প্রধানমন্ত্রীর ‘ঢাকার বায়ুদূষণ নিয়ে লজ্জা’ কমাবে ছাদবাগান-বাধ্যবাধকতা
গবেষণায় দেখা গেছে, খালি ছাদের তুলনায় সবুজ ছাদের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকে।
খোদ প্রধানমন্ত্রীকে বলতে হলো, ঢাকার অব্যাহত বায়ুদূষণ দেশের জন্য লজ্জাজনক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে তারেক রহমান যেদিন (১৫ অক্টোবর) এই লজ্জার কথা বললেন, এর কয়েক দিন পর, ২২ অক্টোবর রাজধানী ঢাকার বাতাসের মানে আরও অবনতি পাওয়া যায়। বিশ্বের ১২৬ শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় সেদিন ঢাকার জায়গা হয় সপ্তমে। ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেস্ক সেদিন ছিল ১৫৭। এই স্কোর জানাচ্ছে, ঢাকা শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’; অর্থাৎ ‘লজ্জাকর’।
ঢাকায় এলাকাভিত্তিক বায়ুদূষণে ২৫ অক্টোবর ২০১ স্কোর নিয়ে শীর্ষস্থানে ছিল উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ। স্কোর দুইশো পার হলে ওই বায়ুমান হচ্ছে ‘খুব অস্বাস্থ্যকর’, অর্থাৎ ‘খুব লজ্জাকর’। বায়ুদূষণের এই লজ্জা এখন ছড়িয়ে গেছে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম এবং সিলেটেও। রাস্তাঘাট, আবাসিক ও বাণিজ্যিক নির্মাণকাজ বেড়ে যাওয়াতে বছরজুড়েই বাতাসের মান খারাপ থাকছে। নির্মাণকাজগুলো স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব হচ্ছে কি না, পরিবেশ অধিদপ্তর তা কঠোর নজরদারিতে রাখলে প্রধানমন্ত্রীকে রাজধানীর বায়ুর মান নিয়ে লজ্জায় পড়তে হতো না আজকে।
বায়ুদূষণকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিশ্বব্যাংকের গবেষণায় দেখা গেছে, ২০১৯ সালে বাংলাদেশে বায়ুদূষণের কারণে এক লাখ ৫৯ হাজারের বেশি মানুষ মারা গেছে। বিশুদ্ধ বাতাস একটি শিশুর জন্মগত অধিকার। অথচ এই অগাস্টেই ইউনিসেফ সতর্কবার্তা দিল, বাংলাদেশের প্রায় পাঁচ কোটি ৭০ লাখ শিশু অর্থাৎ ৯৮ শতাংশ শিশুই দূষিত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে।
বায়ুদূষণের শহর ঢাকা আরও একটি পরিচয় অর্জন করেছে— তাপীয় দ্বীপ বা হিট আইল্যান্ড। তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস মানে হলো ওই এলাকায় তাপপ্রবাহ দেখা দিয়েছে। আর তীব্র তাপপ্রবাহ বায়ুর মান খারাপ করায় প্রকটভাবে ভূমিকা রাখছে।
গত এপ্রিলে এখন টিভির প্রতিবেদন জানাল, ২১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকায় প্রকৃত তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস হলেও বাস্তবে তা অনুভূত হচ্ছিল ৪১ ডিগ্রির বেশি। ঢাকার ২৫টি চরম উত্তপ্ত এলাকার তালিকাও ছিল ওই প্রতিবেদনে। প্রতিবেদনের তালিকায় শীর্ষ থেকে ২৫তম পর্যন্ত চরম উত্তপ্ত এলাকাগুলো হচ্ছে— বাড্ডা, গুলশান, মিরপুর, গাবতলী, কামরাঙ্গীরচর, গোড়ান, বাসাবো, বাবুবাজার, পোস্তগোলা, জুরাইন, হাজারীবাগ, শহীদনগর, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, টঙ্গী, কুর্মিটোলা, আজমপুর, উত্তরা, কামারপাড়া, মোহাম্মদিয়া হাউজিং, আদাবর, ফার্মগেট, তেজকুনিপাড়া, নাখালপাড়া এবং মহাখালী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবস্থিত বিশেষায়িত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত গ্রীষ্মকালের শুরু থেকে দেড় মাস বিশ্ববিদ্যালয় এলাকা ও ঢাকা শহরের তাপমাত্রার পার্থক্য পরিমাপ করে দেখেছিল। ১ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রাকে আমলে নিয়ে দেখা গেছে, ২০২১ সালে জাবির গড় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪৭ ডিগ্রি। ঢাকায় তখন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি। ২০২২ সালে জাবিতে তাপমাত্রা পাওয়া গেল ৩৪ ডিগ্রি। ঢাকায় তাপমাত্রা তখন ৩৭ দশমিক ২৬ ডিগ্রি। ২০২৩ সালে জাবি এলাকার তাপমাত্রা যখন ৩৭ ডিগ্রি, তখন ঢাকার তাপমাত্রা ৩৮ ডিগ্রি। ২০২৪ সালে নির্দিষ্ট দেড় মাসে জাবির তাপমাত্রা পাওয়া গেল ৩৩ ডিগ্রি, কিন্তু ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি।
খবর থেকেই জানা গেল, গুলশান-বনানীর তুলনায় বোটানিক্যাল গার্ডেন এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কম থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের কিছু গবেষণার ফলাফল জানাচ্ছে— বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকার চেয়ে ঢাকার মতিঝিল ও ফার্মগেট এলাকার তাপমাত্রা সব সময় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে।
গুলশান-বনানী মানে কংক্রিটের প্রাচুর্য, তার ওপরে আছে এয়ার কন্ডিশনের বাড়াবাড়ি। দেশজুড়ে যখনই প্রচণ্ড দাবদাহ দেখা দিয়েছে, তখন হিটস্ট্রোকে মৃত্যু ও গরমজনিত অসুস্থতা বেড়ে গেছে। গরম থেকে বাঁচতে গুলশান-বনানীর উচ্চবিত্তদের মতো ঘরে অন্তত একটা হলেও এসি বসানো শুরু করল আর সব এলাকার মধ্যবিত্তরাও। তাপপ্রবাহ বাড়লে সমানুপাতিকভাবে রাজধানী থেকে জেলা শহরগুলোতেও শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের শোরুমগুলোতে ভিড় বাড়ে ক্রেতাদের। শপিংমল, হোটেল-রেস্তোরাঁ, সরকারি-বেসরকারি অফিসেও এসি চলছে। ইকো-ট্যুরিজমকে বুড়ো আঙুল দেখিয়ে এসি বাসে ভ্রমণেই খুব আরাম বোধ হচ্ছে সবার।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, ২০২১ সালে এসি ব্যবহার করত এক দশমিক ৬০ শতাংশ পরিবার। ২০২২ সালে এ হার বেড়ে পৌঁছায় এক দশমিক ৭৪ শতাংশে। ২০২৪ সালের দিকে দুই দশমিক ২৮ শতাংশ পরিবারে একটি এসি ছিল। তবে কোনো পরিবারে চারটি এসি থাকলেও বিবিএসের গণনায় একটি পরিবারের বিপরীতে একটি এসিই ধরা হয়েছে। অর্থাৎ এসির প্রকৃত সংখ্যা আরও আরও বেশি।
এসির বাতাস ঘরের ভেতরে দ্রুত একজন থেকে একাধিক জনকে শীতল করছে। বিনিময়ে বাইরের বাতাস হচ্ছে উত্তপ্ত। সেই বাইরের গরম থেকে রেহাই পেতে রিমোট চেপে এসির ঠান্ডা আরও তীব্র করে দিচ্ছি আমরা। এ এক বিরাট অশুভ চক্র! বাস্তবতা হলো, কোনো এলাকায় ভবনে ভবনে অধিক সংখ্যক এসির ব্যবহার ওই এলাকার তাপমাত্রা বাড়িয়ে তুলতে বিশেষ ভূমিকা রাখে।
মজার বিষয় হচ্ছে, হালে এসিতেও আর গরম সামলানো যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ার দৌলতে কিউট কিউট চাইনিজ পকেট ফ্যানগুলো দেদার বিক্রি হয়েছে। মেট্রো স্টেশনে, ফুটপাতে, খোলা জায়গায় একেবারে মুখের কাছে এনে মিনি ফ্যান চালিয়ে গরম থেকে গা জুড়াচ্ছে বাচ্চা থেকে বুড়োরা। অর্থাৎ গরমের অনুভূতি আরও ভয়াবহ হয়েছে।
৯০-এর দশক থেকে ঢাকায় গাছপালা ও জলাভূমির দিকে নগরায়ণের অশুভ নজর পড়ে। ওই সময় থেকে কংক্রিটের উঁচু ভবন ও অবকাঠামোর আগ্রাসন শুরু হয়। এর সঙ্গে পাল্লা দিয়ে ঢাকার তাপমাত্রা বাড়তে থাকে। অপরিকল্পিত নগরায়ণ, নদী ও জলাধার ভরাট এবং গাছপালা কমে যাওয়ার অবধারিত অভিশাপ নেমে আসে শহরে।
ঢাকা শহরে মাত্র ৯ শতাংশ এলাকা জুড়ে সবুজায়ন রয়েছে। ২০২৪ সালের এপ্রিলের মাঝামাঝিতে গ্লোবাল ফরেস্ট ওয়াচ জানিয়েছিল, ঢাকায় আসলে ৫ দশমিক ৯ শতাংশ এলাকায় গাছপালা আছে। ঢাকা শহরে যে হারে আবাসিক এলাকার বিস্তার, তাতে অন্তত ২০-৩০ শতাংশ এলাকার সবুজায়ন জরুরি।
পরিকল্পিতভাবে সবুজবান্ধব অবকাঠামো ও রাস্তাঘাট নির্মাণ করা হলে তাপমাত্রা আজকের পর্যায়ে আসত না; রাজধানীর বায়ুদূষণ দেশ ও প্রধানমন্ত্রীর জন্য লজ্জাকরও হতো না। এই বিরূপ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে সরকারি অফিস, বাসাবাড়ি, শিল্প কলকারখানা, বড় বড় শপিংমলগুলোতে সবুজায়ন বাস্তবায়ন করা হবে একটি কার্যকর সমাধান— নগরীর প্রতিটি ভবনের ছাদ হোক সবুজ।
সবুজ ছাদের উদাহরণ আছে খোদ তারেক রহমান সরকারেই— পুরান ঢাকার জনসন রোডে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়টির ছাদবাগান। প্রায় ১১ হাজার বর্গফুটের ছাদটি ফল-ফুলের গাছে সবুজ হয়েছে। এমন ছাদবাগানই দাবি করে এই রাজধানীর প্রতিটি ভবন। বায়ুদূষণের শহর ও তাপীয় দ্বীপ ঢাকার আবাসিক ও বাণিজ্যিক এলাকার প্রতিটি ভবনের ছাদে বাধ্যতামূলক বাগানের নির্দেশনা, পরিকল্পনা, প্রশিক্ষণ এবং প্রণোদনাই এখন আমাদের বিশুদ্ধ বাতাসের অধিকার ফিরিয়ে দিতে পারে।
২০২২ সালের ড্যাপ জরিপের তথ্যমতে, রাজউক এলাকায় প্রায় ২১ লাখ ৪৫ হাজার ভবন রয়েছে। বর্তমানে এই সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যেতে পারে। কৃষি তথ্য সার্ভিসের তথ্যে জানা গেল, ঢাকা শহরে প্রায় সাড়ে চার লাখ ছাদ রয়েছে, যার আয়তন সাড়ে চার হাজার হেক্টরের বেশি। আরেক তথ্যে জানা যাচ্ছে, ঢাকা শহরের ছাদ এলাকা প্রায় ১০ হাজার হেক্টর জমির সমান। সঠিক কোনো জরিপ না থাকায় অনুমান করা হয়, মোট ছাদের প্রায় ৭ শতাংশ জুড়ে সবুজ রয়েছে। অর্থাৎ বাকি ৯৩ শতাংশ ছাদ খালিই পড়ে আছে। আর এই ফাঁকা ছাদ নগরীর তাপমাত্রা বৃদ্ধিতে সহায়ক।
সিডনিতে একটি গবেষণায় খালি ছাদের বিপরীতে সবুজ ছাদের উপরিভাগের তাপমাত্রা সর্বোচ্চ ২০ ডিগ্রি সেলসিয়াস কম পাওয়া গেছে। ২০২৫ সালের আরেক বিদেশি গবেষণার ফল দেখিয়েছে, খালি ছাদের চেয়ে সবুজ ছাদে উপরিভাগের তাপমাত্রা সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকে। বিবর্ণ শহরে অক্সিজেন উৎপাদন কমছে ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে। বাংলাদেশের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ছাদবাগান ও গাছপালাহীন ছাদের আশপাশে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব পরিমাপ করে দেখেন। ২০২০ সালে প্রকাশিত গবেষণায় দেখা যায়, ছাদবাগান এলাকায় ঘনত্ব ৩৫২ পিপিএম, আর বাইরের এলাকায় ৪৯৬ পিপিএম। অর্থাৎ ছাদবাগান থাকা এলাকায় কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব ১৪৪ পিপিএম কম ছিল। জলবায়ু পরিবর্তন থেকে সৃষ্ট তীব্র তাপপ্রবাহ ও পরিবেশগত ঝুঁকি কমাতেও শহরাঞ্চলে ছাদবাগান একটি আশীর্বাদ।
জাপানের টোকিওতে ২০০১ সাল থেকে সবুজ ছাদ আইন চালু হয়। এই আইনে নতুন নির্মিত ও সংস্কার করা সরকারি-বেসরকারি ভবনে সবুজ আচ্ছাদন বাধ্যতামূলক করা হয়। ২০০৯ সালে আইনে সবুজায়নের শর্ত আরও জোরদার করতে সংশোধনী এনে বলা হয়, ৫ হাজার বর্গমিটারের বেশি আয়তনের ভবনে ২৫ শতাংশ এবং ১ হাজার থেকে ৫ হাজার বর্গমিটার আয়তনের ভবনে ২০ শতাংশ সবুজায়ন থাকতে হবে। ২০১৯ সাল থেকে নিউ ইয়র্কে ভবনের ছাদে গাছপালা ও উদ্ভিদের আচ্ছাদন তৈরি অথবা নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। ফ্রান্স ২০২৬ সালের ১ জুলাই থেকে ছাদের ৪০ শতাংশ সবুজ আচ্ছাদন বাধ্যতামূলক করেছে। ২০২৭ সালের ১ জুলাই থেকে ছাদে সবুজ আচ্ছাদনের বাধ্যতামূলক হার বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে।
ঢাকার বায়ুদূষণের মতো ঢাকার ফাঁকা ছাদগুলোও লজ্জার। সুজলা-সুফলা বাংলাদেশে ঢাকার ১২৯-১৩০টি ওয়ার্ড ও ৭২৫-১৬২৩টি মহল্লায় ছাদবাগানের বিস্তার বাধ্যতামূলক করতে হবে। তবেই বায়ুদূষণের লজ্জা থেকে আশু মুক্তি মিলবে।
আইরিন সুলতানা: কবি ও কথাসাহিত্যিক।
মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।
