পুরনো ফোন কেনার আগে যেভাবে যাচাই করবেন আইএমইআই নম্বর
এ নম্বর থেকে ফোনের ইতিহাস ও কোন কোন নেটওয়ার্কে এটা যুক্ত হতে পারবে সেসব তথ্য জানা যায়।
প্রযুক্তিপণ্যের আকাশছোঁয়া দামের প্রভাব পড়েছে স্মার্টফোনের বাজারেও। অনেকের কাছেই এখন ব্যবহৃত বা পুরনো ফোনের বাজার প্রয়োজনীয় এক স্বস্তির জায়গা হয়ে উঠেছে।
তবে রিফার্বিশড বা ব্যবহৃত ফোন কেনার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি, বিশেষ করে প্রতারণার ফাঁদ বা সংকেতগুলোর দিকে নজর রাখতে হবে।
এক্ষেত্রে প্রতিটি মোবাইল ফোনে থাকা বিশেষ নম্বর সাহায্য করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
ইবে, ফেইসবুক মার্কেটপ্লেস বা কোনো দোকান থেকে ব্যবহৃত ফোন কেনার আগে বেশ কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
সেকেন্ডহ্যান্ড ফোনটি ভালোভাবে ক্লিন করার পাশাপাশি এতে দৃশ্যমান কোনো ত্রুটি নেই তা নিশ্চিত করতে হবে। বিক্রেতার কাছ থেকে ডিভাইসটির অবস্থা ও ইতিহাস সম্পর্কে জানার সময় ফোনটির আইএমইআই নম্বরটিও চেয়ে নেওয়া উচিত।
এ নম্বর থেকে ফোনটির পেছনের কোনো সন্দেহজনক ইতিহাস আছে কি না বা এটা কোন কোন নেটওয়ার্কে যুক্ত হতে পারবে, সেসব তথ্য জানা যায়।
আইএমইআই নম্বর কী ও যেভাবে খুঁজে পাবেন
প্রতিটি মোবাইলের সঙ্গে ১৫ অংকের একটি স্বতন্ত্র নম্বর যুক্ত থাকে, যা ‘ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি’ বা আইএমইআই নম্বর নামে পরিচিত। মনে রাখা দরকার, যে সব ফোনে একাধিক ফিজিকাল সিম ব্যবহার করা যায়, সেগুলোতে সিমকার্ড প্রতি একটি করে এই নম্বর থাকবে।
নেটওয়ার্ক সেবাদাতা কোম্পানির কাছে ফোনটি নিবন্ধনের জন্য এই নম্বর ব্যবহৃত হয় এবং পরবর্তীতে ওই কোম্পানি ফোনটি শনাক্ত করতেও এটা ব্যবহার করে।
ফোন হারিয়ে গেলে বা চুরি হলে নেটওয়ার্ক সেবাদাতা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আইএমইআই নম্বরের মাধ্যমে ফোনটি ব্ল্যাকলিস্ট করতে পারেন।
ব্যবহারকারী যদি ফোনের আইএমইআই নম্বরটি খুঁজে পেতে চান তবে ডিভাইসটির প্যাকেজিং বা বক্সে, যে কোনো কাগজের বা ডিজিটাল রসিদে ও নেটওয়ার্ক প্রোভাইডার অ্যাকাউন্টে এটা পাবেন।
এ ছাড়া, ফোনের সেটিংসেও নম্বরটি দেখা যায়। তবে যে কোনো ফোনের কিপ্যাডে *#06# ডায়াল করলেই এর স্বতন্ত্র আইএমইআই কোডটি স্ক্রিনে ভেসে উঠবে।
সব চেষ্টা ব্যর্থ হলে নম্বরটি জানতে নিজের নেটওয়ার্ক সেবাদাতা কোম্পানির সহায়তা দলের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
বিক্রেতার কাছ থেকে কেন ফোনের আইএমইআই নম্বর চাইবেন?
নতুন বা ব্যবহৃত কোনো ফোন কেনার পরিকল্পনা করলে বিক্রেতার উচিত ডিভাইসটির আইএমইআই কোড সরবরাহ করা এবং অবশ্যই ব্যবহারকারীরও এই কোডটি চেয়ে নেওয়া উচিত।
ফোন চুরি হওয়া কি না বা নির্দিষ্ট কোনো সেলুলার নেটওয়ার্কের সঙ্গে এটা কাজ করবে কি না তা নিশ্চিত হতে আইএমইআই নম্বরটি ব্যবহারকারীকে সাহায্য করবে।
অনলাইনে প্রযুক্তিপণ্য কেনার সময় যেসব বিক্রেতা আইএমইআই নম্বর দিতে অস্বীকৃতি জানান, তাদের বিষয়ে সতর্ক থাকুন। কারণ তারা সম্ভবত চোরাই পণ্য বিক্রি করার চেষ্টা করছেন।
কেবল আইএমইআই নম্বর দিয়ে কোনো ফোন হ্যাক বা ট্র্যাক করা সম্ভব নয়।
তবে বিক্রেতাদের উচিত কেবল প্রকৃত ক্রেতাদের সঙ্গেই ব্যক্তিগত মেসেজিংয়ের মাধ্যমে নম্বরটি শেয়ার করা ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্রেতাদেরও সেই আলাপের স্ক্রিনশট সংরক্ষণ করা উচিত।
নম্বরটি হাতে পাওয়ার পর এর বৈধতা ও ফোনটি চুরি বা হারিয়ে যাওয়ার কোনো অভিযোগ নথিভুক্ত আছে কি না তা যাচাই করে নেওয়া উচিত।
আইএমইআই নম্বর যাচাইয়ের জন্য ইন্টারনেটে অসংখ্য ওয়েবসাইট রয়েছে, যার মধ্যে অনেকগুলো নম্বর পরীক্ষার বিনিময়ে সামান্য ফি নেয়।
বেশ কিছু সাইট বিনামূল্যে এই সেবা দেয়। তবে যে সাইটটিই ব্যবহার করুন না কেন ফিশিং প্রতারণার ফাঁদে পড়া এড়াতে আগে সেটা সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে নিন।
