২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেশন আছে লাইন নেই, যন্ত্র আছে জনবল নেই; পরিকল্পনায় গলদে বেহাল প্রকল্প

কোথাও প্রকল্পের জমি ও নকশা নিয়ে জটিলতা, কোথাও অনুমোদনের অপেক্ষায় আটকে আছে অর্থ। সরকারি উন্নয়ন প্রকল্পগুলোতে পরিকল্পনার ঘাটতি, সমন্বয়ের অভাব ও অর্থসংকটের কারণে সৃষ্ট দীর্ঘসূত্রতা উঠে এসেছে আইএমইডি প্রতিবেদনে।

স্টেশন আছে লাইন নেই, যন্ত্র আছে জনবল নেই; পরিকল্পনায় গলদে বেহাল প্রকল্প

গাজীপুরের কালিয়াকৈরে হাই-টেক সিটিতে বিদ্যুৎ উপকেন্দ্র।

জেসমিন মলি জেসমিন মলি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 01:27 AM

Updated : 23 Nov 2026, 12:28 AM

গাজীপুরের কালিয়াকৈরে হাই-টেক সিটিতে বিনিয়োগকারীদের গ্যাস সরবরাহের জন্য ছয় কোটি টাকা ব্যয়ের স্টেশন স্থাপনে পাঁচ কোটি টাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। কিন্তু প্লটে গ্যাস পৌঁছাতে বিতরণ লাইন স্থাপনে পর্যাপ্ত বরাদ্দই প্রকল্পে রাখা হয়নি।

আরেক প্রকল্পে একটি গবেষণাগারের জন্য ১২১টি আধুনিক যন্ত্রপাতি কেনা হলেও প্রয়োজনীয় জনবলের অভাবে তা কাজে লাগানো যায়নি।

আবার ১৫টি সরকারি হাসপাতালে চিকিৎসা বর্জ্য পরিশোধনের ব্যবস্থা গড়তে গিয়ে পাঁচটিতেই জমি ও নকশার জটিলতা দেখা দিয়েছে।

সরকারের তিনটি উন্নয়ন প্রকল্পে পরিকল্পনায় এমন গলদ ও বেহাল চিত্র উঠে এসেছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক প্রতিবেদনে। সমন্বয়ে ঘাটতির কারণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন পিছিয়ে যাওয়ার উদাহরণ এগুলো।

গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে দেখা যায়, শুধু পরিকল্পনার ঘাটতি নয়, প্রকল্প সংশোধনের অনুমোদন পেতে দীর্ঘ অপেক্ষা, অর্থ ছাড়ে বিলম্ব এবং বরাদ্দের অর্থ ব্যয়ে সরকারি বিধিনিষেধের কারণেও অনেক প্রকল্পের কাজ পিছিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কোথাও অনুমোদন না মেলায় ঠিকাদার কাজ প্রায় বন্ধ করে দিয়েছেন। কোথাও বারবার দরপত্র বাতিল হয়েছে। কোনোটিতে কাজ এগোলেও বিল পরিশোধ করা যায়নি।

উন্নয়ন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে না নেওয়াকে বড় সমস্যা হিসেবে দেখছেন অর্থনীতির বিশ্লেষক তৌফিকুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, যন্ত্রপাতি কেনা হলেও জনবল নিয়োগের বিষয়টি আলাদা প্রক্রিয়ায় আটকে থাকছে। মূল সমস্যা হলো সমন্বয়ের অভাব।

এটিকে সুশাসনের দুর্বলতা ও অদক্ষতার পরিচয় হিসেবে তুলে ধরে সিপিডির এই অতিরিক্ত গবেষণা পরিচালক বলেন, “বছরের পর বছর ধরে এ সমস্যা চলছে। ফলে সরকার বিনিয়োগ করলেও তার প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না।”

আইএমইডির প্রতিবেদন পাওয়ার পর এসব সমস্যা নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হওয়ার কথা বলেছেন কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, বৈঠকে প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রতা দূর করতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।

তবে একজন প্রকল্প পরিচালক প্রকল্প বা নকশা তৈরিতে গাফিলতি থাকার কথা মানতে নারাজ। তিনি বলেন, পর্যাপ্ত অর্থায়ন না থাকার কারণে প্রকল্প প্রণয়নের সময় অনেক অংশ বাদ রাখা হয়। হাই-টেক পার্কের প্রকল্পেও তাই হয়েছে।

স্টেশন নির্মাণে টাকা দেওয়া হয়েছে, বিতরণ লাইন নেই

কালিয়াকৈরে হাই-টেক সিটি-২ এ প্রায় ৪৩৪ কোটি টাকা ব্যয়ে সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পে বিনিয়োগকারীদের গ্যাস সরবরাহে একটি ডিআরএস স্টেশন স্থাপনের কাজ চলছে। এজন্য প্রাক্কলিত ৬ কোটি টাকা ব্যয়ের মধ্যে ৫ কোটি ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু স্টেশন স্থাপন করলেই প্লটে গ্যাস পৌঁছাবে না, প্রয়োজন বিতরণ লাইন। মূল প্রস্তাবে এ কাজের পর্যাপ্ত অর্থ না রাখায় বাড়তি অর্থ ও সময়ের প্রয়োজন দেখা দিয়েছে।

একই প্রকল্পে বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণকাজ প্রায় শেষ হলেও সংযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় উচ্চক্ষমতার (প্রায় দেড় হাজার মিটার ৩৩ কেভি) কেবল স্থাপন মূল প্রস্তাবে ছিল না। আবার ৭ নম্বর ব্লকে রাস্তা নির্মাণ করা হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখায় তা দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আইএমইডির প্রতিবেদনে এ সমস্যা দূর করতে রাস্তার দুই পাশে প্রায় ৮৯০ মিটার পানি নিষ্কাশন ব্যবস্থা নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

পরিকল্পনার ঘাটতির পাশাপাশি এ প্রকল্পের সংশোধনী অনুমোদনেও দীর্ঘ সময় লেগেছে। ২০২৫ সালের মে মাসে পাঠানো তৃতীয় সংশোধনী একনেক অনুমোদন দেয় প্রায় এক বছর পর ২০২৬ সালের ১৩ মে। প্রশাসনিক অনুমোদন হয় ৩ জুন এবং অর্থ ছাড় হয় ১৮ জুন।

আইএমইডি বলেছে, সংশোধনী অনুমোদন না থাকায় ২০২৫-২৬ অর্থবছরের প্রায় পুরো সময় ঠিকাদাররা কাজের গতি কমিয়ে দেন। কেউ কেউ কাজ প্রায় বন্ধ করে দেন। ফলে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

এ বিষয়ে হাই-টেক সিটি প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক মো. সিদ্দিকুর রহমান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থের সংকুলান না থাকায় মূল প্রকল্প প্রস্তাবে অনেক কিছুই থাকে না।

তিনি বলেন, “ডিআরএস স্টেশন আগে ছিল না। যখন একনেকে তোলা হয় বা মূল প্রস্তাবের টাকা বা অর্থ সবসময় তো অর্থ থাকে না। তাছাড়া ওটা পরবর্তীতে চাহিদা হয়েছে। ওই সময়তো চাহিদাটা ছিল না। তখন ভাবা হয়েছে, আমরা একটা পার্ক করে আগায় রাখি। তো এখন চাহিদা আসছে। চাহিদার পরিপ্রেক্ষিতে এটা এখন তৃতীয় সংশোধনীতে গ্যাস সার্ভিস লাইনের জন্য কাজ করা হচ্ছে।”

এক্ষেত্রে প্রকল্প বা নকশা তৈরিতে গাফিলতি ছিল বলেও মানতে নারাজ তিনি। বলেন, সময় ও চাহিদাও ওইভাবে ছিল না, এজন্য তখন প্রকল্পে এসব অংশ যুক্ত করা হয় নাই।

“এখন চাহিদা এসেছে, গ্যাস অনেকের দরকার, এজন্য আমরা সার্ভিস লাইন করছি। একটা লিমিটেড অংশে।”

প্রকল্প এলাকায় ৩৩ কেভি সাবস্টেশন একটা তৈরি করার তথ্য দিয়ে তিনি বলেন, “মূল প্রস্তাবে ছিল একটা, পরে এটা তিনটা হয়, ঠিক আছে? পরবর্তীতে দ্বিতীয় সংশোধন প্রস্তাবে একটা বাদ দেওয়া হয়। এখন দুইটা হচ্ছে আরকি।

“তার মধ্যে একটা চালু আছে, আমাদের আরেকটা চালু হবে। এটার সংযোগ তারটা ছিল না, সংযোগ তারটা আমরা তৃতীয় সংশোধন প্রস্তাবে নিয়ে এসে সংযোগ তারটা পেলে এই সাবস্টেশনটা চালু হবে। এগুলোর তো চাহিদা আছে। এটার আমাদের দরকার আছে।”

তিনি দাবি করেন, “কারণ এটা (পার্ক) যদি সবগুলো একসাথে চালু হয়ে যায়, দেখবেন যে এই দুইটাতেও আর হবে না। এজন্য সরকার একবারে বিনিয়োগ করতে চায় না। চাহিদা আসলে আবার করা হবে, সেই চিন্তা করে। সেই পরিপ্রেক্ষিতে একটা কিন্তু বাদও দেওয়া হয়েছে, তিনটা ছিল।”

Image

জাতীয় সেলুলার ও মলিকুলার গবেষণা কেন্দ্রের নকশা।

যন্ত্রপাতি আছে, চালানোর জনবল নেই

প্রায় ১ হাজার ৫১৩ কোটি টাকা ব্যয়ে ‘জাতীয় সেলুলার ও মলিকুলার গবেষণা কেন্দ্র স্থাপন' প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে ১২১টি আধুনিক যন্ত্রপাতি কেনা হয়। কিন্তু উপযুক্ত জনবল না থাকায় গবেষণাগারের কার্যক্রম চালু রাখা যায়নি।

রাজধানী ঢাকার মহাখালীতে এ গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে প্রকল্পের জমি দখলমুক্ত করতে দেরি হওয়া এবং স্থাপত্য নকশার পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের কারণেও কাজ পিছিয়েছে।

জমি-নকশা জটিলতায় ধুঁকছে প্রকল্প

স্বাস্থ্য খাতের প্রায় ২৬৪ কোটি টাকার আরেক প্রকল্পে ১৫টি সরকারি হাসপাতালে চিকিৎসা বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করার কথা। এর মধ্যে পাঁচটি হাসপাতালে জমি ও নকশা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় কাজ পিছিয়েছে।

প্রকল্পটি ২০২২ সালের জানুয়ারিতে শুরুর কথা থাকলেও মূল কাজ শুরু হয় ২০২৩ সালের নভেম্বরে।

আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটিতে চিকিৎসা বর্জ্য পরিশোধনের যন্ত্রপাতি স্থাপনের আগে সংশ্লিষ্ট ভবনের নির্মাণকাজ শেষ করতে হবে। ফলে ভবন নির্মাণে দেরি হওয়ার প্রভাব পড়েছে যন্ত্রপাতি কেনা ও স্থাপনের কাজেও।

অনুমোদনের অপেক্ষায় আটকে অর্থ

প্রকল্পের সংশোধনী অনুমোদনে দীর্ঘ সময় লাগার প্রভাব পড়েছে অর্থ ব্যয়েও। উদাহরণ হিসেবে আইএমইডি সামনে এনেছে বিভিন্ন স্থানে ১০টি আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পটি। এটির মেয়াদ শেষ হয় ২০২৫ সালের জুনে। কিন্তু দ্বিতীয় সংশোধনী অনুমোদন পায় ২০২৬ সালের ৮ জানুয়ারি। এই সাত মাসে নির্মাণ বিল পরিশোধ করা সম্ভব হয়নি।

প্রকল্পটির জন্য ২০২৫-২৬ অর্থবছরে ১৫৬ কোটি ৭ লাখ টাকা বরাদ্দের বিপরীতে অর্থ ছাড় করা হয় ৬১ কোটি ৫৮ লাখ টাকা। সংশোধিত বরাদ্দের ৯৪ কোটি ৪৯ লাখ টাকাই ছাড় করা হয়নি। গত ৫ এপ্রিল অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণের নির্দেশনার কারণে ভবন নির্মাণ ও কম্পিউটার কেনার বরাদ্দের অর্থও পুরোপুরি ছাড় করা যায়নি।

দুইবার দরপত্র বাতিল, আইনি জটিলতায় ফাঁদে প্রকল্প

কোনো কোনো প্রকল্পে দরপত্রের জটিলতায় পুরো অর্থবছর পার হয়েছে। চট্টগ্রামে প্রায় ৪৩৭ কোটি টাকা ব্যয়ে কর ভবন নির্মাণ প্রকল্পে ২০২৫-২৬ অর্থবছরে ১০ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ থাকলেও ব্যয় হয়েছে ১৫ লাখ ২৭ হাজার টাকা। দুইবার দরপত্র আহ্বান ও মূল্যায়ন করা হলেও অনুমোদনের পর তা বাতিল হয়ে যায়।

Image

হিলি শুল্ক স্টেশন। ফাইল ছবি

অপরদিকে হিলি, বুড়িমারী ও বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভৌত অগ্রগতি ৯৭ শতাংশ হলেও সংশোধনী অনুমোদনে দেরি হওয়ায় কাজ শেষ করেও সময়মতো বিল পরিশোধ করা যায়নি।

পরিবেশ অধিদপ্তরের বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট) প্রকল্পের আওতায় পরিবেশ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হলেও প্রয়োজনীয় আইন প্রণয়ন না হওয়ায় প্রকল্প সাহায্য খাতে রাখা ৬১০ কোটি টাকা ব্যয় করা যায়নি। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রকল্প থেকে ৬ কোটি ১০ লাখ ডলার কমানোর সম্মতি দেওয়া হয়।

সংসদীয় কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন বলেন, প্রকল্প নেওয়ার আগে সম্ভাব্যতা সমীক্ষায় কী ধরনের ঘাটতি ছিল এবং সেসব থাকার পরও কেন অনুমোদন দেওয়া হয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে। দুর্বলতাগুলো চিহ্নিত করে কমিটি প্রতিবেদন তৈরি করবে। এসব অনুসন্ধানের ফলাফল ও সুপারিশ সরকার এবং সংসদকে জানাবে। সরকার সেসব সুপারিশ বাস্তবায়ন না করলে সংসদ অন্য পদ্ধতিতে সরকারের কাছে জবাবদিহি চাইতে পারে।

[এ প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন হামিমুর রহমান ওয়ালিউল্লাহ।]