সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন কোটালীপাড়া জামায়াত নেতা
তিনি মৌখিকভাবে একটি ইউনিয়নের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর এক নেতা দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আবুল কালাম শেখ।
তিনি বলেন, “আমাকে এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের আমিরের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগে দায়িত্বশীলদের বলেছিলাম, আমি এ দায়িত্ব পালন করতে অপারগ এবং পদত্যাগ করলাম।”
তবে বিষয়টি এলাকার সাধারণ মানুষ না জানায় সংবাদমাধ্যমকে ডেকে জানানোর কথা ভাবেন আবুল কালাম। অবশেষে জামায়াতে ইসলামীর কান্দি ইউনিয়ন আমিরের পদ থেকে পদত্যাগের কথা বললেন তিনি।
কারো চাপে পদত্যাগ করছেন কিনা জানতে চাইলে আবুল কালাম সাংবাদিকদের বলেন, “আমার উপর কোনো চাপ নেই, কোনো ভয়ভীতিও নেই। নিজ থেকেই পদত্যাগ করলাম। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই নিজ সিদ্ধান্তে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।”
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা জামাতের আমির রেজাউল করিম বলেন, আবুল কালাম জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ মেনে রাজনীতি করতে পারছেন না। তিনি দলের একটি ক্ষুদ্র ইউনিটের দায়িত্ব পালন করছিলেন।
“সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিষয়টি আমি জানতে পেরেছি। তারপর খোঁজ নিয়ে যতদূর জানতে পেরেছি, তিনি মৌখিকভাবে ওই ইউনিয়নের দায়িত্বে ছিলেন”, বলেন তিনি।
এমন পরিস্থিতিতে দলের গঠনতান্ত্রিকভাবে পদত্যাগের প্রয়োজন পড়বে না বলে মনে করেন জেলা জামায়াতের আমির।
