মোদী, বালেন্দ্র শাহ বৈঠক: নেপালের জন্য ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন প্যাকেজ ঘোষণা
নেপাল ও ভারতের মধ্যকার সম্পর্ক ‘হিমালয়ের মতো অটল এবং মহাসাগরের মতো বিশাল’ বলে মন্তব্য করেছেন বালেন্দ্র শাহ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে নয়া দিল্লিতে। এই বৈঠকে নেপালের জন্য প্রায় ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন প্যাকেজ ঘোষণা দিয়েছেন মোদী।
নিজ দেশের উন্নয়নের জন্য ৩৫ বছর বয়সী শাহের যে দৃষ্টিভঙ্গী, মোদী তার প্রশংসা করে বলেছেন, নেপালের জনগণ চলতি বছর তাকে যে ঐতিহাসিক সমর্থন দিয়েছে তা নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষারই প্রতিফলন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার দ্বিপাক্ষিক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে মোদী বলেন, “নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে শাহকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কয়েক মাস আগে তিনি যখন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন, তখনই আমরা তার দূরদর্শিতা ও বিচক্ষণতার স্পষ্ট আভাস পেয়েছিলাম।”
মোদী আরও বলেন, “ভারত ও নেপাল কেবল প্রতিবেশীই নয়, বরং দেশ দুটি বিশ্বাস ও বন্ধুত্বের গভীর বন্ধনে আবদ্ধ।”
এ সময় নেপালের সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী গভীর সমবেদনা প্রকাশ করেন এবং বলেন, “নেপালের পুনর্গঠন ও উন্নয়ন সহায়তার জন্য আমরা ২৪ হাজার কোটি নেপালি রুপি মূল্যের একটি উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করছি।”
নয়াদিল্লি দীর্ঘ দিন ধরে নেপালে জ্বালানি, সার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে কাজ করে আসছে আর চলতি বছর গুরুতর চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এসব পণ্যের সরবরাহ অব্যাহত রেখেছে বলে উল্লেখ করেন মোদী।
শাহ তার বক্তব্যে দুই দিনের রাষ্ট্রীয় সফরে উষ্ণ আতিথেয়তার জন্য ভারতকে ধন্যবাদ জানান। তিনি মোদীকে নেপাল সফরের আমন্ত্রণ জানান।
শাহ ভারত ও নেপালের মধ্যকার গভীর সম্পর্ক থাকার কথা উল্লেখ করে এটিকে ‘ঘনিষ্ঠ ও আন্তরিক বন্ধন’ বলে বর্ণনা করেন। তিনি দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই প্রতিবেশী দেশের মধ্যকার সংহতি, পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার চেতনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “নেপাল ও ভারতের মধ্যকার সম্পর্ক হিমালয়ের মতো অটল এবং মহাসাগরের মতো বিশাল। আমাদের এই ঘনিষ্ঠতা এতটাই গভীর যে কেবল শব্দ দিয়ে তা প্রকাশ করা প্রায় অসম্ভব।”
ভারত ও নেপাল জনপ্রশাসন সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসাসহ আটটি সমঝোতা স্মারকও (এমওইউ) স্বাক্ষর করেছে।
