সাবেক মন্ত্রী শাজাহান খানের ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর
কে বা কারা হামলা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান মাদারীপুর সদর থানার ওসি।
মাদারীপুরে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‘সার্বিক ফিলিং স্টেশনে’ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সন্ধ্যায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে শহরের পাকদী এলাকায় এ ঘটনা ঘটে বলে মাদারীপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান।
পুলিশ জানায়, অর্তকিতভাবে একদল লোক ফিলিং স্টেশনে হামলা চালায়। এ সময় তারা স্টেশনের জানালার কয়েকটি গ্লাস ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে।
ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।
কে বা কারা হামলা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।
