শ্যামপুরে তালাবদ্ধ ঘরে অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ
ঘটনাস্থল থেকে একটি কাঁচি ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে বলছে পুলিশ।
রাজধানীর শ্যামপুরের পূর্ব জুরাইন এলাকার একটি তালাবদ্ধ ঘর থেকে এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
কদমতলী থানা পুলিশ বুধবার দুপুরের দিকে লাশটি উদ্ধার করে। পরে বিকেলে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত মো. জনি (২৯) দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বালুরচর মীরেরবাগের মৃত মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি পূর্ব জুরাইন ব্রিজসংলগ্ন মদিনা মসজিদ রোডের ১৪৯০/এ নম্বর বাড়ির (মা মঞ্জিল) দ্বিতীয় তলায় স্ত্রী এবং একমাত্র সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।
বাড়ির মালিক শিখা আক্তার বলছেন, কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে জনির স্ত্রী রোকেয়া আক্তার সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। বুধবার সকালের দিকে রোকেয়া বাসায় ফিরে ঘরের দরজা বাইরে থেকে তালা লাগানো দেখতে পান। পরবর্তীতে জানালা দিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে আছে।
তিনি বাড়িওয়ালাকে বিষয়টি জানালে কদমতলী থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ দরজার তালা ভেঙে জনির রক্তাক্ত ও অর্ধগলিত লাশ উদ্ধার করে।
কদমতলী থানার এসআই আল-আমিন খান বলেন, “ঘটনাস্থল থেকে একটি কাঁচি ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জনি মাদকাসক্ত ছিলেন। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
“তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
