২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ালে ব্যবস্থা: বিএসইসি

বিনিয়োগকারীদের বিভ্রান্ত না করতে এমন তথ্যের প্রচার এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 11:49 PM

Updated : 21 Nov 2026, 11:49 PM

‘পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে’— সামাজিক যোগাযোগমাধ্যমে আসা এমন প্রচারকে গুজব বলেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়ে একটি সতর্কবার্তা পাঠিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি।

‘সামাজিক যোগাযোগমাধ্যমে পুঁজিবাজার নিয়ে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে বিএসইসির সতর্কবার্তা’ শিরোনামে এ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

এতে বলা হয়, পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ‘অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানো হচ্ছে।

“এসব তথ্যের কোনো সত্যতা নেই।”

বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, এমন তথ্য প্রচার করা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ ধরনের তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি কমিশনের বিবেচনায় রয়েছে।

“বিএসইসি দেশের পুঁজিবাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও সচেতন ভূমিকা প্রত্যাশা করছে।”