ইতিহাস থেকে শিক্ষা নিয়ে চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রকে একযোগে কাজের আহ্বান শি’র
চীনের শেনঝেনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে বিশ্বশান্তি ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন তারা।
বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে ‘ইতিহাস থেকে শিক্ষা নিয়ে’ একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার চীনের শেনঝেনে অ্যাপেক সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বিবিসি লিখেছে, তিন দেশের শীর্ষ নেতাদের প্রথম এই ত্রিপক্ষীয় বৈঠককে ‘ইতিহাস গড়ার’ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। বৈঠকে পারমাণবিক অস্ত্র হ্রাস, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইউক্রেইন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে।
অন্যদিকে, গঠনমূলক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতা জোরদারের কথা বলেছেন পুতিন।
বৈঠক শুরুর আগে ট্রাম্প, শি ও পুতিন মঞ্চে একসঙ্গে দাঁড়ান। তাদের পেছনে নীল পটভূমিতে চীনা, রুশ ও ইংরেজি ভাষায় ‘চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্র শেনঝেন শীর্ষ সম্মেলন’ লেখা ছিল।
নেতাদের দুই পাশেই তিন দেশের এক সেট করে পতাকা সাজানো ছিল। মাঝে দাঁড়ান শি জিনপিং, তার বাঁয়ে ছিলেন ট্রাম্প এবং ডানে পুতিন। এক মিনিট পর তারা মূল বৈঠক কক্ষে প্রবেশ করেন।
রয়টার্স জানায়, বৈঠকে শি জিনপিং বলেন, “আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। প্রতিকূলতাই প্রকৃত দায়িত্ববোধকে সামনে নিয়ে আসে।”
বর্তমান বিশ্ব আর ‘বিচ্ছিন্ন দ্বীপের সমষ্টি নয়’ উল্লেখ করে চীনা প্রেসিডেন্ট বলেন, মানবজাতি এখন একটি একক ‘বৈশ্বিক গ্রামে’ বাস করছে, যেখানে সবার ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত। এই বৈশ্বিক গ্রামে বড় শক্তিগুলোর ‘বিশেষ দায়িত্ব’ রয়েছে।
শি বলেন, চীন সাম্প্রতিক বছরগুলোতে বড় শক্তিগুলোর মধ্যে এমন এক সম্পর্কের চর্চা করছে, যার মূল ভিত্তি হলো ‘শান্তিপূর্ণ সহাবস্থান, সামগ্রিক স্থিতিশীলতা এবং ভারসাম্যপূর্ণ উন্নয়ন’। এটি সংশ্লিষ্ট পক্ষগুলোর পাশাপাশি পুরো বিশ্বের জন্যই কল্যাণকর।
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এর মাধ্যমে বিশ্বের বাকি দেশগুলোর সামনে ‘দৃষ্টান্ত স্থাপনের’ কথা বলেন শি।
অন্য দুই নেতাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার আগে শি বলেন, “বড় শক্তিগুলোর মধ্যে ইতিবাচক যোগাযোগ কোনও পছন্দের বিষয় নয়, বরং এটি একটি বাধ্যতামূলক প্রয়োজন।”
চীনের উদাহরণ টেনে তিনি জানান, বেইজিং নতুন যুগের জন্য রাশিয়ার সঙ্গে সমন্বিত কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নিয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করছে।
‘ইতিহাস সৃষ্টি হচ্ছে’ ট্রাম্প, নজর পারমাণবিক অস্ত্রে
উষ্ণ অভ্যর্থনার জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে ডনাল্ড ট্রাম্প বলেন, আবারও চীনে ফিরতে পারা তার জন্য ‘সম্মানের’। সফল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের জন্যও চীনা নেতাকে অভিনন্দন জানান তিনি।
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে প্রথমবারের মতো এই ত্রিপক্ষীয় বৈঠকের সুযোগ তৈরি হওয়ায় ট্রাম্প ‘আনন্দিত’। তিনি বলেন, তারা ‘সত্যিই ইতিহাস গড়ছেন’।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার, পুতিন ও শিয়ের মধ্যে ‘আলোচনার অনেক বিষয় রয়েছে’ এবং তারা ‘এরই মধ্যে অনেক কথা বলেছেন’। বিশ্বের বৃহত্তম তিনটি দেশের প্রেসিডেন্ট হিসেবে গঠনমূলক সংলাপ বজায় রাখা তাদের ‘বিশেষ দায়িত্ব’ বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্প বলেন, “অতীতে নেতারা প্রায়ই মতবিরোধ থাকা দেশগুলোর সঙ্গে কথা বলা এড়িয়ে চলতেন। আমরা ঠিক এর উল্টোটা মনে করি।” তার ভাষায়, “সম্পৃক্ততা ও সংলাপের সুযোগ প্রত্যাখ্যান করে কখনও কোনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি।”
তিন দেশের পারমাণবিক সক্ষমতার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কীভাবে কমানো যায়, তা নিয়ে আলোচনার জন্য তারা ‘অনন্য অবস্থানে’ রয়েছেন।
বিশ্বের অন্য দেশগুলোতে পারমাণবিক অস্ত্র ছড়িয়ে পড়ার হুমকি মোকাবিলায় তিন দেশের সহযোগিতা ‘অত্যন্ত জরুরি’ বলে মন্তব্য করেন তিনি। ইরানের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “ইরানে আমরা ঠিক সেটিই করছি। আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না।”
ইউক্রেইন প্রসঙ্গ ও পুতিনের প্রতি উষ্ণতা
ইউক্রেইন ও ইউরোপীয় দেশগুলো আশা করেছিল, তাদের অনুপস্থিতিতে এই ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেইনে রুশ আগ্রাসনের বিষয়টি আলোচিত হবে না। তবে ট্রাম্প নিশ্চিত করেছেন, বৈঠকে বিষয়টি অবশ্যই উঠবে।
ট্রাম্প জানান, ইউক্রেইন সংঘাত নিয়ে পুতিনের সঙ্গে তার ইতোমধ্যেই ‘দীর্ঘ আলোচনা’ হয়েছে। তিনি বলেন, তার ধারণা পুতিন “এবং আশা করি অন্য পক্ষও এই যুদ্ধের অবসান চায়”।
বিবিসি বলছে, ট্রাম্প সংঘাতটিকে ‘রাশিয়া ও ইউক্রেইনের মধ্যকার যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন, যা আগ্রাসী শক্তি হিসেবে মস্কোর ভূমিকাকে আড়াল করে। মূলত ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালে এই যুদ্ধ শুরু হয়নি বলেই তিনি পুতিনকে বারবার ছাড় দিচ্ছেন। ট্রাম্পের দাবি, জো বাইডেনের বদলে তিনি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতো না।
একটি পরাশক্তির এই বড় বৈশ্বিক মঞ্চে পুতিনকে জায়গা করে দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে রুশ নেতার ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। পুতিনকে আন্তরিকভাবে ‘ভ্লাদিমির’ ও ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার শারীরিক ভাষাতেও ছিল উষ্ণতার ছাপ।
ওদিকে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৈঠকে ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র গঠনমূলকভাবে সহযোগিতা করলে বৈশ্বিক স্থিতিশীলতা জোরদার হতে পারে। বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিয়ে শি জিনপিং ও ডনাল্ড ট্রাম্পের আলোচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তাসের প্রতিবেদনে বলা হয়, পুতিন মনে করেন, এই তিন দেশ কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী দেশ হিসেবেই নয়, আন্তর্জাতিক শান্তি বজায় রাখার দায়িত্ববোধ থেকেও ঐক্যবদ্ধ। জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আন্তর্জাতিক আইনব্যবস্থা শক্তিশালী করার দায়িত্বও রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের ওপর বর্তায়।
ইউক্রেইনসহ আঞ্চলিক সংঘাত নিরসনে তিন দেশের অনেক অভিন্ন স্বার্থ রয়েছে বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ট্রাম্পের উদ্যোগে ইউক্রেইন সংঘাতের বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে এবং এটি সমাধানে সব দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে।
বৈঠক শেষে তিন দেশ শান্তির পক্ষে একটি যৌথ ঘোষণা দিয়েছে, তাতে বলা হয়েছে “পারমাণবিক যুদ্ধে কখনও জয়ী হওয়া যায় না এবং তা কখনও করা উচিত নয়।”
