রাকসু তফসিলের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থানে আম্মাররা
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ‘রাবি সংস্কার আন্দোলন’।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মারের নেতৃত্বাধীন সংগঠনটির নেতাকর্মীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।
‘রাবি সংস্কার আন্দোলন’-এর সদস্যসচিব আরিফ আলভি বলেন, “বৈরী আবহাওয়া উপেক্ষা করে ছয় দিন ধরে এখানে অবস্থান করছি, রাত কাটাচ্ছি। সকালে আমাদের একজন সহযোদ্ধা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরিস্থিতি যা-ই হোক, দাবি আদায় না হলে আমরা এখান থেকে সরব না।”
সংগঠনটির আহ্বায়ক সালাউদ্দিন আম্মার বলেন, “প্রশাসন রীতিমতো আমাদের উপেক্ষা করছে। তারা অডিটের নামে একটি মুলা ঝুলিয়ে রাখতে চাচ্ছে, আমরাও চাই অডিট অবশ্যই হোক। তবে বিগত রাকসুর অডিটের সঙ্গে পরবর্তী রাকসুর তফসিল ঘোষণা না করার কোনোরকম যৌক্তিকতা নেই। আমরা যারা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছি, ছয় দিন হোক কিংবা ছয় মাস; আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে তবেই উঠবো।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, “আন্দোলনেরও একটা ধরন ও ধাপ আছে। প্রথম দিন এসেই কেউ যদি বলে, ‘এটা না করলে অনশন করব কিংবা অবস্থান কর্মসূচি পালন করব’- এভাবে তো হয় না।
“একজন শিক্ষার্থী হিসেবে ন্যূনতম নিয়মনীতি ও শিষ্টাচার মেনে চলার বিষয় রয়েছে। নিজের ইগোকে প্রাধান্য দিয়ে প্রথম দিনেই অবস্থান নেওয়া এবং অন্য কারও কথা না শোনার মানসিকতা গ্রহণযোগ্য নয়। প্রত্যেকটি বিষয়ই ধাপে ধাপে এবং নিয়মতান্ত্রিকভাবে এগোয়।”
এদিকে আন্দোলনকারীদের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্যের কনফারেন্স কক্ষে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা।
আরও পড়ুন:
