লালবাগে রেস্তোরাঁয় গ্যাসের লাইন মেরামতের সময় বিস্ফোরণ, ৬ জন দগ্ধ
লাইনের চাবিটি খোলা রেখেছিলেন মিস্ত্রি, যার ফলে পুরো ঘরে গ্যাস জমে যায়, বলেন এক কর্মী।
রাজধানীর লালবাগে একটি রেস্তোরাঁর গ্যাসের পাইপলাইন মেরামতের সময় বিস্ফোরণ ঘটে পাঁচ জন কর্মচারী ও একজন মিস্ত্রি দগ্ধ হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার ‘কাচ্চি খানাস’ নামের রেস্তোরাঁয় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সেখানকার আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
চিকিৎসাধীন ছয় জন হলেন—পলাশ, নয়ন শিকদার, রবিন, নয়ন, নিরব ও জনি।
তাদের মধ্যে পলাশ হলেন মিস্ত্রি।
নয়ন শিকদার বলেন, তাদের রেস্তোরাঁয় গ্যাস পাইপলাইন মেরামতের কাজ করছিলেন পলাশ। তিনি গ্যাস লাইনের চাবিটি খোলা রেখেছিলেন, যার ফলে পুরো ঘরে গ্যাস জমে যায়। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি লাইন পরীক্ষার করার জন্য আগুন জ্বাললে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং চারদিকে আগুন ধরে যায়।
তিনি বলেন, অন্য সহকর্মীরা রাত সোয়া ৯টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
