আওয়ামী লীগকে ক্ষমা চেয়ে আত্মসমর্পণের আহ্বান শাহবাগের সমাবেশে
‘জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সহিংসতার বিপরীতে জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে এ সমাবেশ করে কয়েকটি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম।
জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ ও বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানানো হয়েছে রাজধানীর শাহবাগে কয়েকটি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের সমাবেশে।
শনিবার বিকালে এ সমাবেশে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) সংগঠক অনিক রায় বলেন, “আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও এর মাধ্যমে আবার ক্ষমতায় আসার যে চেষ্টা করছে, তা সফল হবে না।
“নিজেদের কৃতকর্মের জন্য দলটিকে ক্ষমা চাইতে হবে, আত্মসমর্পণ করতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগের সামনে এটিই একমাত্র পথ।”
‘জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সহিংসতার বিপরীতে জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে’ এ সমাবেশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন ও এনপিএ।
পরে এনপিএ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম, অল্টারনেটিভসের সংগঠক তাসনূভা জাবীন, ও জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সমাবেশে বক্তব্য দেন।
তাসনূভা জাবীন বলেন, “জনগণের সঙ্গে ঐক্য গড়তে হলে সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে আলোচনায় বসতে হবে। জুলাই অভ্যুত্থানের পর তারা রাজনৈতিক সমঝোতার কথা বলেছিলেন। কিন্তু সেই ঐক্য শুধু কয়েকটি রাজনৈতিক শক্তির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।”
জেএসডির নেতা শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, “প্রতিটি আন্দোলনের পরই দেখা যায়, আন্দোলনের অর্জন ও সুফল সাধারণ মানুষের হাতে থাকে না।”
সমাবেশে বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু ও এনপিএর সংগঠক মাঈন আহমেদও কথা বলেন।
এনপিএ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদন অনুযায়ী প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। আহত হন ১৩ হাজারের বেশি মানুষ। দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নিহতদের পরিবার পূর্ণ বিচার পায়নি এবং মামলার প্রধান পলাতক আসামিকেও দেশে ফেরানো যায়নি।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “চলতি সপ্তাহে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে দুটি থানায় অগ্নিসংযোগ, জনপ্রতিনিধিদের বাড়িতে হামলা এবং সড়ক ও রেল যোগাযোগ বন্ধের ঘটনা ঘটেছে। এসব সহিংসতার পেছনে বিচার এড়ানো ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য রয়েছে।”
এ পরিস্থিতিতে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
