ক্ষোভের ‘বাজার’: ক্রেতা ও বিক্রেতা
সামাজিক যোগাযোগমাধ্যমে সত্যতা যাচাই না করে ক্ষোভ প্রকাশ ও শেয়ার করার প্রবণতা অনেক সময় ভয়াবহ গুজব ও সামাজিক সহিংসতার জন্ম দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা শুধু তথ্য বিনিময় করি না। আমরা ক্ষুব্ধ হই, অপমানিত বোধ করি, প্রতিবাদ জানাই, অন্যকে দোষী সাব্যস্ত করি, আবার অন্যের ক্ষোভের সঙ্গে নিজের ক্ষোভও জুড়ে দিই। দেখা যায়, কোনো কোনো পোস্টকে ঘিরে হাজার হাজার মানুষ ক্ষুব্ধ হচ্ছেন। চেনা কিংবা অচেনা কোনো মানুষের একটি মন্তব্য, ভিডিও বা ছবি নিয়ে তৈরি হচ্ছে তীব্র প্রতিক্রিয়া। দুদিন পর আরেকটি ঘটনা আসে, নতুন করে জন্ম নেয় ক্ষোভ।
এভাবেই ক্ষোভকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে উঠেছে বিশাল এক ‘বাজার’। সেখানে বিক্রেতা আছে, ক্রেতা আছে, আছে লেনদেনের মুদ্রাও। এই বাজারে শুধু প্রকৃত ক্ষোভই বিক্রি হয় না, কৃত্রিম ক্ষোভও এখানে বিকোয়। তবে এই বাজারের মূল পণ্য শুধু ক্ষোভ নয়, মানুষের মনোযোগও। আর বাজারটির গতিপ্রকৃতি অনেকটাই নির্ধারিত হয় অ্যালগরিদমের হাতে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২১ সালে স্টিভ রাথজে, জে জে ভ্যান ব্যাভেল ও স্যান্ডার ভ্যান ডার লিন্ডেন একটি গবেষণা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের ২৭ লাখের বেশি পোস্ট বিশ্লেষণ করে তারা দেখান, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে করা পোস্ট নিজেদের রাজনৈতিক গোষ্ঠীকে নিয়ে করা পোস্টের তুলনায় প্রায় দ্বিগুণ শেয়ার বা রিটুইট পায়। ফেইসবুকে প্রতিপক্ষকে নিয়ে লেখা পোস্টে সবচেয়ে বেশি দেখা যায় 'রাগী' প্রতিক্রিয়া, আর নিজেদের গোষ্ঠীকে নিয়ে লেখা পোস্টে 'ভালোবাসা'। অর্থাৎ 'আমরা বনাম ওরা' বিভাজনটি যত স্পষ্ট, ওই কনটেন্টের প্রতি মানুষের সম্পৃক্ততাও তত বেশি। এই সম্পৃক্ততা তৈরির অন্যতম প্রধান অনুঘটক ক্ষোভ।
২.
বাজার মানে ক্রেতা ও বিক্রেতার সমাবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের এই বাজারে প্রথম বিক্রেতা প্ল্যাটফর্ম নিজেই। প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ারের মাধ্যমে ব্যবহারকারীর মনোযোগ ধরে রাখার যে কাঠামো, অ্যালগরিদম ওই কাঠামোতেই বেশি সম্পৃক্ততা তৈরি করা কনটেন্টকে এগিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, ক্ষোভ প্রকাশের পর লাইক ও শেয়ারের মতো সামাজিক স্বীকৃতি পেলে মানুষ পরবর্তী সময়ে আরও বেশি ক্ষোভ প্রকাশে উৎসাহিত হয়।
ক্ষোভের দ্বিতীয় বিক্রেতারা হলেন কনটেন্ট নির্মাতা, ইনফ্লুয়েন্সার ও রাজনৈতিক প্রচারকারীরা। তারা জানেন, কোন শিরোনাম, ছবি কিংবা উপস্থাপনাভঙ্গি মানুষকে থামিয়ে দিতে পারে, কোনটি তাদের আবেগে আঘাত করবে, ক্ষুব্ধ করবে এবং প্রতিক্রিয়া জানাতে প্ররোচিত করবে।
তৃতীয় বিক্রেতা হলো মূলধারার গণমাধ্যম। চটকদার শিরোনাম, কণ্ঠস্বর চড়িয়ে দুই পক্ষের অংশগ্রহণে হওয়া টক শো, সেখানকার উত্তেজনাপূর্ণ অংশবিশেষ প্রচার কিংবা যথেষ্ট প্রমাণ ছাড়াই অনুমাননির্ভর চাঞ্চল্যকর প্রতিবেদন দিয়ে গণমাধ্যমও এই বাজারে পণ্য জোগান দেয়।
এবার আসা যাক ক্রেতার প্রসঙ্গে। বলার অপেক্ষা রাখে না, ক্ষোভের এই বাজারের ক্রেতা আমরা, সাধারণ ব্যবহারকারীরা। মনোযোগ, সময় এবং কখনো কখনো নিজের সুনাম দিয়ে আমরা মূল্য পরিশোধ করি। বিনিময়ে আমাদের তিন ধরনের প্রাপ্তি ঘটে। প্রথমটি হলো আবেগের নিষ্কাশন। অন্যায় দেখে ভেতরে জমে থাকা অস্থিরতা একটি পোস্টে বা কমেন্টে ঝেড়ে ফেলার স্বস্তি। দ্বিতীয়টি হলো আত্মপরিচয়ের ঘোষণা। অর্থাৎ আমি কোন পক্ষে, আমার মূল্যবোধ কী, তা অন্যদের জানানো। আর তৃতীয়টি হলো একটি গোষ্ঠীর অংশ হওয়ার স্বীকৃতি।
আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘নেচার’-এ ২০১৬ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যারা নিজেরা সরাসরি ক্ষতিগ্রস্ত না হওয়ার পরও অন্যায়কারীকে শাস্তি দেওয়ার উদ্যোগ নেন, অন্যরা তাদের বেশি বিশ্বাসযোগ্য মনে করেন। অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ বা নিন্দা কখনো কখনো শুধু ক্ষোভের প্রকাশ থাকে না, হয়ে ওঠে নিজের অবস্থান জানান দেওয়ারও একটি উপায়। কাউকে প্রকাশ্যে ধিক্কার দিয়ে একজন ব্যক্তি তার গোষ্ঠীকে এই বার্তাও দিতে পারেন, “আমি তোমাদেরই লোক, আমার নৈতিক অবস্থান তোমাদের সঙ্গে মেলে।” বিশেষ করে যখন একটি অভিন্ন প্রতিপক্ষ বা শত্রু থাকে, তখন এই প্রকাশ্য নিন্দা গোষ্ঠীগত সংহতির অনুভূতিকে আরও জোরাল করতে পারে।
৩.
ক্ষোভের এই বাজারের যে দিকটি সবচেয়ে উদ্বেগজনক, সেটি হলো সত্যতা যাচাই না করে প্রতিক্রিয়া জানানো এবং দ্রুত বিচার করে ফেলার প্রবণতা। এই বাজারে সবচেয়ে বেশি দাম পায় গতি। আর এখানেই সবচেয়ে বড় ক্ষতি। বিচারের জন্য সময় লাগে। প্রয়োজন হয় প্রমাণ যাচাই, প্রেক্ষাপট বোঝা, অভিযুক্তের বক্তব্য শোনা। কিন্তু ক্ষোভের অর্থনীতিতে এসবের মূল্য কম। কারণ যে বিচার দেরিতে আসে, তা মানুষের মনোযোগ পায় কম।
বিশ্বখ্যাত সাময়িকী ‘সায়েন্স’-এ ২০১৮ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, মিথ্যা খবর সত্য খবরের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি দূর ও দ্রুত ছড়ায়। টুইটারে প্রচারিত প্রায় ১ লাখ ২৬ হাজার সংবাদপ্রবাহ বিশ্লেষণ করে গবেষকেরা এই সিদ্ধান্তে পৌঁছান। তাদের হিসাবে, মিথ্যা খবর রিটুইট হওয়ার সম্ভাবনা সত্য খবরের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি।
আমাদের নিজেদের অভিজ্ঞতাও এর সাক্ষী। ২০১২ সালে রামুতে ফেইসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে কোরআন অবমাননার অভিযোগে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা হয়। যে তরুণের ফেইসবুক অ্যাকাউন্টকে কেন্দ্র করে ছবিটি ছড়িয়েছিল, তদন্তে দেখা যায়, ওই অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট ছবিটি ছিল জালিয়াতির মাধ্যমে তৈরি এবং একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছিল। ২০১৯ সালে পদ্মা সেতুর জন্য মানুষের মাথা লাগবে, এমন গুজব ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন জায়গায় ছেলেধরা সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ঢাকার উত্তর বাড্ডাতেও এমন একটি হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ওই সময় আটজন নিহত হওয়ার তথ্য জানিয়েছিল।
ঘটনা দুটি ভিন্ন সময়ের, ভিন্ন প্রেক্ষাপটের। কিন্তু উভয় ক্ষেত্রেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া গুজব ও অভিযোগ মানুষের আবেগকে প্রভাবিত করেছে, জনমনে প্রচণ্ড ক্ষোভ তৈরি করেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের আগেই খলনায়ক চিহ্নিত হয়েছে, জনমত তৈরি হয়েছে, আর ওই আবেগের পরিণতি কখনো হয়েছে সহিংসতা, কখনো প্রাণহানি।
৪.
তবে এই বিশ্লেষণ থেকে কেউ যদি ধরে নেন যে ক্ষোভ মানেই অনিষ্ট, তাহলে সেটিও ভুল হবে। নৈতিক ক্ষোভ অন্যায়ের প্রতিকার, সহযোগিতার পরিবেশ তৈরি এবং সামাজিক পরিবর্তনের পেছনে বড় চালিকাশক্তি। কঠিন সত্যটা হলো, একই কাঠামো দুই ধরনের কাজই করতে পারে। যে প্রক্রিয়া অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তোলে, ওই একই প্রক্রিয়া ভুল তথ্যের ভিত্তিতে মানুষকে ক্ষুব্ধ ও উত্তেজিতও করতে পারে।
ক্ষোভ সঠিক গন্তব্যে যাচ্ছে, নাকি ভুল গন্তব্যে, তা অ্যালগরিদম নিজে থেকে নির্ধারণ করে না। তবে প্ল্যাটফর্মের নীতি, কনটেন্ট ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং গণমাধ্যমের আচরণ নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ আছে।
বাজার আমরা একা বদলাতে পারব না। কিন্তু ক্রেতা হিসেবে একটি ক্ষমতা আমাদের হাতে আছে। সেটি হলো, কেনার আগে একটু থামা। যে অভিযোগ শুনে ক্ষুব্ধ হচ্ছি, যে পোস্টে প্রতিক্রিয়া জানাচ্ছি, যে বক্তব্য শেয়ার করছি, তার সত্যতা সম্পর্কে অন্তত কিছুটা নিশ্চিত হওয়া।
ক্ষুব্ধ হওয়া আমাদের অধিকার, অনেক সময় নৈতিক দায়িত্বও। কিন্তু ক্ষোভ ছড়িয়ে দেওয়ার আগে কয়েকটি প্রশ্ন করা দরকার। ঘটনাটির উৎস কী, আমি কি পুরোটা জানি? আমার লাইক বা শেয়ারের কারণে অন্যায়ভাবে কারও ক্ষতি হয়ে যাচ্ছে না তো? আমি কি সত্যিই অন্যায়ের প্রতিকার চাইছি, নাকি শুধু নিজের অবস্থান ঘোষণা করছি?
এই প্রশ্নগুলো ক্ষোভকে থামিয়ে দেওয়ার জন্য নয়। বরং ক্ষোভকে দায়িত্বশীল করে তোলার জন্য। কারণ প্রতিবাদ তখনই সত্যিকারের পরিবর্তনের শক্তি হয়ে উঠতে পারে, যখন তার ভিত্তি হয় সত্য, আর লক্ষ্য হয় ন্যায়বিচার।
জয় প্রকাশ সরকার: লেখক ও সাংবাদিক। ইমেইল: jps.news.bd@gmail.com
মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।
