১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সর্বোচ্চ ৭টি প্রকল্প অনুমোদন পেয়েছে।

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

ছবি: পিএমও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 05:04 PM

Updated : 18 Nov 2026, 05:04 PM

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন করেছে; যেখানে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি ৭টি প্রকল্প অনুমোদন পেয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়েরও ৪টি প্রকল্প রয়েছে তালিকায়।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভা কক্ষে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

সংবাদ সম্মেলনে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৭টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো হল- উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ। জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধন, ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

এ ছাড়া পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প অনুমোদন পেয়েছে বলে জানান জেনায়েদ সাকি। এগুলোর মধ্যে রয়েছে- দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি। জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ। সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বরিশালের বাবুগঞ্জ এবং উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা এবং মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পের প্রথম পর্যায়।

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পও অনুমোদন পেয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিমান বাহিনীর ঢাকা এলাকায় কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পও অনুমোদিত হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অনুমোদিত দুটি প্রকল্পের মধ্যে রয়েছে- জয়পুরহাট সড়ক বিভাগের ৩টি জেলার মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প। দ্বিতীয় প্রকল্পে সার্ভিস লেন নির্মাণও অন্তর্ভুক্ত রয়েছে।

৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৪ প্রকল্প সম্পর্কে সভায় অবহিতকরণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, “ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৪টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- কুমিল্লার মুরাদনগর উপজেলায় আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের দ্বিতীয় সংশোধন, জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্প।”

এ ছাড়া টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধি, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সক্ষমতা জোরদার এবং মিরকাদিম গরু সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা প্রকল্পও এ তালিকায় রয়েছে বলে তথ্য দেন তিনি।

রাজশাহী বিভাগের জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন, দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলজ বাস্তুতন্ত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরনো কংক্রিট ও বেইলি সেতুর স্থলে নতুন কংক্রিট সেতু নির্মাণ প্রকল্পও এ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। দুর্গম ও প্রত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ প্রকল্প সম্পর্কেও সভায় অবহিত করা হয়েছে।