০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

নেত্রকোণার মগড়া নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের দুদিন পর উদ্ধার ব্যক্তির কপালের জখম খতিয়ে দেখছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 11:00 PM

Updated : 07 Nov 2026, 11:00 PM

নেত্রকোণার মদন উপজেলায় মগড়া নদী থেকে নিখোঁজের দুদিন পর এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ৩টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দক্ষিণ বালালী গ্রামের বাজারসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মদন থানার ওসি সালাউদ্দীন জানান।

নিহত আব্দুল লতিফ (৫০) দক্ষিণ বালালী গ্রামের মৃত লাবু হাজীর ছেলে।

পুলিশ জানায়, ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আব্দুল লতিফ। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার দুপুরে মগড়া নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ওসি সালাউদ্দীন বলেন, স্বজনরা লাশ শনাক্ত করেছেন। নিহতের কপালের ডান পাশে একটি ছিদ্রযুক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে।

মৃত্যুর সঠিক কারণ ও রহস্য উন্মোচনে তদন্ত চলছে জানিয়ে ওসি বলেন, মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।