড় সম্বল ছিলো, সেগুলো পরে আমি কাজ শুরু করে দিলাম। কিন্তু সমস্যা হচ্ছিলো যখন কাউকে পয়সা বা টাকা ফেরত দিতে হচ্ছিলো। কারণ, গ্লাভস পরে ঠিকমতো চেঞ্জ গুণতে পারছিলাম না। তাই মাঝে মাঝে গ্লাভস খুলে ফেলতে হচ্ছিলো। আর খুললেই তো আরেক ঝামেলা, সারা হাত ঠাণ্ডায় জমে আসছিলো।
ইতোমধ্যে বেলা একটু একটু করে বাড়ছিলো, সাথে সিগনালে গাড়ির লাইনও। আর তাই পত্রিকার বিক্রিও বাড়ছিলো। আমি হেঁটে হেঁটে যারা পত্রিকা কিনতে আগ্রহী, তাদেরকে গাড়ির জানালা দিয়ে পত্রিকা দিয়ে মার্ক নিচ্ছিলাম। এ পর্যন্ত ভালোই চলছিলো, কিন্তু সমস্যায় পড়লাম যখন একজন ক্রেতা ২০ মার্কের একটি নোট দিয়ে একটি পত্রিকা নিল। পত্রিকার দাম ছিল এক মার্ক। তার মানে, তাকে আমার ১৯ মার্ক ফেরত দিতে হবে।
ডান হাতের গ্লাভস খুলে পকেট থেকে কয়েন বের করে দিতে থাকলাম। মনে হয় ১০ মার্ক মাত্র দিয়েছি, এর মধ্যে লাল সিগনাল হলুদ হলো। আমি তখনও ক্রেতাকে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। মনে হয় আরও চার মার্ক দিতে পেরেছিলাম। এবার সিগনালের বাতি সবুজ হলো, তখন ক্রেতা ভদ্রলোক আর মার্ক চাচ্ছিলেন না। তিনি আমাকে ইঙ্গিত করছিলেন, আমি যেন জানালার ভেতর থেকে হাত সরিয়ে নেই।
পেছনের গাড়িগুলো হর্ন বাজানো শুরু করেছে। অগত্যা আমি হাত সরিয়ে নিলাম। আমি হাত সরানোর সাথে সাথেই গাড়িটি শাই করে বেরিয়ে গেল আর আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। ভাবতে লাগলাম, আমি যদি নতুন না হয়ে একটু অভিজ্ঞ হতাম, তাহলে হয়তো ভদ্রলোককে পুরো টাকাটাই ফেরত দিতে পারতাম।
সেদিনের পত্রিকা বিক্রিতে আমি কিছু মার্ক পেয়েছিলাম। এ কারণে হয়তো আনন্দই হতো, কিন্তু এই ঘটনা আমার সমস্ত আনন্দকে ম্লান করে দিয়েছিলো।
চলবে ...
লেখক:
প্রবাসী বাংলাদেশি
এই লেখকের আরও পড়ুন-
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
