আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা
তুরস্কের আনতালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহের উচ্চপর্যায়ের বৈঠকে বড় কোনো সিদ্ধান্ত আসেনি। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব সম্মেলনে নতুন মাত্রা যোগ করেছে।
তুরস্কের আনতালিয়া শহরে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের ৩১তম বার্ষিক অধিবেশন শুরু হয়েছে গত ৯ নভেম্বর, যা শেষ হবে আগামী ২০ নভেম্বর। সম্মেলনের প্রথম সপ্তাহে জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈশ্বিক দর-কষাকষির পাশাপাশি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই উচ্চপর্যায়ের বৈঠকে তুরস্ক, বাংলাদেশ, ব্রাজিল ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীসহ ১০২ জন উচ্চপর্যায়ের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। সম্মেলনে উপস্থিত সবার আশা ছিল, উচ্চপর্যায়ের এই বৈঠক থেকে জলবায়ু পরিবর্তনের সংকট সমাধান করার জন্য একটি শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে, যা এই সম্মেলনের মূল উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সহায়ক হবে। কিন্তু এই আশায় গুড়ে বালি। উচ্চপর্যায়ের এই সভায় তেমন কোনো উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়নি; তার পরিবর্তে বেশ কিছু ঘোষণা এসেছে। সেগুলো হলো—১) মিথেন গ্যাস এবং কার্বন ডাই-অক্সাইড গ্যাস ছাড়া অন্যান্য গ্যাস নির্গমন কমানোর জন্য ৪৮০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হবে, ২) তুরস্ক জলবায়ু পরিবর্তন ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য এআইআইবি (AIIB) থেকে ১.৬ বিলিয়ন মার্কিন ডলার পাওয়ার চুক্তি চূড়ান্ত করেছে, ৩) সলোমন আইল্যান্ড গ্রিন ক্লাইমেট ফান্ডকে ৪ লাখ মার্কিন ডলার প্রদান করেছে।
সারা বিশ্ব যখন কপ-৩১-এর উচ্চপর্যায়ের সভা থেকে সংকট সমাধানের পথ খুঁজছে, তখন এই ঘোষণাগুলো জলবায়ু সম্মেলনের মূল আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে কোনো সহায়ক ভূমিকা রাখতে পারবে না। প্রকারান্তরে এগুলো মূল উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করবে। তবুও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে আলোচনা অব্যাহত রাখতে হবে। তা না হলে বৈশ্বিক উষ্ণতা হ্রাস করা সম্ভব হবে না। ফলে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ধ্বংস অনিবার্য হয়ে উঠবে।
বিশ্ব নেতাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের কোনো দায় না থাকলেও এর অভিঘাতে বাংলাদেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অভিঘাত মোকাবিলার জন্য বাংলাদেশসহ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে তিনি ৫টি প্রস্তাব তুলে ধরেন। তা হলো—১) জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজন কার্যক্রমের জন্য ঋণের পরিবর্তে অনুদান প্রদান করতে হবে এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন অর্থায়ন হিসেবে দিতে হবে, ২) ঋণ মওকুফের মাধ্যমে সেই অর্থ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস করার কার্যক্রমে ব্যয় করার সুযোগ করে দিতে হবে এবং জলবায়ু সহনশীল ঋণধারা চালু করতে হবে, ৩) সহজে উন্নত প্রযুক্তি পাওয়া এবং ব্যবহার করার সুযোগ দিতে হবে, ৪) সহজ অর্থায়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে, ৫) ন্যায্য রূপান্তরের ক্ষেত্রে বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম বাস্তবায়ন করা এবং ন্যায্য আর্থিক ও বাণিজ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা। জলবায়ু সম্মেলনের দর-কষাকষিতে এই প্রস্তাবগুলো ইতিবাচক ভূমিকা রাখবে।
কপ-৩১-কে জলবায়ু সম্মেলনের ‘বাস্তবায়ন কপ’ হিসেবে গণ্য করা হলেও এখন পর্যন্ত জলবায়ু সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত, বিশেষ করে প্যারিস চুক্তি বাস্তবায়নের অগ্রগতি কতটুকু হয়েছে, তা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। আশা করা যায়, এই সপ্তাহের আলোচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হবে এবং অগ্রগতি কতটুকু হয়েছে তার বিস্তারিত বিবরণ পাওয়া যাবে।
কপ-৩১-কে ফলপ্রসূ করতে হলে তুরস্ক এবং অস্ট্রেলিয়াকে জলবায়ু দর-কষাকষির বাকি সময়ে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। কপ-৩১-এর দায়িত্বপ্রাপ্ত দেশ হিসেবে তাদের নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা পালন করতে হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য—১) অনুদানভিত্তিক অভিযোজন তহবিলের অর্থের পরিমাণ বৃদ্ধি করতে হবে, বিশেষ করে আন্তর্জাতিক তহবিলের ৫০ শতাংশ অর্থ বরাদ্দ করতে হবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজনের জন্য, ২) লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের অর্থের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করতে হবে, ৩) প্রশমন কার্যক্রমের জন্য উন্নয়নশীল দেশগুলোর বরাদ্দ বৃদ্ধি করতে হবে, ৪) জ্বালানি রূপান্তর ও বাণিজ্যে ন্যায্যতার বিষয়টি নিশ্চিত করতে হবে, ৫) জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারে জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বিশেষ ছাড় দিতে হবে। জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য এই আলোচনা থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা একান্ত অপরিহার্য। তা না হলে উন্নত দেশগুলো তাদের কার্বন নিঃসরণ কমাতে এবং জলবায়ু অর্থায়ন প্রদানের ক্ষেত্রে ফাঁকি দেওয়ার সুযোগ পাবে।
সুতরাং, এই কপে উল্লিখিত বিষয়গুলো বৈশ্বিক আলোচনায় সমাধান করার জন্য উন্নয়নশীল দেশগুলোকে একতাবদ্ধ হয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক আলোচনায় উন্নত দেশগুলো সব সময় সিদ্ধান্ত গ্রহণের চেয়ে আলোচনা দীর্ঘায়িত করতে আগ্রহী। এই কৌশল তাদের বিভিন্ন সময়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে সময়ক্ষেপণের সুযোগ করে দেয়।
আনতালিয়া কপে জলবায়ু পরিবর্তন নিয়ে বৈশ্বিক আলোচনা খুবই মন্থর গতিতে চলছে। এই কপ সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হলে আবার পরবর্তী আদ্দিস আবাবা কপের জন্য অপেক্ষা করতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি অবিচারের এই অনন্তকালের অপেক্ষা শেষ হওয়া জরুরি।
ড. মনজুরুল হান্নান খান: নির্বাহী পরিচালক, নেকম ও অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ সরকার।
মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।
