ভারত সফরে সম্পর্ক নতুন করে গড়ার সুযোগ নেপালের বালেন্দ্র শাহর
বালেন্দ্র শাহের দল আরএসপি গত মার্চের নির্বাচনে বিপুল জয়ের মাধ্যমে ক্ষমতায় আসার পর এটিই তার প্রথম বিদেশ সফর।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ভারত সফর নিয়ে দুই দেশের সম্পর্কের নতুন সূচনার আশা জাগিয়েছে। তিনি রোববার দুই দিনের সফরে ভারতে যাচ্ছেন।
বিবিসি লিখেছে, নেপালের নতুন রাজনৈতিক প্রজন্মের নেতাদের সঙ্গে প্রতিবেশী বৃহৎ দেশটির নেতাদের এটিই প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ।
বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) গত মার্চের নির্বাচনে বিপুল জয়ের মাধ্যমে ক্ষমতায় আসার পর এটিই তার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।
ওই নির্বাচনের ছয় মাস আগে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন-জি (তরুণ প্রজন্মের) আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় কে পি শর্মা অলির সরকার।
সফরকালে ৩৬ বছর বয়সি বালেন্দ্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এতে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা এবং নতুন আকাশপথ চালু।
এছাড়া গত অগাস্টে নেপালে ঘটে যাওয়া ভয়াবহ আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠন উদ্যোগে সহায়তার বিষয়েও আলোচনা হতে পারে।
হিমালয়কন্যা নেপালে ওই ভয়াবহ দুর্যোগে ১৪৫০ জনের বেশি মানুষ নিহত হন। এখনো হদিশ মিলেনি হাজার হাজার মানুষের।
ভারত ও নেপাল প্রতিবেশী হলেও দুই দেশের মধ্যে জাতিগত, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশের মধ্যে ১৭৫০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে, যা অনেকাংশেই উন্মুক্ত।
তবে কয়েক দশক ধরেই সম্পর্কে টানাপড়েন চলছে দুই দেশের। সীমান্ত ও ভূখণ্ড নিয়ে বিরোধ এবং নেপালের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগে এ বৈরিতা তৈরি হয়।
দিল্লির আচরণ প্রভাবশালী ‘বড় ভাইসুলভ’ বলে অভিযোগ অনেক নেপালির। এর পরও বিশ্লেষকরা মনে করছেন, বালেন্দ্র শাহের দিল্লি সফর দুই দেশের সম্পর্ককে নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছে।
ভারত ও চীনের মাঝখানে অবস্থিত নেপাল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মধ্যবর্তী রাষ্ট্র। এ কারণে নেপালের স্থিতিশীলতার সঙ্গে ভারতের নিরাপত্তার সরাসরি সম্পর্ক রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
নেপালে ভারতের সাবেক রাষ্ট্রদূত রঞ্জিত রায় বিবিসিকে বলেন, “নেপালের নতুন নেতৃত্ব বলছে, অতীতের রাজনৈতিক বোঝা তারা বহন করতে চায় না। তারা উন্নয়ন, কূটনীতি ও অর্থনৈতিক অংশীদারত্বে নজর দিতে চায়।”
তিনি বলেন, “নেপালের নতুন নেতৃত্বকে মনে হচ্ছে অনেক বেশি বাস্তববাদী, আদর্শিক ব্যাপারটি কম। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটি আশাবাদী হওয়ার মতো একটি সময়।”
নেপাল ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত করে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হওয়ার পর থেকে দেশটির শাসনব্যবস্থা ছিল প্রধানত তিনটি রাজনৈতিক দলের হাতে। দলগুলো হচ্ছে—কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন-ইউএমএল), নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী)।
গত দেড় যুগে তিনটি দলের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে দিল্লি।
বিবিসি লিখেছে, আদর্শগত মিলের কারণে নেপালের কমিউনিস্ট পার্টিগুলোকে ভারতের প্রতিদ্বন্দ্বী এবং চীনের ঘনিষ্ঠ মনে করা হতো। কমিউনিস্ট দলগুলোও ভারতের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তিকে অসম মনে করে তারা প্রায়ই দিল্লির সমালোচনা করেছে।
কৌশলগত অবস্থানের কারণে নেপালের ওপর প্রভাব বিস্তার করতে ভারত ও চীন—দুই দেশই প্রতিযোগিতায় রয়েছে।
এ কারণে এশিয়ার দুই শক্তিধর দেশের বিরুদ্ধে ছোট্ট নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগও উঠেছে বারবার।
তবে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক যে কেবল কূটনীতি ও কৌশলগত স্বার্থের মধ্যেই সীমাবদ্ধ নয়। দুই দেশই হিন্দু সংখ্যাগরিষ্ঠ, যাদের মধ্যে রয়েছে গভীর সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন। উন্মুক্ত সীমান্তের দুই পাশে এমন বহু পরিবারের বসবাস, যাদের মধ্যে প্রতিদিনই স্বাভাবিক যোগাযোগ ও যাতায়াত চলে।
দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে ৯ বিলিয়ন ডলারের বেশি। যদিও এই বাণিজ্যে ভারতের পাল্লাই অনেক ভারী। দীর্ঘদিন ধরে এটিও নেপালের অসন্তোষের বড় কারণ।
২০১৫ সালের ভূমিকম্প এবং চলতি বছরের অগাস্টের আকস্মিক বন্যাসহ বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় ভারতই প্রথম এগিয়ে এসেছে। এসব ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরও ভারত ও নেপালের মধ্যে বেশ কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে।
ভারত ২০১৯ সালে একটি নতুন মানচিত্র প্রকাশ করে, যেখানে চীনের সীমান্ত লাগোয় পশ্চিমাঞ্চলের এমন কিছু এলাকা ভারতের ভূখণ্ড হিসেবে দেখানো হয়, যেগুলোর মালিকানার দাবিদার নেপালও। এর ফলে ওই অঞ্চল নিয়ে কাঠমান্ডুর ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়।
এরপর নেপালও নিজেদের একটি নতুন মানচিত্র প্রকাশ করে, যেখানে বিতর্কিত এলাকাগুলোকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়। এ নিয়ে তখন দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ তীব্র হয়ে ওঠে।
এ ব্যাপারে প্রবীণ নেপালি রাজনৈতিক বিশ্লেষক কানক মণি দীক্ষিত বিবিসিকে বলেন, “আশা করি, এবার দিল্লির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী সীমান্ত সমস্যাটি উত্থাপন করবেন।
“হয়তো তাৎক্ষণিক এর সমাধান হবে না, তবে বিরোধ নিষ্পত্তির জন্য আলোচনা তো শুরু হবে।”
ভারতের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষা নেপালের রয়েছে।
বালেন্দ্র শাহের প্রকৃত পরীক্ষা হচ্ছে, ভারত সফর থেকে তিনি কতটা বাস্তব ও দৃশ্যমান সাফল্য নিয়ে যেতে পারেন, সেটি।
দিল্লির কাছ থেকে আর্থিক সহায়তার বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করতে পারলেও সেটিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হবে। একই সঙ্গে সেটি দেশের ভেতরে তার সরকারের বিরুদ্ধে ক্রমবর্ধমান সমালোচনার চাপও কিছুটা কমাতে পারে।
এদিকে বালেন্দ্র শাহ এখনো চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে সরাসরি কোনো উদ্যোগ নেননি।
যদিও তার ভারত সফরের আগে নভেম্বরের মাঝামাঝি নিজের দলের ২০ এমপির একটি প্রতিনিধিদলকে ১১ দিনের সফরে চীনে পাঠিয়েছেন তিনি।
বিবিসি লিখেছে, চীনে প্রতিনিধি দল পাঠানো এবং নিজে ভারত সফরে যাওয়ার মধ্য দিয়ে দুই শক্তিশালী প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন বালেন্দ্র শাহ।
