দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে
ভবিষ্যৎ প্রজন্মের হাতে কেবল একটি পৃথিবী নয়, বরং সেটি রক্ষার জ্ঞান, দক্ষতা ও পরিবেশবান্ধব জীবনচর্চার উত্তরাধিকার তুলে দেওয়াই আজকের সময়ের সবচেয়ে বড় দায়িত্ব।
পৃথিবীকে বাসযোগ্য রাখার দায়িত্ব কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান, দেশ কিংবা প্রজন্মের নয়। এটি একটি সম্মিলিত ও আন্তঃপ্রজন্মীয় দায়িত্ব। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয়, সমুদ্রদূষণ এবং প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার আমাদের সামনে একটি সত্য তুলে ধরেছে, বিচ্ছিন্ন উদ্যোগ দিয়ে পৃথিবীকে সুরক্ষিত রাখা সম্ভব নয়। প্রয়োজন জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও পরিবেশবান্ধব চর্চার ধারাবাহিক বিনিময় ও হস্তান্তর।
এই সম্মিলিত দায়িত্বের সবচেয়ে যথার্থ প্রতীক হতে পারে ‘রিলে রেইস’। একজন দৌড়বিদ নিজের নির্ধারিত দূরত্ব অতিক্রম করার পর পরের জনের হাতে ব্যাটন তুলে দেন। দলের সাফল্য নির্ভর করে প্রত্যেকের দায়িত্বশীল অংশগ্রহণ ও সঠিক সময়ে ব্যাটন হস্তান্তরের ওপর।
পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। একজন শিশু পরিবারে সচেতনতা ছড়িয়ে দিতে পারে, একজন শিক্ষক ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে পারেন, একটি প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে পরিবেশবান্ধব চর্চায় উদ্বুদ্ধ করতে পারে এবং একটি দেশ তার সফল অভিযোজনের অভিজ্ঞতা অন্য দেশের সঙ্গে বিনিময় করে নিতে পারে।
আইপিসিসির (IPCC) ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, ২০১১ থেকে ২০২০ সময়ে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্পায়ন সময়ের তুলনায় প্রায় ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল (আইপিসিসি, ২০২৩)। ফলে আজকের প্রতিটি সিদ্ধান্তই ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও জীবনযাত্রাকে সরাসরি প্রভাবিত করছে।
তবে জলবায়ু পরিবর্তনের দায় ও ক্ষতি পৃথিবীতে সমানভাবে বণ্টিত নয়। ঐতিহাসিকভাবে কম কার্বন নিঃসরণকারী অনেক দেশ ও জনগোষ্ঠীই আজ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে। বিশেষ করে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, উপকূলীয় জনগোষ্ঠী, কৃষক, জেলে, আদিবাসী সম্প্রদায়, নারী ও শিশুরা চরম ঝুঁকিতে রয়েছে।
জাতিসংঘের 'কমন বাট ডিফারেনশিয়েটেড রেসপনসিবিলিটিজ অ্যান্ড রেসপেক্টিভ ক্যাপাবিলিটিজ' (CBDR-RC) নীতি অনুযায়ী, পৃথিবী রক্ষায় সবার দায়িত্ব থাকলেও ঐতিহাসিক দায় ও সক্ষমতা বিবেচনায় দায়িত্বের ধরন ভিন্ন হওয়া প্রয়োজন। উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর স্থানীয় উদ্ভাবন ও ঐতিহ্যগত জ্ঞানের যথাযথ স্বীকৃতি দিতে হবে। রিলে রেইসের মূল কথা দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের ওপর চাপিয়ে দেওয়া নয়; বরং নিজেদের দায়িত্ব পালন করে তাদের জন্য একটি নিরাপদ পৃথিবী রেখে যাওয়া।
পরিবেশ সুরক্ষার এই আলোচনায় সমুদ্রের গুরুত্ব অপরিসীম। সমুদ্র বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণ, কার্বন শোষণ, জীববৈচিত্র্য, খাদ্যনিরাপত্তা ও কোটি মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সমুদ্রের উষ্ণতা ও অম্লতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, প্রবালপ্রাচীরের ক্ষয় এবং প্লাস্টিক দূষণ প্রাকৃতিক ভারসাম্যকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। বাংলাদেশের মতো উপকূলীয় দেশের জন্য সুন্দরবন, ম্যানগ্রোভ বনাঞ্চল, সামুদ্রিক জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও উপকূলীয় মানুষের জীবিকা রক্ষা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
এবারের কপ সম্মেলন প্রেসিডেন্সি-উপস্থাপিত 'আনতালিয়া ওশান অ্যান্ড সিজ কমপ্যাক্ট' সমুদ্রভিত্তিক জলবায়ু কার্যক্রম, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং অর্থায়নের সুযোগ সম্প্রসারণের ওপর জোর দিয়েছে। এটি সমুদ্র ও জলবায়ুর আন্তঃসম্পর্ককে আরও কার্যকরভাবে আন্তর্জাতিক আলোচনায় যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ (ইউএনএফসিসিসি, ২০২৬)।
সমুদ্র সুরক্ষাকে পরিবেশ শিক্ষার অন্যতম প্রধান বিষয় করতে হবে। স্কুল, বিশ্ববিদ্যালয় ও উপকূলীয় জনগোষ্ঠীকে সামুদ্রিক শিক্ষা, ম্যানগ্রোভ পুনরুদ্ধার, দূষণ নিয়ন্ত্রণ ও টেকসই মৎস্য ব্যবস্থাপনায় সরাসরি সম্পৃক্ত করা জরুরি।
শুধু প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমালেই পরিবেশ রক্ষা হবে না; বদলাতে হবে আমাদের উৎপাদন, ভোগ ও বর্জ্য ব্যবস্থাপনার ধরনও। লিনিয়ার ইকোনমি বা উৎপাদন, ব্যবহার ও বর্জনের প্রচলিত ব্যবস্থার পরিবর্তে সার্কুলার ইকোনমি গড়ে তোলা এখন সময়ের দাবি। এর অর্থ হলো সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের পুনর্ব্যবহার ও মেরামত, বর্জ্য হ্রাস, পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং উৎপাদনব্যবস্থায় পরিবেশগত দায়বদ্ধতা নিশ্চিত করা। কৃষি, শিল্প, নগর উন্নয়ন, জ্বালানি ও ব্যবসায় এই নীতি প্রয়োগের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক করে তোলা সম্ভব।
এই দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে বাস্তব পরিবেশচর্চার কেন্দ্রে পরিণত করতে হবে, কারণ পরিবেশ শিক্ষা কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। ইউনেসকোর 'গ্রিনিং এডুকেশন পার্টনারশিপ'-এর অধীনে ইকো-স্কুলস, ইকো-ক্যাম্পাস, ইয়ং রিপোর্টার্স ফর দ্য এনভায়রনমেন্ট (YRE) এবং লার্নিং অ্যাবাউট ইকোসিস্টেমস অ্যান্ড ফরেস্টস (LEAF)-এর মতো আন্তর্জাতিক কর্মসূচিগুলোর ইতিবাচক প্রভাব ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি, বৃষ্টির পানি সংরক্ষণ, বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহার, বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্লাস্টিক ব্যবহার হ্রাসের মাধ্যমে পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যেন শুধু সমস্যা সম্পর্কেই না জানে, বরং সমাধান তৈরি, বাস্তবায়ন ও মূল্যায়নেও সক্রিয়ভাবে অংশ নেয়।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত এবারের কপ-৩১ সম্মেলন পরিচ্ছন্ন জ্বালানি, বিদ্যুতায়ন, সমুদ্র সুরক্ষা, পরিবেশ শিক্ষা এবং বাস্তবায়নভিত্তিক সহযোগিতার গুরুত্বকে নতুন করে সামনে এনেছে। ১৯ নভেম্বর ঘোষিত 'ইলেকট্রিফিকেশন ডেলিভারি প্যাকেজ'-এ ১৫০টির বেশি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন, ৩৭টি শহর এবং ২৬০টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্যোগ যুক্ত হয়েছে, যেখানে পরিচ্ছন্ন জ্বালানি, বিদ্যুৎ গ্রিড এবং পরিবহন ও শিল্পের বিদ্যুতায়ন বিশেষ গুরুত্ব পেয়েছে (ইউএনএফসিসিসি, ২০২৬)।
অন্যদিকে, প্রস্তাবিত সামগ্রিক আনতালিয়া চুক্তি নিয়ে ঐকমত্য না হওয়া জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন বিষয়ে আন্তর্জাতিক মতপার্থক্যকেও স্পষ্ট করেছে। তবু 'জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম' আরও তিন বছরের জন্য সম্প্রসারণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনায় অগ্রগতি হয়েছে। বিশেষ করে ১৬ নভেম্বরের 'অ্যাকশন ফর ক্লাইমেট এমপাওয়ারমেন্ট' (ACE) অধিবেশনে শিক্ষা, প্রশিক্ষণ, জনসচেতনতা এবং শিশু ও তরুণদের জলবায়ু কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এসব অভিজ্ঞতা প্রমাণ করে, আন্তর্জাতিক অঙ্গীকারের পাশাপাশি বাস্তবায়ন, অর্থায়ন, পর্যবেক্ষণ ও দায়িত্ব হস্তান্তরের কার্যকর কাঠামো গড়ে তোলা জরুরি।
এই ধারণাকে বাস্তবে রূপ দিতে আমি 'গ্লোবাল ক্লাইমেট রিলে রেইস ইনিশিয়েটিভ' (GCRRI) নামে একটি স্বেচ্ছামূলক বৈশ্বিক সহযোগিতামূলক উদ্যোগের প্রস্তাব করছি। এটি জাতিসংঘের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং বিদ্যমান জলবায়ু ও পরিবেশ শিক্ষা কাঠামোর পরিপূরক একটি স্বাধীন উদ্যোগ। এর আওতায় পাঁচটি সুনির্দিষ্ট
কার্যক্রম গ্রহণ করা যেতে পারে:
আন্তঃপ্রজন্মীয় মেন্টরশিপের মাধ্যমে শিশু, তরুণ, শিক্ষক ও অভিজ্ঞ পেশাজীবীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়;
গ্রিনিং এডুকেশন ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিবেশ শিক্ষা কর্মসূচিগুলোর মাধ্যমে বাস্তব পরিবেশচর্চার প্রসার;
সমুদ্র ও উপকূল সুরক্ষায় শিক্ষা, গবেষণা, ম্যানগ্রোভ সংরক্ষণ ও স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ;
সার্কুলার ইকোনমি, দায়িত্বশীল ভোগ, বর্জ্য হ্রাস ও সম্পদের পুনর্ব্যবহার উৎসাহিত করা;
আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে স্থানীয় উদ্ভাবন, প্রযুক্তি ও সফল উদ্যোগের অভিজ্ঞতা বিনিময় এবং পরিমাপযোগ্য ফলাফল মূল্যায়ন।
বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবেশ সংস্থা, স্থানীয় সরকার ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সমন্বয়ে পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ শুরু করা সম্ভব।
পৃথিবী কোনো একক রাষ্ট্র, সংস্কৃতি কিংবা প্রজন্মের একক সম্পত্তি নয়; এটি আমাদের সবার অভিন্ন আবাসস্থল। তাই এর সুরক্ষার দায়িত্বও সবার। প্রতিটি জলবায়ু সম্মেলন যেন কেবল নতুন প্রতিশ্রুতির কাগজ না হয়ে পূর্ববর্তী সিদ্ধান্তের অগ্রগতি মূল্যায়ন এবং পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তরের মাইলফলক হয়ে ওঠে। দায়িত্বের উত্তরাধিকার মানে শুধু ভবিষ্যৎ প্রজন্মের হাতে পৃথিবী তুলে দেওয়া নয়; বরং তাদের হাতে জ্ঞান, দক্ষতা, সক্ষমতা ও সমাধানের পথ তুলে দেওয়া।
পৃথিবী রক্ষার সবচেয়ে বড় উত্তরাধিকার হবে একটি বাসযোগ্য গ্রহ এবং সেটিকে রক্ষা করার সক্ষমতা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া।
বিধান চন্দ্র পাল: লেখক, গবেষক, সংস্কৃতিকর্মী ও উদ্যোক্তা। ই-মেইল bidhan.probhaaurora@gmail.com
মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।
