মিরপুরে কাপড়ের গুদামে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৫ জন হাসপাতালে
“পাঁচজনেরই শ্বাসনালীতে ধোঁয়া প্রবেশ করায় তারা অসুস্থ হয়েছেন।”
রাজধানীর মিরপুরে একটি ভবনের নিচতলায় কাপড়ের গুদামে আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ওই ভবনের পাঁচ বাসিন্দা। শ্বাসনালীতে ধোঁয়া প্রবেশ করায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার প্যারিদাস রোডের ৩৩ নম্বর লেনের ৪ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে। রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহতরা হলেন—ময়না আক্তার (৩৬), মঈন খান (১৫), ফাতেমা (৯), নাদিরা (৩০) ও ফাতেমা (৩০)। তারা ওই ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলার বাসিন্দা।
হাসপাতালে আসা নাদিরার স্বজন লাকি আক্তার জানান, ভবনটির মালিক গার্মেন্টের ঝুট কাপড়ের ব্যবসা করেন। নিচতলার গুদামে এসব কাপড় রাখা ছিল।
তিনি বলেন, “রাত ৯টার দিকে ভবনটির নিচতলায় অবস্থিত সেই ঝুট কাপড়ের গোডাউনে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুনের কালো ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে দ্বিতীয় ও চতুর্থ তলার ওই পাঁচ বাসিন্দা শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।”
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ বলেন, পাঁচজনেরই শ্বাসনালীতে ধোঁয়া প্রবেশ করায় তারা অসুস্থ হয়েছেন। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
