১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ধানমন্ডি লেকের উন্নয়নে ৭৫ কোটি টাকার প্রকল্প

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রকল্পটির কাজও শুরু করেছে, সংসদে বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ধানমন্ডি লেকের উন্নয়নে ৭৫ কোটি টাকার প্রকল্প

ধানমন্ডি লেক। ফাইল ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 12:16 AM

Updated : 12 Nov 2026, 12:16 AM

ধানমন্ডি লেকের সৌন্দর্য বাড়ানো ও পানি দূষণমুক্ত করতে ৭৫ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর কাজ শুরু করেছে। ধানমন্ডি লেকটি ১০০ বছরের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে।

ঢাকার পয়োবর্জ্য পরিশোধনে আরও ১ হাজার কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় থাকার কথা বলেছেন তিনি।

তিনি বলেন, প্রকল্পটি অনুমোদন পেলে গুলশান, ধানমন্ডি, বারিধারা ও বনানী এলাকার পয়োবর্জ্য পাইপলাইনের মাধ্যমে দাশেরকান্দি শোধনাগারে নেওয়া হবে। সেখানে পরিশোধনের পর পানি নদীতে ছাড়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের পাঁচটি নদী দূষণমুক্ত করা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার যথাক্রমে ২৯ ও ২৬টি খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্বে ১০টি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি কয়েক দফা বৈঠক করেছে। নদীগুলো পরিদর্শন করে প্রধানমন্ত্রীকে প্রতিবেদনও দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ ছাড়া হাতিরঝিল, ধানমন্ডি, বারিধারা ও বনানী লেকের উন্নয়নে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রকল্প নিয়েছে বলে সংসদে বলেন মীর শাহে আলম।

এর আগে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সেচে পানির অপচয় কমানো এবং বিকল্প পানির উৎস ব্যবহারে সরকারের পদক্ষেপ জানতে চান।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে।

চার বছর মেয়াদি প্রকল্পটিতে খাল ও জলাধার সংরক্ষণ এবং পানি সরবরাহব্যবস্থার উন্নয়নের কাজ রয়েছে।