১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ইটভাটা থেকে পা বাঁধা অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

পুলিশ জানায়, যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলার চিহ্ন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 07:05 PM

Updated : 16 Nov 2026, 07:05 PM

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত ইটভাটা থেকে পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের পেছনে শীতলক্ষ্যা নদীর তীরের ওই ইটভাটা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কালীগঞ্জ থানার এসআই হায়াতুর রহমান।

পুলিশ জানায়, বিকালে স্থানীয় লোকজন ইটভাটায় কাপড় দিয়ে পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

এসআই হায়াতুর রহমান বলেন, যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলার চিহ্ন রয়েছে। তার পা কাপড় দিয়ে বাঁধা ছিল।

পুলিশের ধারণা, লোহার কোনো বস্তু দিয়ে পিটিয়ে তাকে আহত করা হয়েছিল। পরে রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এসআই হায়াতুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত ও স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।