খাগড়াছড়ির সীমান্তবর্তী নদী থেকে বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার
ছেলে থৈ অংগ্য মারমা বলেন, তার বাবা শুক্রবার বেলা ২টার দিকে গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন।
খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী ফেনী নদী থেকে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রামগড় থানার ওসি মো. নাজির আলম।
৬৬ বছর বয়সি অংথেপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা। তিনি বিডিআরের (বর্তমান বিজিবি) সাবেক সদস্য বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তার ছেলে থৈ অংগ্য মারমা বলেন, তার বাবা শুক্রবার বেলা ২টার দিকে গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টায়ও তিনি বাড়ি না ফেরার কারণে খোঁজাখুজি শুরু করেন স্বজনরা।
সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে সন্ধান না পাওয়ার পর রাত ১০টার দিকে খবরটি স্থানীয় বিওপির বিজিবিকে জানানো হয়। পরে বিজিবিও তার খোঁজখবর নিতে শুরু করে।
থৈঅংগ্য বলেন, পরে শনিবার ভোর থেকে পুনরায় গ্রামবাসীসহ স্বজনরা তার বাবার সন্ধান শুরু করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে ঘাসের বস্তাটি দেখতে পান তারা।
পরে আশেপাশে খুঁজতে গিয়ে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তার বাবার মরদেহ পাওয়া যায়।
তিনি বলেন, “বাবার কপালে জখমের চিহ্ন আছে এবং তখনও রক্ত ক্ষরণ হচ্ছিল।”
এদিকে, লাশের সন্ধান পাওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ দ্রুত সীমানা পিলার ২২১৪/১৮ এস বিডি নম্বর এলাকার ঘটনাস্থলে যায়। এর আগেই স্বজনরা নিজেরাই নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে এপারে নিয়ে আসেন।
পরে সুরতহাল রিপোর্ট তৈরির পর সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনে পুলিশ।
ওসি মো. নাজির আলম বলেন, নিহত অংথেইপ্রু মারমার কপাল ও নাকের উপর জখমের চিহ্ন আছে। কিভাবে তার মৃত্যু হল তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।
মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর এবং আইনী ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
