১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

একদিকে উচ্চ আমদানি শুল্ক, অন্যদিকে বৈশ্বিক মেমোরি চিপসেট সংকট ও মূল্যস্ফীতি—এই পরিস্থিতিতে ২০২৭ সালের জানুয়ারিতে এনইআইআর কার্যকরের আগে শুল্ক কাঠামো পুনর্বিবেচনা কেন জরুরি?

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

উচ্চ শুল্ক ও চিপসেট সংকটের কারণে স্মার্টফোনের দাম বাড়ায় বৈধ বাজারে ক্রেতাদের ক্রয়ক্ষমতা সংকুচিত হচ্ছে। ফাইল ছবি

মো. মাহমুদুল হাসান মো. মাহমুদুল হাসান

Published : 17 Nov 2026, 05:03 PM

Updated : 17 Nov 2026, 05:03 PM

সরকার ২০২৭ সালের জানুয়ারি থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর চালু করতে যাচ্ছে। উদ্দেশ্যগুলো সুস্পষ্ট—অবৈধ পথে আমদানি করা মোবাইল ফোন বন্ধ করা, ডুপ্লিকেট আইএমইআই শনাক্ত করা, মোবাইল ফোনের মাধ্যমে সংঘটিত অপরাধে জড়িত ব্যক্তিদের ট্র্যাক করা এবং রাজস্ব বাড়ানোর পাশাপাশি বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা। উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এ ক্ষেত্রে একটি মৌলিক প্রশ্ন থেকে যায়। যে নীতিগত পরিবেশে এনইআইআর চালু হতে যাচ্ছে, সেটি কি এই উদ্দেশ্যগুলো পূরণের জন্য আদৌ অনুকূল?

এনইআইআরের মূল যুক্তিটি বেশ সহজ। অনিবন্ধিত ফোন মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না, ফলে অবৈধ পথে আনা ফোনের চাহিদা এমনিতেই কমে আসবে। এই যুক্তি কাগজে-কলমে নিখুঁত। কিন্তু বাস্তবে এটি তখনই কার্যকর হবে, যখন বৈধ বাজারে ক্রেতার নাগালের মধ্যে সাশ্রয়ী বিকল্প থাকবে। অর্থাৎ, এনইআইআর একটি নিয়ন্ত্রণমূলক উপায় হিসেবে কাজ করতে পারে; কিন্তু বাজারে সাশ্রয়ী বৈধ বিকল্প না থাকলে এই উপায় ক্রেতাকে বৈধ পথে আনতে পারবে না। বর্তমান শুল্ক কাঠামোয় সেই বিকল্প নেই এবং এনইআইআর বাস্তবায়নের আগে শুল্ক সংস্কার করা না হলে এটা করা সম্ভবও হবে না।

বাংলাদেশে বর্তমানে একটি স্মার্টফোন আমদানিতে মোট করভার ৬৪.২৫ শতাংশ। এর মধ্যে আমদানি শুল্ক ২৫ শতাংশ, রেগুলেটরি ডিউটি ৫ শতাংশ, ভ্যাট ১৫ শতাংশ, অগ্রিম কর সাড়ে ৭ শতাংশ এবং অগ্রিম আয়কর ৫ শতাংশ। সহজ ভাষায় বললে, এক লাখ টাকার একটি স্মার্টফোনে শুধু শুল্ক ও করের বোঝাই ৬৪ হাজার টাকার বেশি। এই করভার যে কেবল ফোনের দাম বাড়াচ্ছে তা নয়; এটি বৈধ বাজার ও অনানুষ্ঠানিক বাজারের (গ্রে মার্কেট) মধ্যে ফোনের মূল্যে বড় ব্যবধান তৈরি করছে। আর এটাই ক্রেতাদের অবৈধ পথে স্মার্টফোন কেনাকে উৎসাহিত করার পেছনে প্রধানতম কারণ হিসেবে কাজ করছে। এই একই করভার বহাল রেখে বৈধ বাজারে ফোন কেনা সাধারণ মানুষের জন্য ক্রমশ কঠিন হয়ে পড়ছে।

এই চাপের সঙ্গে এখন যুক্ত হয়েছে বৈশ্বিক মেমোরি চিপসেট সংকট। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ক্রমবর্ধমান চাহিদার কারণে গত ১৮ মাসে মেমোরি চিপসেটের দাম প্রায় কয়েকশ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানা গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। বিভিন্ন সেগমেন্টের স্মার্টফোনের দাম ইতিমধ্যে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত, ক্ষেত্রবিশেষে তারও বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী দুই থেকে তিন বছরে এই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির তেমন কোনো সম্ভাবনা নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে পৌঁছাতে পারে। মানুষের আয় সেই হারে না বাড়লে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি খরচের চাপে স্মার্টফোন কেনার সামর্থ্য আরও সংকুচিত হবে।

এই দ্বিমুখী বাস্তবতার মধ্যে যদি বিদ্যমান শুল্ক কাঠামো অপরিবর্তিত রেখে এনইআইআর বাস্তবায়ন করা হয়, তাহলে পরিণতি কী দাঁড়াতে পারে আসলে! বলা চলে, অফিশিয়াল বাজারে ফোনের দাম আরও বাড়বে। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির একটি বড় অংশ বৈধ চ্যানেলে ফোন কেনার সামর্থ্য হারাবেন। ক্রেতারা তখন তিনটি পথের যেকোনো একটি বেছে নেবেন—নতুন স্মার্টফোন কেনার সিদ্ধান্ত পিছিয়ে দেবেন, কম দামের ফিচার ফোনে ফিরে যাবেন, অথবা অনানুষ্ঠানিক বাজারের দিকে ঝুঁকবেন। তিনটি পথের কোনোটিই সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এনইআইআর যে অনানুষ্ঠানিক বাজার ঠেকাতে চাইছে, উচ্চ শুল্কহার বহাল থাকলে সেই বাজার আরও শক্তিশালী হয়ে উঠবে।

এনইআইআরের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যটিও একই কারণে হুমকিতে পড়বে। অনানুষ্ঠানিক বাজার থেকে সরকারের বার্ষিক রাজস্ব ক্ষতি ২০২৫ সালে ছিল ৩ হাজার ৭৯১ কোটি টাকা, যা ২০২৬ সালে বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪২৫ কোটি টাকা। মাত্র এক বছরে এই ক্ষতি প্রায় দ্বিগুণ হয়েছে। এনইআইআর বাস্তবায়নের উদ্দেশ্য এই ক্ষতি কমানো। কিন্তু ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে থাকলে ক্রেতারা বৈধ বাজারে আসবেন না, ফলে রাজস্বও বাড়বে না। বাজার শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যও একইভাবে ব্যর্থ হবে, কারণ শৃঙ্খলা তখনই প্রতিষ্ঠা পায় যখন বৈধ পথটি সহজলভ্য ও সাশ্রয়ী হয়।

এনইআইআরের তৃতীয় উদ্দেশ্য, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন। এনইআইআর বাস্তবায়নের উদ্দেশ্যগুলোর মধ্যে এটিই সবচেয়ে টেকসই, কারণ এটি সরাসরি দামের সঙ্গে সম্পর্কিত নয়। ডুপ্লিকেট আইএমইআই শনাক্ত করা এবং চোরাই ফোন ট্র্যাক করার সক্ষমতা অর্জন সরকারের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু এই একটি উদ্দেশ্য পূরণ করে পূর্ণাঙ্গভাবে নীতি বাস্তবায়ন করা সম্ভব নয়। একটি সিস্টেম তখনই কার্যকর বলে বিবেচিত হয়, যখন সে তার সব লক্ষ্য পূরণ করতে পারে। বাকি দুটি লক্ষ্য—রাজস্ব বৃদ্ধি ও বাজার শৃঙ্খলা—শুল্ক সংস্কার ছাড়া অর্জন সম্ভব নয়।

এনইআইআর একটি জরুরি ও সময়োপযোগী উদ্যোগ। কিন্তু এটিকে সফল করতে হলে কেবল প্রযুক্তিগত বাস্তবায়ন যথেষ্ট নয়, দরকার নীতিগত সংগতি। আমদানি শুল্ক কমিয়ে বৈধ বাজারকে প্রতিযোগিতামূলক করা না হলে এনইআইআর তার নিজের লক্ষ্যের বিরুদ্ধেই কাজ করবে। রাজস্ব বাড়ানো, বাজারে শৃঙ্খলা আনা এবং অবৈধ ফোন ঠেকানো—এই তিনটি লক্ষ্যই পূরণ হবে কেবল তখন, যখন অফিশিয়াল বাজারে ফোনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে। তাই এনইআইআর বাস্তবায়নের আগে স্মার্টফোন আমদানির শুল্ক কাঠামো পুনর্বিবেচনা করা এখন আর কোনো বিকল্প হিসেবে হাজির নেই, এটি এখন অপরিহার্য।

মো. মাহমুদুল হাসান: আর্থিক খাতের পেশাজীবী।

মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।