অনুপম খের সত্যিই ৫০০ কোটির মালিক?
“বন্ধুরা ইন্টারনেটে এসব দেখে মজা করে বলে, ওই টাকা থেকে তাদের কিছু ধার বা ভাগ দিতে।”
শৈল্পিক ধারার সিনেমা থেকে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার মুখ অনুপম খের। বলিউড তো বটেই, তাকে দেখা গেছে বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে। চার দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন পাঁচশোর বেশি সিনেমায়, অভিনয়ে তৈরি করেছেন নিজস্ব ধারা।
সিনেমা জগতে দীর্ঘ দিন বিচরণের পর আর্থিকভাবে অত্যন্ত স্বচ্ছল হওয়াটা অস্বাভাবিক নয়। মূল ধারার সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ায় খবর উড়েছে ৪০০ থেকে ৫০০ কোটি টাকার সম্পদের মালিক তিনি। এই তথ্য নিয়ে আপত্তি আছে অনুপমের।
তার ভাষ্য, যে অংকের কথা বলা হচ্ছে, সেটির ১০ শতাংশ সম্পদও তার নেই। বরং এসব তথ্য দেখে তার বন্ধুরা মজা করে তার কাছে টাকা ধার চায়।
এমনকি নিজের বাড়ি বিক্রি করে গেল এক দশক ধরে ভাড়া বাড়িতেই থাকছেন তিনি।
এনডিটিভি জানিয়েছে, ‘দ্য আনফিল্টারড আওয়ার’ অনুষ্ঠানে সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন অনুপম।
অনুপম বলেন, “আমি ধনী বলে অনেকের ধারণা। এসব ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করতে ইচ্ছা করে। ৪০০–৫০০ কোটি রুপির সম্পদের মালিক নাকি আমি! এর ১০ শতাংশও আমার নেই। বন্ধুরা ইন্টারনেটে এসব দেখে মজা করে বলে, ওই টাকা থেকে তাদের কিছু ধার বা ভাগ দিতে।”
তার মতে সম্পদ যতটুকু প্রয়োজন ততটুকুই রাখা উচিত। প্রয়োজনের বেশি সম্পদ গড়াকে ‘অশান্তির সূত্রপাত’ বলেও মনে করেন তিনি।
মুম্বাইয়ের নিজের একমাত্র বাড়িটি অভিনেত্রী আলিয়া ভাটের কাছে বিক্রি করে দিয়ে এক দশক ধরে ভাড়া বাড়িতে থাকছেন বর্ষীয়ান এই অভিনেতা।
বাড়ি বিক্রি করে দেওয়ার প্রসঙ্গে অনুপম বলেন, বাড়ি থাকলে রক্ষণাবেক্ষণ করার অনেক দায়িত্ব পোহাতে হয়। সেসব ঝক্কি থেকে মুক্ত হতে বিক্রি করে দিয়েছিলেন ১০ বছর আগে। এছাড়া সংসদ সদস্য হওয়ার জন্য তার স্ত্রী অভিনেত্রী কিরণ খেরচণ্ডীগড়ে থাকতে শুরু করেন। তাই পরবর্তীতে মুম্বাইয়ে বাড়ি কেনার প্রয়োজনবোধ করেননি অনুপম।
বাড়ি ভাড়া করে থাকার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই নিজেকে অনেকটা মুক্ত মনে করেন অনুপম। তিনি বলেন, বাড়িওয়ালা থেকে ভাড়াটিয়া ওয়ার পর কোনো মানসিক চাপ তিনি অনুভব করেন না। তিনি এবং তার ভাই দুজনেই ভাড়াবাড়িতে থাকেন।
তবে মায়ের ইচ্ছাপূরণ করতে শিমলাতে তাকে একটি বাড়ি কিনে দিয়েছিলেন তিনি। সারাজীবন ভাড়া বাড়িতে থাকার পর অভিনেতার মায়ের ইচ্ছা ছিল ছোট একটি বাড়ি করার। তাই মাকে ৮ কামরার একটি বাড়ি উপহার দেন অনুপম খের।
তবে বিলাসী জীবনযাপনের বিষয়টি অস্বীকার করেননি অভিনেতা। ভালো জায়গায় খাওয়া দাওয়া, আরামদায়ক ভ্রমণ তার কাছে গুরুত্ব বহন করে বলেও জানিয়েছেন তিনি।
