আপিলে আবুল কালামের মামলা ‘উদাহরণ হতে পারে’: শেখ হাসিনার বিষয়ে অ্যাটর্নি জেনারেল
“তাদের এই মতামত কিংবা আইনের বিষয়সম্পর্কিত বক্তব্যের বাইরে আমার কোনো ব্যাখ্যা নেই,” বলেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের পর আপিল করলে বিলম্ব মওকুফের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতে বিচারাধীন আবুল কালাম আজাদের মামলাটি উদাহরণ হতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
অন্তর্বর্তী সরকারের সময় আবুল কালামের দণ্ডাদেশ স্থগিত করা হলেও আপিল বিভাগ তার আপিলের ক্ষেত্রে বিলম্ব মওকুফের বিষয়ে এখনো আদেশ আসেনি।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল বলেন, “আপিল দায়েরের নির্ধারিত সময়ের পরে গিয়ে সুপ্রিম কোর্টে আপিল করতে গেলে তার কী ফল এবং কী পরিণতি হতে পারে, জনাব আবুল কালাম আজাদের মামলাটি একটা উদাহরণ হতে পারে।”
দায়িত্বশীল ব্যক্তি যারা ইতোপূর্বে আইনগত মতামত দিয়েছেন, তারা আইনটি পড়ে, জেনে-শুনে তারা কথা বলেছেন তুলে ধরে তিনি বলেন, “তাদের এই মতামত কিংবা আইনের বিষয়সম্পর্কিত বক্তব্যের বাইরে আমার কোনো ব্যাখ্যা নেই।”
২০১৩ সালের ২১ জানুয়ারি রায় ঘোষণার সময় আবুল কালাম আজাদ পলাতক থাকায় নির্ধারিত সময়ে আপিল করতে পারেননি।
আওয়ামী লীগ সরকারের আমলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর ট্রাইব্যুনালের প্রথম রায় ছিল আবুল কালাম আজাদের মামলায়।
ওই রায়ে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটসহ আটটি অভিযোগের মধ্যে সাতটি প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
২০২৪ সালের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে ফেরেন আবুল কালাম আজাদ। এরপর তিনি সাজা স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২২ অক্টোবর তার দণ্ডাদেশ স্থগিত করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। তবে আদালতে আত্মসমর্পণ করে তাকে আপিল করতে হবে—এমন শর্ত দেওয়া হয়।
শর্ত অনুযায়ী, চলতি বছরের চলতি বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আজাদ। পরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন।
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভ্যুত্থান দমনের চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে।
শেখ হাসিনার চলতি বছরের ডিসেম্বরে ভারত থেকে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন জুলাই মাসে।
দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য তিনি আইনজীবীর মাধ্যমে দিল্লিতে হাই কমিশনে চিঠি পাঠিয়ে আবেদন করেছেন বলে সোমবার খবর দিয়েছে রয়টার্স।
এই খবরের পর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল করার সুযোগ নিয়ে আলোচনা চলছে।
এর প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের প্রসঙ্গ টানলেন।
এখন পর্যন্ত গণমাধ্যমে কেউ এ উদাহরণটি আনেননি মন্তব্য করে রুহুল কুদ্দুস কাজল বলেন, আপিল বিভাগে আবুল কালাম আজাদের মামলাটির দীর্ঘদিন শুনানি হয়েছে। বর্তমানে কেউ কেউ যে আইনি যুক্তি দেওয়ার চেষ্টা করছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষ থেকেও ওই মামলায় একই ধরনের যুক্তি উপস্থাপন করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট এখনো তা আমলে নেননি।
আওয়ামী লীগ সভাপতির প্রত্যর্পণ প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি তো মনে করি যারা ইতোপূর্বে আইনি ব্যাখ্যা বলেছেন, কেউ তো অপব্যাখ্যা করেছেন বলে আমার মনে হয়নি। সবাই আইনের কথা বলেছেন এবং সবাই একসুরে কথা বলেছেন।”
তিনি বলেন, রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বক্তব্য দিয়েছেন। সংবাদ মাধ্যমে তিনি দেখেছেন ভারতের পররাষ্ট্র সচিব বক্তব্য দিয়েছেন।
“এটা আইন এবং আন্তঃরাষ্ট্রীয় বিষয়, সরকারের পক্ষ থেকে সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটা নিয়ে কোনো ধুম্রজাল কিংবা অপব্যাখ্যা কিংবা ভিন্নরকম ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। যারা বক্তব্য দিয়েছেন তারা আইনগতভাবে পারস্পরিক বৈদেশিক সম্পর্ক, আন্তঃদেশীয় সম্পর্কের ভিত্তিতে কথা বলেছেন, তারা সঠিক কথাই বলেছেন।”
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে কী আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে, এমন প্রশ্নে রুহুল কুদ্দুস কাজল বলেন, “তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে বাংলাদেশে নেই। বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হলে তাকে আইন মেনেই আসতে হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন খুবই স্পষ্ট।”
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা অনুযায়ী, ট্রাইব্যুনালের দোষী সাব্যস্ত, দণ্ড বা খালাসের আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে আপিল না করা হলে, সময়সীমা শেষ হওয়ার পর আর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না।
