২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

৩৯ হাজার আখচাষি পেলেন প্রণোদনা

প্রধানমন্ত্রী ১৫ জন আখচাষির হাতে চেক তুলে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Oct 2026, 04:35 PM

Updated : 20 Oct 2026, 04:38 PM

রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীদের ১২ কোটি প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকালে রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষীদের প্রণোদনা প্রদান ও জনসভায় প্রধানমন্ত্রী কম্পিউটারে ক্লিক করে আখ চাষিদের মোবাইল অ্যাকাউন্টে অর্থ পাঠান।

সরকারপ্রধান অনুষ্ঠানে ১৫ জন আখচাষির হাতে চেক তুলে দেন। তারা হলেন—আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সমাবেশে রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। জনসভায় সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষরা ছিলেন।

এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে শাহ মখদুম বিমান বন্দরে নেমে সরাসরি জনসভাস্থলে আসেন প্রধানমন্ত্রী।

জনসভায় বক্তব্য দেওয়ার পর রাজশাহী ধর্মসভার পূজামণ্ডপ দেখতে যাবেন তিনি। এরপর সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ সেরে রওনা হবেন চট্টগ্রামের উদ্দেশ্যে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর।

এর আগে সকালে তিনি রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। তারপর সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহী আসেন তিনি।

রাজশাহীর কর্মসূচি শেষে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান।

চট্টগ্রামে পৌঁছে জেএম সেন হল ও রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি শেষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।