১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

অতীত অভিজ্ঞতা বলে, জলবায়ু তহবিলের অর্থ প্রায়ই বড় বড় অবকাঠামো প্রকল্পে ব্যয় হয়, যেখানে প্রান্তিক মানুষের প্রকৃত চাহিদা ও মতামত বরাবরই উপেক্ষিত থাকে।

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

বৈশ্বিক কার্বন নিঃসরণে যাদের দায় শূন্যের কোঠায়, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ওই প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর জীবন, জীবিকা ও সংস্কৃতি আজ সবচেয়ে বড় অস্তিত্ব সংকটে। ছবি: উসিথোয়াই মারমা

খোকন সুইটেন মুর্মু খোকন সুইটেন মুর্মু

Published : 18 Nov 2026, 08:18 AM

Updated : 18 Nov 2026, 08:18 AM

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বিশ্বনেতাদের প্রতিশ্রুতি আর প্রান্তিক মানুষের বাস্তবতার মধ্যে ফারাকটা বরাবরই স্পষ্ট। গত ৯ নভেম্বর ভূমধ্যসাগরের তীরে তুরস্কের মনোরম শহর আন্তালিয়ায় শুরু হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর দিকে তাকালে ওই বৈপরীত্য আবারও চোখে পড়ে। বৈশ্বিক এই আসরে বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক ও বিজ্ঞানীরা যখন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা, কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু অর্থায়নের জটিল সমীকরণ মেলাচ্ছেন, ঠিক ওই মুহূর্তে হাজার মাইল দূরের বাংলাদেশের পাহাড়, সমতল ও উপকূলীয় অঞ্চলের আদিবাসী জনপদগুলো লড়ছে এক নীরব অস্তিত্ব সংকটের সঙ্গে।

বৈশ্বিক কার্বন নিঃসরণে সারা বছরে বাংলাদেশের দায় মাত্র ০.৩০ শতাংশ (আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা, ২০২৫)। অথচ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম (জার্মানওয়াচ, ২০২৬)। অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির এই বৈষম্যমূলক বাস্তবতায় বাংলাদেশ লঘু পাপে গুরুদণ্ড ভোগ করছে। আর দেশের ভেতরে এই সংকটের সবচেয়ে নির্মম শিকার হচ্ছে পাহাড় ও সমতলের প্রান্তিক আদিবাসী মানুষেরা। পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো কিংবা সমতলের সাঁওতাল, ওরাঁও, গারো ও রাখাইনের মতো আদিবাসী জনগোষ্ঠীগুলোর সঙ্গে প্রকৃতির সম্পর্ক অত্যন্ত নিবিড়। কিন্তু জলবায়ুর বৈরী আচরণে আজ তাদের জীবন, জীবিকা ও সংস্কৃতি খাদের কিনারে এসে দাঁড়িয়েছে।

অন্যদিকে, আদিবাসী ও সংখ্যায় কম হওয়ার সুযোগ নিয়ে ভূমি মাফিয়ারা সহজেই তাদের ওপর চড়াও হচ্ছে। ভূমিখোররা অব্যাহতভাবে আদিবাসীদের পৈতৃক ভিটেমাটি ও চাষের জমি জবরদখল করে চলেছে। এতে তারা কেবল প্রান্তিকই হচ্ছেন না, হয়ে পড়ছেন পুরোপুরি নিঃস্ব ও অসহায়।

১৯৭৭ থেকে ২০০৭ এই ৩০ বছরে সমতলের ১০টি আদিবাসী জাতিগোষ্ঠী (মাহাতো, গারো, রাখাইন, খাসি, হাজং, ডালু, ওরাঁও, পাহান বা মুন্ডা, সাঁওতাল ও পাত্র) মোট ৬ লক্ষ ৭ হাজার বিঘা ভূমি হারিয়েছে, যার অধিকাংশই ঘটেছে জোরপূর্বক উচ্ছেদের মাধ্যমে। এর বর্তমান বাজারমূল্য আনুমানিক ৯ হাজার ৪৩ কোটি টাকা (বারকাত, আবুল, ‘বাংলাদেশ কৃষি-ভূমি-জলা সংস্কারের রাজনৈতিক অর্থনীতি’ ২০১৬)। একদিকে ভূমি হারিয়ে নিঃস্ব হওয়া, অন্যদিকে জলবায়ুর কোপানলে প্রকৃতি ও প্রাণবৈচিত্র্যের বিরূপ পরিবর্তন আদিবাসী জীবন ও জীবিকায় ডেকে এনেছে মারাত্মক বিপর্যয়। কারণ আদিবাসীরা প্রকৃতি থেকেই তাদের খাদ্যশস্য, ভেষজ ঔষধ, প্রাণিজ আমিষ ও বেঁচে থাকার যাবতীয় উপকরণ সংগ্রহ করে থাকেন।

আদিবাসী জনগোষ্ঠী মূলত প্রকৃতিনির্ভর। তাদের জীবনচক্র, কৃষিব্যবস্থা এবং সামাজিক উৎসব আবর্তিত হয় ঋতুচক্র ও প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে। উদাহরণস্বরূপ, সাঁওতালরা ফাল্গুনে বাহা-পরব সম্পন্ন না করে কখনো বন থেকে খাদ্যশস্য আহরণ করেন না। কারণ তারা বিশ্বাস করেন, প্রজননকালীন বন থেকে খাবার সংগ্রহ করা প্রকৃতিবিরুদ্ধ।

তবে, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের ফলে ঋতুবৈচিত্র্য অনেকটাই ভেঙে পড়েছে। পার্বত্য অঞ্চলে একদিকে তীব্র খরা ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিচ্ছে ভয়াবহ পানির সংকট। অন্যদিকে অতিবৃষ্টি ও আকস্মিক পাহাড়ধসে বিলীন হচ্ছে জুমখেত ও বসতভিটা। প্রাকৃতিক ঝিরি ও ছড়ার মুখগুলো শুকিয়ে যাওয়ায় পাহাড়ি নারীরা মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। এর ওপর অসাধু কিছু ব্যবসায়ী অবৈধভাবে ঝিরি থেকে পাথর উত্তোলন করেই যাচ্ছে। ফলে ঝিরিমুখগুলোতে যেটুকু পানি পাওয়া যেত, আজ তাও মিলছে না। সুপেয় পানির অভাবে পাহাড়ি আদিবাসীরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন, আর সেচের সংকটে জুম চাষের ফলন কমে যাওয়ায় পাহাড়ে দেখা দিচ্ছে খাদ্য নিরাপত্তাহীনতা।

ঠিক একই ধরনের চিত্র বিরাজ করছে সমতল ও উপকূলের আদিবাসী জনপদেও। বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল, ওরাঁও, মুন্ডাসহ অন্যান্য জনগোষ্ঠীর কৃষিকাজ তীব্র খরা এবং ভূগর্ভস্থ পানির সংকটে বিপর্যস্ত। সেখানে আদিবাসী কৃষকেরা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কাছ থেকে পানি সংগ্রহের ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। ২০২২ সালের ২৩ মার্চ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামের দুই সাঁওতাল কৃষক অভিনাথ মারান্ডি (৩৬) এবং তার চাচাতো ভাই রবি মারান্ডি (২৭) বিএমডিএর কাছ থেকে ন্যায্য সেচের পানি না পেয়ে কীটনাশক পানে আত্মহনন করেন (বণিক বার্তা, ২০২২)। দিনের পর দিন অপারেটরের কাছে ধরনা দিয়েও পানি না পাওয়ায় তারা এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন।

অপরদিকে, উপকূলীয় অঞ্চলের রাখাইন এবং সুন্দরবন সংলগ্ন মুন্ডা জনগোষ্ঠী সমুদ্রের লবণাক্ততা বৃদ্ধি, ঘন ঘন ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় দিন গুনছেন। উপকূলে পানিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে মিঠাপানির উৎস নষ্ট হওয়ায় ধ্বংস হয়ে যাচ্ছে আদিবাসীদের চিরায়ত পেশা ও স্বাস্থ্যব্যবস্থা। অতিমাত্রায় লবণাক্ত পানিতে দীর্ঘক্ষণ কৃষিকাজ, চিংড়ির ঘেরে শ্রম দেওয়া কিংবা নদী থেকে চিংড়ির পোনা সংগ্রহের ফলে নারীদের জরায়ুতে নানা রোগবালাই ও সংক্রমণ দেখা দিচ্ছে। চিকিৎসার ব্যয় মেটাতে না পেরে অনেক নারী জরায়ু কেটে বাদ দিতে বাধ্য হচ্ছেন, যার বিরূপ প্রভাব পড়ছে তাদের দাম্পত্য ও পারিবারিক জীবনে। সংসারের হাল ধরতে গিয়ে অনেক নারী অল্প বয়সেই সংসার হারাচ্ছেন।

সবচেয়ে বড় পরিহাস হলো, যে আদিবাসীরা শত শত বছর ধরে তাদের ঐতিহ্যবাহী জ্ঞান ও জীবনচর্চার মাধ্যমে বন-পাহাড় ও জীববৈচিত্র্য সংরক্ষণ করে আসছেন এবং বৈশ্বিক জলবায়ু সংকটে যাদের দায় শূন্যের কোঠায়, তারাই আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অথচ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের জলবায়ু নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ খুবই সীমিত। আন্তালিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন এবং 'লস অ্যান্ড ড্যামেজ' বা ক্ষয়ক্ষতি তহবিলের অর্থ ছাড় করার বিষয়টি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ১১ ও ১২ নভেম্বর কপ-৩১-এর লিডারশিপ সামিটে যোগ দিয়ে জলবায়ু ন্যায্যতা ও অভিযোজন তহবিলের দাবি জোরালোভাবে তুলে ধরেছেন (শাহরুখ, এস, ‘বাংলাদেশ টেকস ক্লাইমেট জাস্টিস ডিমান্ড টু কপ-৩১’ ২০২৬)। এরই ধারাবাহিকতায় জাতিসংঘের ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে সর্বোচ্চ ৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের জন্য নির্ধারণ করেছে (আব্দুল্লাহ, জাবেদ, ‘জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ’ ২০২৬)।

কিন্তু প্রশ্ন থেকে যায়, বৈশ্বিক এই জলবায়ু কূটনীতির সুফল কি আদৌ দেশের প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর কাছে পৌঁছাবে? অতীত অভিজ্ঞতা বলে, জলবায়ু তহবিলের অর্থ প্রায়ই বড় বড় অবকাঠামো প্রকল্পে ব্যয় হয়, যেখানে প্রান্তিক মানুষের প্রকৃত চাহিদা ও মতামত বরাবরই উপেক্ষিত থাকে। তাই কপ-৩১ সম্মেলন বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। এই মঞ্চ থেকে আদিবাসী জনগোষ্ঠীর সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ জলবায়ু কর্মপরিকল্পনায় আদিবাসীদের জন্য আলাদা ও সরাসরি বরাদ্দ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আন্তালিয়ার সম্মেলন কক্ষে বিশ্বনেতারা হয়তো আগামী দিনের ধরিত্রী রক্ষার নানা প্রতিশ্রুতি দেবেন। কিন্তু ওই প্রতিশ্রুতি যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে; পাহাড়ের ঝিরি আর সমতলের আদিবাসী কৃষকের দোরগোড়ায় যেন এর সুফল পৌঁছায়, সেই প্রত্যাশা রাখি। পাশাপাশি স্বপ্ন দেখি, অভিনাথ ও রবি মারান্ডির মতো কোনো প্রান্তিক কৃষককে যেন আর কখনো সেচের পানির অভাবে আত্মহননের পথ বেছে নিতে না হয়। শুভ হোক আন্তালিয়ার বিশ্ব জলবায়ু সম্মেলন।

খোকন সুইটেন মুর্মু: জাতীয় আদিবাসী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ই-মেইল: dhartijewmurmu@gmail.com

মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।