২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে সাড়ে ৭ কেজি ‘সোনার পেস্ট’ উদ্ধার, আটক ৩

সৌদি আরব থেকে সোনা এনে তারা দেশে পাচার করতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 11:29 PM

Updated : 21 Nov 2026, 11:29 PM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৭ কেজি ‘সোনার পেস্ট’ উদ্ধার ও তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার সকালে বিমানবন্দরের আগমনী দুই নম্বর ক্যানোপির আউটগেট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে এপিবিএন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ওই তিনজন হলেন— মুন্সীগঞ্জ সদরের মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারামের মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়ার মো. শাওন (৩৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরে সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালায় এপিবিএন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় তিনজনকে ধরা হয়।

“পরে বিমানবন্দর এপিবিএন কার্যালয়ে নিয়ে সৌরভের দেহ তল্লাশি করা হয়। এসময় তার কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকার ও রাসায়নিক পরীক্ষায় সেগুলো ২৪ ক্যারেটের ‘সোনার পেস্ট’ হিসেবে শনাক্ত করা হয়।”

এপিবিএন বলেছে, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে সোনা এনে জুয়েল ও শাওনসহ একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দেশে পাচার করতেন।

এপিবিএনের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, চক্রের বাকি সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

উদ্ধার করা ‘সোনার পেস্টের’ মূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা, বলা হয় বিজ্ঞপ্তিতে।