১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় মায়ের কোল থেকে ৮ মাসের শিশু নিখোঁজ, দুদিন পর মিলল লাশ

এ ঘটনায় শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

মাগুরায় মায়ের কোল থেকে ৮ মাসের শিশু নিখোঁজ, দুদিন পর মিলল লাশ

মাগুরার মহম্মদপুর থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 10:21 PM

Updated : 18 Nov 2026, 10:21 PM

মাগুরার মহম্মদপুর উপজেলায় অটোরিকশায় যাওয়ার পথে মায়ের কোল থেকে নিখোঁজ হওয়া আট মাসের শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার দুই দিন পর বুধবার সকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মহম্মদপুর থানার ওসি এম শামীম আহমেদ।

এর আগে সোমবার বিকালে উপজেলার রাজাপুর এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয় বলে জানায় পুলিশ।

পুলিশ হেফাজতে নেওয়া নন্দিতা চক্রবর্তী সদর উপজেলার রাজবাড়ী এলাকার সমীর কুমার চক্রবর্তীর স্ত্রী।

স্বজনরা জানান, সমীর কুমার তার স্ত্রী নন্দিতাকে শীতের পোশাক কেনার জন্য কিছু টাকা দেন। এরপর শিশুকে কোলে নিয়ে অটোরিকশায় নহাটার উদ্দেশে রওনা দেন নন্দিতা। পথে বাবার বাড়ি থেকে আরও কিছু টাকা সংগ্রহের জন্য রাজাপুরের দিকে যান তিনি।

নন্দিতার পরিবারের দাবি, রাজাপুর এলাকায় অটোরিকশায় যাওয়ার সময় নন্দিতা হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজন তাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে নন্দিতাকে পেলেও শিশুটিকে পায়নি।

খবর পেয়ে পুলিশ শিশুটিতে উদ্ধারে অভিযান শুরু করে। এক পর্যায়ে বুধবার সকালে লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে শালিখা-মহম্মদপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আল নাহিয়ান মহম্মদপুর থানায় যান। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটির মা পুলিশ হেফাজতে রয়েছেন।

ওসি এম শামীম আহমেদ বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই পুলিশ তৎপর ছিল। শিশুটির মায়ের মানসিক স্বাস্থ্য নিয়ে আগে থেকেই কিছু সমস্যা ছিল বলে জানা গেছে। চার বছর আগে তাদের আরেকটি সন্তানও মারা যায়।

শিশুটির মাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।