১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

অ্যানালগ যুগের শিক্ষার্থী থেকে ইনস্টাগ্রাম ও এআই প্রজন্মের শিক্ষক—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে দাঁড়িয়ে এক শিক্ষকের আত্মানুসন্ধান ও নতুন প্রজন্মকে ঘিরে ভাবনা।

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

হীরকজয়ন্তীর মিলনমেলায় পুরোনো ও নতুন প্রজন্মের সংযোগ; পারস্পরিক আস্থা ও সহযোগিতায় তৈরি হোক আগামীর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

রাজীব নন্দী রাজীব নন্দী

Published : 18 Nov 2026, 11:14 PM

Updated : 18 Nov 2026, 11:14 PM

একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু তার শিক্ষার্থী, শিক্ষক, গবেষণা কিংবা অবকাঠামো দিয়ে বিচার করা যায় না। এর সঙ্গে জড়িয়ে থাকে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও যোগাযোগের সংস্কৃতি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অংশের মধ্যে এই সম্পর্ক যত শক্তিশালী হয়, প্রতিষ্ঠানটিও তত এগিয়ে যায়।

‘বালাই ষাট’ কথাটি সাধারণত স্নেহ, শুভকামনা কিংবা দীর্ঘায়ুর প্রত্যাশায় বলা হয়। তবে শিরোনামে নতুন প্রজন্মের প্রসঙ্গে কথাটির ব্যবহার একটু মজার ছলেই। আমরা যারা মধ্যবয়সী, নিজেদের হোয়াটসঅ্যাপ প্রজন্ম ভাবতে ভালোবাসি, তাদের চোখে ইনস্টাগ্রাম প্রজন্মের নাকি ধৈর্য কম, মনোযোগ কম। সব কিছু চাই তাৎক্ষণিক। মেসেজের উত্তর দিতে একটু দেরি হলেই যেন বিপদ! বইয়ের চেয়ে মোবাইলেই তাদের আগ্রহ বেশি। কিন্তু একটু গভীরভাবে দেখলে এই প্রজন্মের অন্য রকম কিছু শক্তিও চোখে পড়ে। তারা দ্রুত শেখে, প্রশ্ন করে, নতুন কিছু চেষ্টা করে এবং পুরোনো ধারণাকে চ্যালেঞ্জ জানায়। শুধু তথ্য জানলেই সন্তুষ্ট নয়, জানতে চায় এর বাস্তব প্রয়োগ কী। তাই তাদের নিয়ে অভিযোগ করার আগে নিজেদেরও একটু প্রশ্ন করা দরকার। আসলেই কি নতুন প্রজন্মের ধৈর্য কম, নাকি সময়ের সঙ্গে ধৈর্য ও মনোযোগের প্রকাশটাই বদলে গেছে?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে দাঁড়িয়ে নিজের জীবনের একটি দীর্ঘ অধ্যায়ও ফিরে দেখতে ইচ্ছে করছে। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্ক কেবল একজন প্রাক্তন শিক্ষার্থীর নয়। শিক্ষক হিসেবেও এখানে কাটিয়েছি জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। তাই বিশ্ববিদ্যালয়টির আনন্দ, পরিবর্তন, সীমাবদ্ধতা কিংবা সম্ভাবনা নিয়ে ভাবতে গেলে নিজের অনেক স্মৃতিও সামনে চলে আসে।

২০০৩-০৪ শিক্ষাবর্ষে ৩৯তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। নতুন পরিবেশ, বন্ধুত্ব আর ক্যাম্পাসের বিশালতা তখন ছিল এক অন্য রকম বিস্ময়। আজও সেই দিনগুলোর স্মৃতি মনে পড়ে। ভাবিনি, এই ক্যাম্পাসই একদিন জীবনের এতটা জুড়ে থাকবে। যে জায়গায় একসময় শিক্ষার্থী হিসেবে নিজের পরিচয় খুঁজেছি, আজ সেখানেই শিক্ষক হিসেবে দাঁড়াই। সময়ের এই পরিবর্তন আমাকে নিজের শিক্ষার্থীজীবনে ফিরিয়ে নেয়। মনে করিয়ে দেয়, নতুন প্রজন্মকে বুঝতে হলে নিজের তারুণ্যের দিনগুলোকেও মনে রাখা জরুরি।

আমাদের শিক্ষার্থীজীবনের যোগাযোগের জগৎ ছিল অনেকটাই অ্যানালগ। তথ্যের জন্য নির্ভর করতে হতো সংবাদপত্র, বই, গ্রন্থাগার ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের ওপর। একটি সংবাদ তৈরিতে মাঠে যাওয়া, মানুষের সঙ্গে কথা বলা, নোট নেওয়া থেকে শুরু করে সম্পাদনা ও প্রকাশ পর্যন্ত ছিল দীর্ঘ প্রক্রিয়া। সময় বদলেছে। এখনকার শিক্ষার্থীদের সেই অভিজ্ঞতার পাশাপাশি যুক্ত হয়েছে স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, সার্চ ইঞ্জিন, অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন জগৎ।

একসময় আমি ছিলাম অ্যানালগ সময়ের শিক্ষার্থী। এখন ডিজিটাল ও অ্যালগরিদমনির্ভর প্রজন্মের শিক্ষক। এই পরিবর্তন আমার কাছে একই সঙ্গে আনন্দের ও চ্যালেঞ্জের। ক্লাসে গিয়ে প্রায়ই বুঝতে পারি, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছ থেকেও শেখার অনেক কিছু আছে। কোনো নতুন অ্যাপ বা ডিজিটাল টুল নিয়ে আলোচনা করতে গিয়ে কখনো দেখি, তারা আমার চেয়েও বেশি জানে। কখনো কোনো শিক্ষার্থী নিজের তৈরি ভিডিও বা ডিজিটাল কনটেন্ট দেখায়। তাদের কাজের ধরন, ভাবনার গতি এবং গল্প বলার নতুন ভাষা আমাকে ভাবায়। তখন মনে হয়, সময় বদলেছে, শেখার পদ্ধতিও বদলেছে। শিক্ষক হিসেবে সেই পরিবর্তনের সঙ্গে পরিচিত থাকা জরুরি।

অবশ্য সব অভিজ্ঞতা এমন ইতিবাচক নয়। কখনো ক্লাসে কোনো শিক্ষার্থী খুব আত্মবিশ্বাসের সঙ্গে একটি তথ্য উপস্থাপন করে। উৎস জানতে চাইলে দেখা যায়, সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা একটি পোস্ট থেকে নেওয়া। তখন তাকে দোষারোপ করার চেয়ে তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করি। কারণ, তথ্যের সহজলভ্যতা আর সঠিক তথ্য চেনার দক্ষতা এক বিষয় নয়। প্রযুক্তি ব্যবহার করতে জানা আর দায়িত্বশীল সাংবাদিকতা করাও এক নয়। এই পার্থক্য বোঝানো এখনকার শিক্ষকতার বড় দায়িত্ব।

ক্লাসরুমে শিক্ষার্থীদের শেখানোর পাশাপাশি তাদের কাছ থেকেও শেখার সুযোগ হয়। তাদের প্রশ্ন, ভাবনা ও কাজ আমাকে নতুন করে ভাবতে শেখায়। এই পারস্পরিক শেখার আনন্দ থেকেই মাল্টিমিডিয়া সাংবাদিকতা কোর্সে হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছি। পেশাদার সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের সহযোগিতায় দেড় শতাধিক শিক্ষার্থীকে মোবাইল সাংবাদিকতার প্রশিক্ষণ ও বাস্তব কাজের অভিজ্ঞতা দেওয়ার সুযোগ হয়েছে। শিক্ষার্থীদের দ্বিধা কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিবেদন তৈরি করতে দেখা শিক্ষক হিসেবে আমার বড় প্রাপ্তি। এই অভিজ্ঞতা বুঝিয়েছে, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সংযোগ কতটা জরুরি। একই সঙ্গে শিক্ষককেও সময়ের সঙ্গে শিখতে ও নিজেকে নবায়ন করতে হয়। আর এই শেখার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন। যোগাযোগ শুধু তথ্য প্রকাশ নয়, বরং মতামত শোনা, সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া, ভুল বোঝাবুঝি কমানো এবং পারস্পরিক আস্থা তৈরির প্রক্রিয়া।

হীরকজয়ন্তী শিখিয়ে দিল— বিশ্ববিদ্যালয়ের একটি সমন্বিত যোগাযোগ কৌশল থাকা জরুরি। ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও তথ্যসমৃদ্ধ, হালনাগাদ ও ব্যবহারবান্ধব করতে হবে। প্রশাসনিক সিদ্ধান্ত, গবেষণার সাফল্য, শিক্ষার্থীদের অর্জন এবং আন্তর্জাতিক সহযোগিতার তথ্য সহজে পাওয়ার ব্যবস্থা করতে হবে। সংকটের সময় দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য দেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে। গুজব বা ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে নিয়মিত ও তথ্যনির্ভর যোগাযোগের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।

আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন। দেশে-বিদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী ছড়িয়ে আছেন। তাদের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজে লাগানো সম্ভব। বিভাগভিত্তিক অ্যালামনাই নেটওয়ার্ক, মেন্টরশিপ, পেশাগত সংলাপ এবং যৌথ গবেষণার উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে বর্তমান শিক্ষার্থীরা অভিজ্ঞদের কাছ থেকে শিখবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কর্মজগতের সম্পর্কও দৃঢ় হবে।

তবে পরিবর্তনের কথা বলতে গেলে নিজেদের সীমাবদ্ধতার কথাও স্বীকার করতে হবে। একজন শিক্ষক হিসেবে মনে করি, আমরা অনেক সময় শিক্ষার্থীদের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারি না। পুরোনো পাঠ্যক্রম, উদাহরণ ও পদ্ধতি দিয়ে নতুন প্রজন্মকে শেখানোর চেষ্টা করি। শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী নয় বলে অভিযোগ করি। কিন্তু আমাদের পাঠদান কতটা আকর্ষণীয় ও সময়োপযোগী, সেই প্রশ্নও করা দরকার। বিশ্ববিদ্যালয়কে বদলাতে চাইলে আগে নিজেদের বদলানোর মানসিকতা তৈরি করতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে এখন বড় সুযোগ। ষাট বছরের অভিজ্ঞতা, সমৃদ্ধ বিভাগ ও অনুষদ, বিস্তৃত প্রাক্তন শিক্ষার্থী নেটওয়ার্ক এবং নতুন প্রজন্মের উদ্যমকে এক জায়গায় আনতে পারলে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যেতে পারে। যোগাযোগ, সাংবাদিকতা, ডিজিটাল মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য যাচাই ও মিডিয়া লিটারেসির মতো ক্ষেত্রে নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে সমাজ ও কর্মজগতের সঙ্গে যুক্ত করতে হবে।

হীরকজয়ন্তী তাই আমার কাছে শুধু অতীতের অর্জন স্মরণ করার উপলক্ষ নয়। এটি নিজের জীবন ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কটিকে নতুন করে দেখারও সময়। যে ক্যাম্পাসে একসময় নতুন পৃথিবী আবিষ্কারের স্বপ্ন নিয়ে এসেছিলাম, সেই ক্যাম্পাসেই আজ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে কাজ করছি। সময়ের ব্যবধানে আমার ভূমিকা বদলেছে। কিন্তু শেখার আগ্রহটি একই আছে। হয়তো এই আগ্রহই শিক্ষকতা ও বিশ্ববিদ্যালয়জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

‘বালাই ষাট’ কথাটির মধ্যে তাই আমি কোনো বিরক্তি দেখি না। বরং দেখি নতুন প্রজন্মের প্রতি একধরনের শুভকামনা। তাদের প্রশ্ন করার সাহস থাকুক। নতুন কিছু শেখার আগ্রহ থাকুক। পুরোনো প্রজন্মও তাদের কাছ থেকে শিখতে প্রস্তুত থাকুক। বিশ্ববিদ্যালয় হোক এই দুই প্রজন্মের মিলনস্থল। যেখানে অভিজ্ঞতা নতুনত্বকে পথ দেখাবে, আবার নতুনত্বও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ষাট বছরের যাত্রা আমাদের অনেক কিছু দিয়েছে। আগামী দিনের পথচলায় প্রয়োজন কার্যকর যোগাযোগ, পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়ার সাহস। বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ শুধু অতীতের গৌরব দিয়ে তৈরি হয় না। তৈরি হয় বর্তমানকে বোঝা এবং নতুন প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগানোর মধ্য দিয়ে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী হোক নতুন চিন্তা, নতুন উদ্যোগ ও নতুন সংযোগের সূচনা। এই বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান বিতরণের প্রতিষ্ঠান হয়ে থাকবে না। হয়ে উঠবে জ্ঞান সৃষ্টি, সহযোগিতা ও সম্ভাবনা তৈরির প্রাণবন্ত কেন্দ্র।

শুভ হোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী। বালাই ষাট, নতুন প্রজন্ম!

রাজীব নন্দী: সহযোগী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ইমেইল: rajibnandy@cu.ac.bd

মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।