অবশেষে মাইনি নদীর ওপর হচ্ছে ২০০ মিটার সেতু
২০০ মিটার দীর্ঘ সেতুটির নকশা শেষে তিন-চার মাসের মধ্যে শুরু হবে কাজ।
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদীর ওপর ২০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের প্রকল্প একনেক সভায় অনুমোদন পেয়েছে।
বুধবার অনুষ্ঠিত একনেক সভায় দেশের উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যার আওতায় সেতুটি নির্মিত হবে বলে খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান জানিয়েছেন।
তিনি বলেন, খাগড়াছড়ির বাবুছড়া-নুনছড়ি সড়কের ৪৩০ মিটার চেইনেজে মাইনি নদীর ওপর সেতুটি নির্মাণ করা হবে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি টাকা।
নির্বাহী প্রকৌশলী বলেন, স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার আধা-সরকারি পত্রের (ডিও লেটার) পরিপ্রেক্ষিতে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণের প্রস্তাব করা হয়েছিল। নকশার কাজ শেষ হওয়ার পর আগামী তিন থেকে চার মাসের মধ্যে নির্মাণকাজ শুরু হবে।
মাইনি নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বর্ষা মৌসুমে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয় এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে চরম ভোগান্তি পোহাতে হয় বলে জানান তিনি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, নুনছড়ি এলাকায় সেতু নির্মাণ ছিল স্থানীয়দের দীর্ঘ কয়েক দশকের দাবি। অবশেষে প্রকল্পটি একনেকে অনুমোদন হওয়ায় মানুষের ভোগান্তি লাঘব হবে।
