সংশোধিত ভ্যাট আইনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত সায়, রোজায় মাল্টা-আপেলে কর ছাড়
সংশোধিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ জারি করা হয় গত অক্টোবরে।
মাসে মাসে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বিবরণী দাখিলের যে বিধান বাজেটে তুলে নেওয়া হয়েছিল তা ফেরাতে জারি করা সংশোধিত অধ্যাদেশটি আইনে রূপান্তর হতে যাচ্ছে।
রোববার মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া রমজান উপলক্ষ্যে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত হয়েছে।
সচিবালয়ে এ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সংশোধিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ জারি করা হয় গত অক্টোবরে। সেটি এখন আইনে পরিণত করা হচ্ছে।
আগের আইনে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে ভ্যাট রিটার্ন দাখিলে ১৫ দিন সময় থাকত।
সংশোধিত অধ্যাদেশে সেই বিধান পরিবর্তন করে প্রত্যেক কর মেয়াদ বা প্রতি মাস শেষে পরবর্তী ১৫ দিনের মধ্যে ভ্যাট দাখিল করার বিধান করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জারি করা অধ্যাদেশটি সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যাচাই সাপেক্ষে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
এছাড়া পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া আগামী ২৪ জানুয়ারি হতে ২৩ ফেব্রুয়ারি মেয়াদে এইচএস কোড ০৮০৫১০৯০ এর অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০ এর আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১.৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভা বৈঠকে।
