০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪, একজন গুরুতর

আহতরা বর্তমানে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 02:11 AM

Updated : 03 Nov 2026, 02:11 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ থেকে লাগা আগুনে চারজন গুরুতর দগ্ধ হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনায় আহতরা বর্তমানে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা সিম গ্রুপ টেক্সটাইলের কর্মী।

তারা হলেন- নাঈমুল (৩০), কামরুল (৫৫), ইসমাইল (৩০) ও তপন (৩৮)।

দগ্ধদের মধ্যে ৪২ শতাংশ পুড়ে যাওয়া নাঈমুলের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সিম গ্রুপ টেক্সটাইলের ফায়ার ইউনিটের কর্মী ফজলে রাব্বি বলেন, রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ঠাকুর বাড়ির টেক এলাকার এ টেক্সটাইলে বিস্ফোরণের সময় তারা অন্য সাইটে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরে আগুনে চারজন দগ্ধ হয়।

পরে দগ্ধদের দ্রুত উদ্ধার করে রাত আনুমানিক ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনার কথা বলেন তিনি।

ডা. সুলতান বলেন, দগ্ধদের মধ্যে নাঈমুলের শরীরের ৪২ শতাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হওয়াসহ শ্বাসনালী পুড়ে গেছে। অন্য তিনজনের মধ্যে কামরুলের ২৫ শতাংশ, ইসমাইলের ২০ শতাংশ এবং তপনের ১২ শতাংশ পুড়ে গেছে। এ তিনজনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার (সন্দেহজনক ইনহেলেশন ইনজুরি) আশঙ্কা করছি।

তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের সবাইকে ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।