১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 01:23 AM

Updated : 10 Nov 2026, 01:23 AM

নেত্রকোণার মদনে মরা নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার দেওসহিলা ছালাকান্দা এলাকায় লাশটি পাওয়া যায়। নিহত জুয়াদ মিয়ার (৭৫) ওই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।

স্থানীয় ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার সফি বলেন, বাড়ির পেছনের নদীতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মদন থানার এসআই (তদন্ত) অসীম কুমার তালুকদার বলেন, “পানিতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”

স্বজনদের বরাতে পুলিশ বলেছে, রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন জুয়াদ মিয়া। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

স্বজনরা জানান, জুয়াদ মিয়া একাই বাড়িতে বসবাস করতেন। তার একমাত্র ছেলে সাব্বির ঢাকায় থাকেন।