১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে পুকুরে ভাসছিল নিখোঁজ অটোচালকের গলাকাটা লাশ

নিহত ওই ব্যক্তি মঙ্গলবার রাত থিকে নিখোঁজ ছিলেন।

যাত্রাবাড়ীতে পুকুরে ভাসছিল নিখোঁজ অটোচালকের গলাকাটা লাশ

নিহত মুন্না খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 07:22 PM

Updated : 19 Nov 2026, 07:22 PM

রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার একটি পুকুর থেকে দুইদিন ধরে নিখোঁজ এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে লাশটি পাওয়া যায়। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মুন্না খানের (৩২) বাবার নাম মৃত মান্নান খান। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় হলেও তিনি ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করতেন। তিনি মৃধাবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ভাগ্নে মাসুম সরকার বলছেন, গত মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন তার মামা। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে বৃহস্পতিবার দুপুরে তারা যাত্রাবাড়ী থানায় একটি জিডি করেন।

মাসুম বলেন, “আমার মামা মুন্না খান দুই মাস আগে কিস্তিতে অটোরিকশা কিনেছিলেন। তার দুই সন্তান আছে। দুপুরে কাজ থেকে বাসায় ফেরার পর মামি রিয়া বেগম ফোন করে জানান যে, মৃধাবাড়ি এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখা গেছে। পরবর্তীতে আমি ঘটনাস্থলে গিয়ে মামার লাশ শনাক্ত করি। আমরা মামার অটোরিকশা ও তার মোবাইল ফোনটি খুঁজে পাইনি। আমাদের ধারণা মিশুকের জন্যই হয়ত তাকে হত্যা করা হয়েছে।”

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, “দুপুর ১২টার দিকে মুন্না খান নিখোঁজ হওয়ার বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। পরবর্তীতে আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পাই, মৃধাবাড়ি এলাকার একটি পুকুরে এক ব্যক্তির লাশ ভাসছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

“নিহতের গলাকাটা এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”