২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাশকতার পরিকল্পনা’: নড়াইলের যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 11:20 AM

Updated : 22 Nov 2026, 07:04 PM

‘নাশকতার পরিকল্পনার’ সঙ্গে জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বিশেষ অভিযান চালিয়ে রোববার রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার ওসি পাপিয়াকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন।

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার দুই দিন বাদে শুক্রবার কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্ধশতাধিক ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় কয়েকজন বলেন, হামলাকারীরা ৩০-৩৫টি বাড়ির অর্ধশত ঘর ভাঙচুর, লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করে।

আর পুলিশের দাবি যে দুই বিএনপি নেতা হত্যার শিকার হয়েছেন, তাদেরই স্বজনরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছে।

Image

ভিডিও থেকে নেওয়া।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, তাৎক্ষণিকভাবে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, পুড়ে যাওয়া স্থাপনার মধ্যে আছে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর।

কালিয়ার ঘটনাকে সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা চলছে দাবি করেছেন এসপি মোহাম্মদ আল মামুন শিকদার।

পুরনো খবর:

কালিয়ায় সাবেক এমপি মুক্তির বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
কালিয়ায় কী ঘটেছে? যা বলছে পুলিশ