মাদারীপুরে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার
পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলায় নিখোঁজের চার দিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ধানক্ষেতের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান।
নিহত আশিক খান (২৪) ওই এলাকার প্রয়াত আজিজ খানের ছেলে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে জাল নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান আশিক। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন শুক্রবার পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রোববার দুপুরে খালের অপর পাশের একটি পরিত্যক্ত ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করলে স্বজনরা আশিকের পরিচয় নিশ্চিত করেন।
ওসি আবুল কালাম আজাদ বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আশিকের বোন নিপা আক্তার বলেন, “জমি নিয়ে বিরোধের কারণেই পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”
