০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি কেন, ব্যাখ্যা চায় সংসদীয় কমিটি

জাপানে চার দিনের সফর শেষে গত ২৯ অক্টোবর দেশে ফেরার সময় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের উড়োজাহাজে ত্রুটি হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 11:58 PM

Updated : 02 Nov 2026, 11:58 PM

প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণ জানতে চেয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি।

সেইসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ও যন্ত্রপাতি কেনায় ‘অনিয়মের দায় নির্ধারণ’ এবং ‘তথ্যপ্রযুক্তি ব্যবস্থার দুর্বলতার কারণে’ সম্ভাব্য রাজস্ব ক্ষতির কথা তুলে ধরে ব্যাখ্যা চেয়েছে কমিটি।

সোমবার সংসদ ভবনে কমিটির ষষ্ঠ বৈঠকে এ নিয়ে আলোচনা হয় বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ বারবার যান্ত্রিক ত্রুটির শিকার হওয়ার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা জানতে চাওয়া হয়।”

চার দিনের জাপান সফর শেষে গত ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান ও সফরসঙ্গীদের দেশে ফেরার কথা ছিল। সেদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে রওনা হওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাদের বহনকারী উড়োজাহাজ ছাড়তে পারেনি। বিমানের ভেতরে কিছু সময় অপেক্ষার পর প্রধানমন্ত্রীসহ সফরসঙ্গীরা নেমে আসেন।

রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমান বাংলাদেশের তরফে তখন যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও সেটির ধরন কী তা বলা হয়নি। চার ঘণ্টা পর উড়োজাহাজটির ত্রুটি সারিয়ে তা যাত্রার জন্য প্রস্তুত হয়।

পরে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা ছাড়াও বিভিন্ন নিরীক্ষা আপত্তির বিপরীতে মোট কত টাকা আদায় হয়েছে, কত টাকা আদায় করা হয়নি এবং এসব ঘটনায় কতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়। প্রতিটি নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় প্রমাণসহ নির্দিষ্ট সময়ের কর্মপরিকল্পনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি অর্থের অপচয় রোধ, অনিয়ম দূর করা এবং দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেয় কমিটি। আলোচিত বিষয়গুলোর বিস্তারিত লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন।

হিসাব মহানিয়ন্ত্রক, অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত