সিদ্ধান্তহীনতার আবর্তে ঘুরপাক খাচ্ছে জলবায়ু সম্মেলন কপ৩১
তুরস্ক ও অস্ট্রেলিয়ার দ্বৈত পরিচালনায় কার্যকারিতা হারিয়েছে জলবায়ু সম্মেলন কপ৩১। খসড়া সিদ্ধান্ত থেকে উধাও জীবাশ্ম জ্বালানি ‘ফেজ-আউট’ ও ১২০ বিলিয়ন ডলারের অভিযোজন তহবিল—সম্মেলনস্থল থেকে মনজুরুল হান্নান খানের বিশ্লেষণ।
২০০৯ সাল থেকে আমি জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে আসছি। কেবল ২০২১ সালে গ্লাসগোতে অনুষ্ঠেয় কপ২৬-এ কোভিড মহামারির কারণে অংশগ্রহণ করতে পারিনি। ফলে ২০০৯ থেকে ২০২৬ পর্যন্ত জলবায়ু কপের অভিজ্ঞতা আমার নেহাত মন্দ নয়। অভিজ্ঞতার আলোকে বলতে হচ্ছে, কপ৩১-এর বৈশিষ্ট্য অন্যান্য কপের চেয়ে ভিন্ন। অন্যান্য কপে আয়োজনকারী দেশ কপের প্রেসিডেন্সি করলেও এই কপ৩১-এ দুই দেশ অর্থাৎ তুরস্ক করছে কপ আয়োজনের আর অস্ট্রেলিয়া করছে নেগোসিয়েশনের প্রেসিডেন্সি—যা আমার কাছে খুবই নেতিবাচক মনে হয়েছে। এই দুই দেশের মধ্যে ভাগ হয়ে যাওয়া দায়িত্ব কপ পরিচালনার কার্যকারিতাকে দুর্বল করে তুলেছে। শুধু তাই নয়, এই ধরনের দ্বৈত পরিচালনা কপ থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে এবং একে অপরকে দোষারোপ করার সুযোগ সৃষ্টি করে।
এই কপে যোগদানের পর থেকেই আমার মনে হচ্ছিল, যে গতিতে কপ চলছে তাতে তেমন কোনো কার্যকর সমাধান পাওয়া সম্ভব হবে না। কপ৩১ শেষ হতে আর মাত্র এক দিন বাকি। আমি যখন এই লেখা লিখছি, ততক্ষণে কপের শেষ দিনের দর-কষাকষি শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত বলার মতো কোনো অগ্রগতি নেই। পক্ষান্তরে যারা নীরবভাবে কপে অংশগ্রহণ করছেন, তাদের কাছে মনে হচ্ছে পূর্বে গৃহীত সিদ্ধান্ত থেকে উন্নত রাষ্ট্রগুলো দূরে সরে যাচ্ছে। প্রকারান্তরে বৈশ্বিক জলবায়ু সম্মেলনকে কার্যকর করার পরিবর্তে বৈশ্বিক আলোচনাকে জটিল করে তুলছে।
বিগত ৯ তারিখ থেকে ১৯ তারিখ অবধি জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিবর্তে জলবায়ু বিপর্যয়কে আরও ত্বরান্বিত করার চেষ্টা অব্যাহত আছে। বৈশ্বিক জলবায়ু আলোচনার মাধ্যমে ১৯ নভেম্বর যে খসড়া দেওয়া হয়েছে, তা থেকে জলবায়ু আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ পড়েছে: ১) জীবাশ্ম জ্বালানি থেকে ফেজ-আউট শব্দটি সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। প্যারিস চুক্তির পর জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে কত তাড়াতাড়ি বিশ্বকে মুক্ত করা যায়, তা নিয়ে বিস্তর আলোচনা করে সকলেই শূন্য কার্বন নিঃসরণের সময় নির্ধারণ করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু বৈশ্বিক আলোচনায় যখন জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আনার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আলোচনাই হবে না, তখন উন্নত ও জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো বহাল তবিয়তে সারা বিশ্বের জন্য জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে যাবে। এই ধরনের পদক্ষেপ তাদের পৃথিবী দূষণের উন্মুক্ত লাইসেন্স দিয়ে দেবে; ২) অভিযোজনের অর্থায়নের জন্য ২০৩৫ সাল পর্যন্ত প্রস্তাবিত বার্ষিক ১২০ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব খসড়া সিদ্ধান্ত থেকে উধাও হয়ে গিয়েছে। যদিও অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাবটি খসড়া প্রস্তাবে টিকে আছে, তবে এই তিন গুণ করার জন্য কী পদ্ধতি ও পরিকল্পনা গ্রহণ করা হবে, সে বিষয়ে কোনো উল্লেখ নেই; ৩) জলবায়ু অর্থায়নের বিষয়ে খসড়াতে উল্লেখ থাকলেও অর্থায়নের দায়িত্ব নিতে উন্নত দেশগুলোর যথেষ্ট আপত্তি রয়েছে—যদিও প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু অর্থায়ন উন্নত দেশগুলোর দায়িত্ব; ৪) জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী ৩৫ শতাংশ ইলেকট্রিসিটি ব্যবহার করার প্রস্তাব করা হয়েছে; ৫) ২০২৭ সালের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে জলবায়ু সম্পর্কিত বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার শর্তাবলি রহিতকরণ প্রস্তাবটিও খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে; ৬) বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি লক্ষ্যমাত্রা অতিক্রম করে যাবে—তার উল্লেখ থাকলেও তা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে উল্লেখ নেই; ৭) কার্বন সংগ্রহ ও সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ করার বিষয়টি খসড়াতে উপস্থাপন করা হয়েছে, যা মূলত জীবাশ্ম জ্বালানি ব্যবহারকে উৎসাহিত করবে এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বাড়াবে; ৮) জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের মতামতকে পূর্বের ডকুমেন্টে স্বাগত জানালেও বর্তমান খসড়াতে শুধু স্বীকার করে নেওয়া হয়েছে।
বর্তমান খসড়া পর্যালোচনা করলে খুব সহজেই বোঝা যায় যে, কপ৩১ উন্নত দেশগুলোর বিশেষ উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে। এটি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর পরিবর্তে এর ব্যবহার বৃদ্ধির জন্য উন্মুক্ত লাইসেন্স প্রদান করবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার জন্য কোনো অর্থ ব্যয় করবে না। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করবে না। অর্থাৎ জলবায়ু সম্মেলনের মূল বিষয়গুলোকে পাশ কাটিয়ে সমগ্র বিশ্বকে জলবায়ু পরিবর্তনজনিত এক ভয়ংকর বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন করবে, যা আসলে আমাদের পৃথিবীকে ধ্বংস করে দেবে।
কপ৩১ শেষ হতে আরও এক দিন সময় আছে। এই সময়ের মধ্যে অবশ্যই জলবায়ু সম্মেলন থেকে গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর তা করতে হলে জলবায়ু সম্মেলন থেকে কমপক্ষে নিচের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে: ১) জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবিলা ও অভিযোজনের জন্য ১২০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করতে হবে এবং তা হতে হবে অনুদান; ২) অভিযোজন ও সহনশীলতা অর্থায়নের জন্য আন্তালিয়া-আদ্দিস আবাবা রোডম্যাপ বা কর্মপরিকল্পনা বাস্তবায়নের সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে; ৩) নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারের দক্ষতা বর্তমানের চেয়ে তিন গুণ বৃদ্ধি করতে হবে; ৪) জীবাশ্ম জ্বালানি ফেজ-আউট বিষয়ে সুনির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে; ৫) সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই ‘কমন বাট ডিফারেনশিয়েটেড রেসপনসিবিলিটি’ বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।
যদি কপ৩১-কে অর্থবহ করতে হয়, তাহলে অবশ্যই উল্লিখিত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর তাহলেই কপ৩১-কে মন্দের ভালো হিসেবে বিবেচনা করা যাবে।
ড. মনজুরুল হান্নান খান: নির্বাহী পরিচালক, নেকম ও অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ সরকার।
মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।
