০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

জুরাইনে এক্সপ্রেসওয়ের নিচের সড়কে পড়ে ছিল যুবকের লাশ

“শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমার প্রাথমিকভাবে ধারণা করছি অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 02:36 PM

Updated : 03 Nov 2026, 02:56 PM

রাজধানীর শ্যামপুরে সালাউদ্দিন পাম্পের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শ্যামপুর থানার এসআই মো. আসাদুজ্জামান জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

“শ্যামপুর জুরাইনের এক্সপ্রেস ওয়ের নিচে সালাউদ্দিন পাম্পের সামনে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করি। ছেলেটির পরনে কালো রংয়ের একটি ফুল প্যান্ট ছিল। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমার প্রাথমিকভাবে ধারণা করছি অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।”

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হযেছে বলে জানিয়েছেন তিনি।

আনুমানিক ২৭ বছর বয়সি ছেলেটি ভবঘুরের প্রকৃতির ও মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছেন এসআই আসাদুজ্জামান।

পুলিশের এই সদস্য বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।

“আমরা সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় (ফিঙ্গারপ্রিন্ট) তার নাম পরিচয় সনাক্তের কাজ চলছে।”