মজুরি গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো গুরুত্বহীনই থেকে যাচ্ছে
বিশ্বের শীর্ষ গ্রিন ফ্যাক্টরির তালিকায় বাংলাদেশের অবস্থান সবার ওপরে হলেও প্রয়োজনীয় অবকাঠামো, নীতি সহায়তা ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাষ্ট্রের কার্যকর উদ্যোগ ছাড়া এই শিল্পের টেকসই ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে।
অসুন্দর সত্য একটা কথা আছে, ‘প্রফিটেবিলিটি ক্যান অনলি পারসিস্ট অ্যাজ লং অ্যাজ এক্সপ্লয়টেশন এগজিস্টস’। কথাটা এসেছে ফান্ডামেন্টাল মার্কসিয়ান থিওরেমের (মৌলিক মার্কসীয় উপপাদ্য) ভাষ্য ‘পজিটিভ প্রফিটস আর পসিবল ইফ অ্যান্ড অনলি ইফ দ্য রেট অব এক্সপ্লয়টেশন ইজ পজিটিভ’—এই উক্তিটি থেকে।
বিশ্বের শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক চীনের রপ্তানির পরিমাণ ২০১০ থেকে ২০১৪ সাল সময়কালে ৩৭ থেকে বেড়ে ৪০ শতাংশ হয়েছিল। উল্লেখযোগ্য হারে মজুরি বৃদ্ধির ফলে ২০১৫-১৬ সালে তা নেমে আসে প্রায় ৩০ শতাংশের কাছাকাছি। যদিও মজুরি বৃদ্ধিই এর পেছনে একমাত্র কারণ ছিল না, তবে অনেকগুলো কারণের মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ ছিল নিঃসন্দেহে। তৈরি পোশাকের বিশ্ববাজার তখন চীন থেকে সরে যাওয়া বাণিজ্য কোথায় যাচ্ছে, তা-ই নিয়ে উৎসুক হয়েছিল। বাংলাদেশের সুযোগ ছিল ওই পরিস্থিতির সদ্ব্যবহার করে দেশের তৈরি পোশাকশিল্প খাতের উল্লেখযোগ্য সমৃদ্ধি ঘটানোর। বাংলাদেশ ২০১০ থেকে ২০১৪ সাল সময়কালে রপ্তানি করেছিল বিশ্ববাজারের ৪ দশমিক ২২ থেকে ৫ দশমিক ৯ শতাংশ; আর ২০১৪-১৬ সালে তা দাঁড়ায় ৬ দশমিক ৪ শতাংশে। এই একই সময়কালে ভিয়েতনামের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে প্রায় একই গতিতে—২০১০ সালে ২ দশমিক ৯ শতাংশ থেকে ২০১৬ সালে বেড়ে হয়েছিল ৫ দশমিক ৫ শতাংশ।
তৈরি পোশাক রপ্তানিতে ২০২৪ সালে চীনের অংশ ছিল ২৯ দশমিক ৬৪ শতাংশ, বাংলাদেশের প্রায় ৬ দশমিক ৯ শতাংশ, ভিয়েতনামের প্রায় ৬ দশমিক ১ শতাংশ এবং ভারতের ২ দশমিক ৯৪ শতাংশ। ২০২৫ সালে এসে তৈরি পোশাক রপ্তানিতে চীনের অংশ কমে হয় ২৭ দশমিক ৩৫ শতাংশ, বাংলাদেশেরও কমে হয় প্রায় ৬ দশমিক ৭৬ শতাংশ; অপরদিকে ভিয়েতনামের বেড়ে প্রায় ৬ দশমিক ৫ শতাংশ এবং ভারতেরও বেড়ে হয় ৪ শতাংশ। বিশ্ববাজারে মন্দা, বিক্রির হার হ্রাস, যুক্তরাষ্ট্রের বৈরী আন্তর্জাতিক বাণিজ্য নীতি— এসবের ফলে যৌক্তিকভাবে চীনের এবং বাংলাদেশের রপ্তানির অংশ কমলেও বৈশ্বিক হিসাবের বিপরীতে ভিয়েতনাম ও ভারতের তৈরি পোশাক রপ্তানির অংশ বেড়েছে। এখানে আরও একটা বিষয় উল্লেখ্য যে, চীনের মোট রপ্তানির মাত্র ৪ থেকে ৫ শতাংশ হলো তৈরি পোশাক, ভারতের মোট রপ্তানির মাত্র ৩ থেকে ৩ দশমিক ৫ শতাংশ তৈরি পোশাক, ভিয়েতনামের মোট রপ্তানির ১১ শতাংশ এবং বাংলাদেশের ৮০ দশমিক ৬ থেকে ৮১ দশমিক ৫ শতাংশ রপ্তানিই তৈরি পোশাক।
তার মানে তৈরি পোশাকশিল্প খাত মোট রপ্তানির একটা সামান্য অংশ হয়েও যে গুরুত্ব পাচ্ছে ভিয়েতনামে বা ভারতে, বাংলাদেশের মোট রপ্তানির সিংহভাগ হয়েও ওই গুরুত্ব ও মনোযোগের কিছুমাত্র আদতে পাচ্ছে না তৈরি পোশাকশিল্প খাত। এটা কোনো অনুমান নয়, স্পষ্টত দৃশ্যমান ডেটা। যেকোনো শিল্প খাতের পণ্য বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সেই শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি ও উত্তরোত্তর উন্নয়ন আবশ্যক। আবশ্যক অবকাঠামোগত উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়ন। আরও আবশ্যক আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় জিতে যাওয়ার জন্য প্রয়োজনীয় বাণিজ্য ও বিনিয়োগ উদ্যোগ এবং পৃষ্ঠপোষক নীতিমালা।
এসব গৎবাঁধা প্রসঙ্গ ও কথার বাইরে উল্লেখযোগ্য বাস্তবতা হচ্ছে এই যে, তৈরি পোশাক রপ্তানি শিল্পপ্রতিষ্ঠানগুলো এ দেশের ৮১ শতাংশ রপ্তানি আয়ের পাশাপাশি প্রায় ৭০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে তৈরি পোশাক খাতের সম্মুখ ও পশ্চাৎ সংযোগ (ফরোয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজ) পণ্য ও সেবা খাতসমূহ, যেমন কাপড়, ডাইং, সুতা, প্যাকেজিং, অ্যাকসেসরিজ, পরিবহন, কাস্টমস-সংশ্লিষ্ট সেবা, ব্যাংকিং, ইনস্যুরেন্স ইত্যাদি খাতে আরও প্রায় সমান সংখ্যক কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে এই তৈরি পোশাকশিল্প খাত। তথাপি এই খাতের উদ্যোক্তাদের কেবল বিভিন্ন শুল্ক ও কর আদায়ের উৎস হিসেবে বিবেচনা না করে এবং নিয়মনীতির যাঁতাকলে পিষ্ট না করে সহযোগিতাপূর্ণ ও বিনিয়োগবান্ধব সেবা ও সুবিধা দেওয়ার মাধ্যমে প্রকৃত পৃষ্ঠপোষকতা কতখানি করা হয়েছে রাষ্ট্র ও রাষ্ট্রের সেবা প্রদানকারী সংস্থাসমূহের পক্ষ থেকে, তা সবারই জানা।
নিজ দেশের গণ্ডিতে আটকে না থেকে আমরা যদি আমাদের আশপাশের এবং নিকটস্থ প্রতিযোগী দেশগুলোর দিকে তাকাই, তাহলে নিজেদের ব্যর্থতা ও পশ্চাৎপদতাগুলো কিছুটা হলেও দৃশ্যমান হয়ে ধরা দেবে চোখের সামনে। ধরা যাক, একটা সাধারণ অনুল্লেখযোগ্য পণ্যের কথা— ভারতীয় বাটিক কাপড়, যা বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়; ঢাকা শহরের গলিতে গলিতে, বিশেষ করে স্কুলগুলোর সামনে ভ্যানে করেও বিক্রি করা হয়। এর পেছনে কারণ কী? সাশ্রয়ী মূল্যে পছন্দের পণ্য পাওয়া যাওয়াই এর পেছনের মূল কারণ। এই সামান্য জিনিসটার উদাহরণ টানলাম এই কারণে যে, এই সামান্য পণ্যটির জন্য ভারতে বিপুল সরকারি প্রণোদনা ও সহায়তা কার্যক্রম সচল আছে। একটুখানি উল্লেখ করি এর জন্য কী কী সরকারি উদ্যোগ ও সহায়তা চলমান আছে সে দেশে (যার জন্য যারা ওই সুবিধা পাওয়ার দাবিদার, তাদের সাত মণ ঘি পোড়াতে হয় না)।
ক্লাস্টার ও অবকাঠামো উন্নয়ন: হ্যান্ডলুম ও পাওয়ারলুম ক্লাস্টার উন্নয়ন, কমন ওয়ার্কশেড এবং আধুনিক ডাইং বা প্রসেসিং অবকাঠামো ও বর্জ্য শোধনাগার তৈরিতে সহায়তা দেওয়া, যা রং ও প্রিন্টিং কাজের পরিবেশ ও মান উন্নত করতে সাহায্য করে। বড় পরিসরে বস্ত্র ও পোশাকশিল্পের জন্য মেগা টেক্সটাইল পার্ক উদ্যোগ।
দক্ষতা উন্নয়ন, কারিগর সহায়তা ও ঋণ সুবিধা: ঐতিহ্যবাহী কারিগর, তাঁতি ও শ্রমিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি এবং ক্ষুদ্র উদ্যোগ ও কারিগরদের সহজ শর্তে ঋণ ও সামাজিক সুরক্ষা ও বীমা সুবিধার আওতায় আনার ব্যবস্থা।
প্রযুক্তি আধুনিকায়ন ও উৎপাদন প্রণোদনা: যন্ত্রপাতি ও প্রযুক্তি হালনাগাদ করতে সহায়ক কর্মসূচি এবং নির্ধারিত মানসংযোজিত বস্ত্র ও পোশাক উৎপাদনে প্রকল্পের মাধ্যমে আর্থিক প্রণোদনা দেওয়া।
কাঁচামাল ও রপ্তানি সহায়তা: তুলা ও সুতার সরবরাহ ও উৎপাদন জোরদারে কর্মসূচি, সুতা পরিবহন ও মূল্য সহায়তা এবং রপ্তানিকারকদের শুল্ক ও কর সমন্বয়ে সহায়তাও চালু রয়েছে।
যদি তৈরি পোশাকের কথায় আসি, তবে তাদের দেশের রাষ্ট্রীয় উদ্যোগগুলো সংক্ষেপে লেখার জন্য কয়েক পাতা লিখতে হবে। লবিং, ব্র্যান্ডিং, মার্কেটিং করার জন্য রাষ্ট্রই মরিয়া। ওই সব মরিয়া চেষ্টার ফলে দেশি উদ্যোক্তারা যেমন তাদের ব্যবসার প্রসার ঘটাতে পারছেন, তেমনি বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। এর ফলেই বিশ্বজুড়ে যখন উৎপাদন ও চাহিদায় ভাটা, তখনো তারা তৈরি পোশাক খাতে বিশ্ববাজারে তাদের অংশ বাড়াতে সক্ষম হচ্ছেন। উল্লেখ্য, ২০২৫ সালে যুক্তরাজ্যের সঙ্গে ভারতের সিইটিএ (CETA) বাণিজ্য চুক্তি অনুযায়ী ভারতের তৈরি পোশাক সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। ভিন্ন বাণিজ্য চুক্তির আওতায় ২০২৫ সাল থেকে ভারত অনুরূপ সুবিধা পাচ্ছে সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিশটেনস্টাইন থেকে। ২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন চুক্তির আওতায় অতীতের ১২ শতাংশ শুল্কের বদলে একই রকম শূন্য শুল্কের সুবিধা পেতে শুরু করেছে ভারত। এই সব নানা উদ্যোগের পাশাপাশি ক্রেতা দেশসমূহের উল্লেখযোগ্য ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে নানা রকম বাণিজ্য সুবিধা দেওয়ার বিবিধ ঘোষণা, সেমিনার ও সিম্পোজিয়াম নিয়মিতভাবে করে যাচ্ছে ভারত। ফলে যেসব ক্রেতা বাংলাদেশে বিদ্যমান এবং বারে বারে ফিরে আসা অস্থিরতা, উৎপাদন ও রপ্তানি সময়সূচি ব্যাহত হওয়ার সমস্যা ঘিরে অফিস গোটাচ্ছেন কিংবা ক্রয়াদেশ ছোট করছেন, ওই বড় বড় ক্রেতারা ভারতে বৃহৎ ও সুবিধাজনক বিনিয়োগ ব্যবস্থায় আকৃষ্ট হচ্ছেন এবং থিতু হচ্ছেন। তাই তাদের লক্ষ্যমাত্রা এক দশকের চেয়ে কম সময়ে দ্বিগুণ রপ্তানি করা।
ভিয়েতনামের পরিস্থিতিও অনুরূপ। ওই দেশে তৈরি পোশাকশিল্প খাতে বিনিয়োগ করে একজন উদ্যোক্তা অনেক সহজ সুবিধা পান। চীন, কোরিয়া ও তাইওয়ানের কাছাকাছি অবস্থান এবং দ্রুত বন্দর ও কাস্টমস ক্লিয়ারেন্সের কারণে সিন্থেটিক বা টেকনিক্যাল কাপড়ের সরবরাহ ও লিড টাইম তুলনামূলক দ্রুত। ফলে অল্প সময়ে রপ্তানি সম্পন্ন করে পরিমাণ বাড়াতে বা ক্রেতার আস্থা বাড়াতে সক্ষম হওয়ার পাশাপাশি আর্থিক সুবিধাও পাচ্ছে ‘টাইম ভ্যালু অব মানির’ বিবেচনায়। সেই সঙ্গে আধুনিক অটোমেশন, উচ্চ কারখানা দক্ষতা ও নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিকায়নের পাশাপাশি শ্রমিকের কর্মদক্ষতার কারণে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে। এই সব সুবিধায় উচ্চমূল্যের পণ্যসমূহ উৎপাদনে ভিয়েতনামের সক্ষমতা এবং বাজার অংশ (মার্কেট শেয়ার) বাড়ছে।
পরিস্থিতি বিবেচনায় এটা সুস্পষ্ট হয় যে, অন্য সব প্রতিযোগী দেশসমূহের তুলনায় বাংলাদেশের সুবিধার ক্ষেত্র একটাই। বাংলাদেশের শ্রমিকের মজুরি কম, তাই উৎপাদন খরচ প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম। এই একটা প্রসঙ্গ বাদে বাংলাদেশ অন্য সব প্রসঙ্গেই প্রতিযোগীদের কাছ থেকে পিছিয়ে আছে। সংগত কারণেই প্রশ্ন আসে, তাহলে কি এই একটা সুবিধাকেই আমরা যেকোনো মূল্যে টিকিয়ে রাখব এই শিল্প খাতটিকে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে? সামগ্রিকভাবে রাষ্ট্রীয় পদক্ষেপ ও কর্মকাণ্ডে এবং মিডিয়া আলোচনায় বা সাধারণের আলাপে এই একটা প্রসঙ্গই দৃশ্যমান। বিপরীতে বাস্তবতা হলো এই যে, বাংলাদেশে নৈমিত্তিক অস্থিরতাজনিত অনিশ্চয়তার পাশাপাশি বিদ্যমান বিদ্যুৎ এবং গ্যাস সংকটও ক্রেতাদের জন্য কোনো ইতিবাচক ইঙ্গিত দেয় না। এই সব প্রসঙ্গ বৈদেশিক বিনিয়োগবান্ধবও নয়। আমাদের প্রশাসনিক ব্যবস্থা ও চর্চা এবং রাষ্ট্রপক্ষ এমনকি তৈরি পোশাক উৎপাদনকারীদের ফোরাম কর্তৃক যথাযথ শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিপণন বিষয়ে ইতিবাচক উদ্যোগ ও নীতিনির্ধারণে ব্যর্থতা এবং পশ্চাৎপদতা অর্জন ও সম্ভাবনাসমূহকে নাকচ করেছে একে একে।
ব্যাক টু ব্যাক এলসি এবং বন্ডেড ওয়্যারহাউস সুবিধার ওপর ভর করে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দ্রুত সমৃদ্ধি অর্জনের রূপ নিতে শুরু করে তিন দশক আগে এই খাত শুরু হওয়ার কয়েক বছরের মধ্যে এবং প্রচলিত পাট ও প্রাথমিক পণ্যের জায়গা নিয়ে প্রধান রপ্তানি খাতে পরিণত হয়। কিন্তু তারপর ফ্রি অব কস্ট কাঁচামাল আমদানি বা উৎপাদন খাতে বিভিন্ন সমন্বয়ের সুযোগ-সুবিধা যথাযথ প্রয়োগ করে আমদানিনির্ভর কাঁচামাল ঘিরে উৎপাদন সময় ও ব্যয় কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আর সেভাবে এগোয়নি। প্রতিবন্ধকতা সরিয়ে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার মতো পরিবেশ সৃষ্টি করতেও রাষ্ট্রব্যবস্থা কখনোই আন্তরিকতার প্রমাণ রাখতে সক্ষম হয়নি। পাশাপাশি উচ্চমূল্যের পোশাক, সিন্থেটিক ও টেকনিক্যাল গার্মেন্টস, অটোমেশন ও ফ্রি ট্রেড নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে দ্রুত প্রবৃদ্ধি ও উচ্চ ইউনিট ভ্যালু ধরে রাখার কৌশল নিয়ে কোনো চেষ্টাই বাংলাদেশের আছে বা কখনো ছিল বলে চোখে পড়ে না।
এমন বৈরী পরিবেশের মধ্যেও বাংলাদেশের এই খাতের উদ্যোক্তারা আশ্চর্যজনকভাবে বিশ্বে একটা ইতিবাচক ইমেজ তৈরিতে অগ্রণী হয়ে ওঠেন। এক দশক আগে থেকে বাংলাদেশের পোশাক খাতে সবুজ কারখানার ভিত্তি শক্ত হতে শুরু করে। ২০১২ সালে ঈশ্বরদী ইপিজেডের ভিনটেজ ডেনিম স্টুডিও (Vintage Denim Studio) বিশ্বের প্রথম লিড (LEED বা লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) প্ল্যাটিনাম সনদপ্রাপ্ত পোশাক কারখানা হিসেবে মাইলফলক তৈরি করার পর এর ধারাবাহিকতায় ২০১৫ থেকে ২০১৬ সালের দিকে আরও বেশ কিছু কারখানা লিড সনদের আওতায় আসে। ২০১২ থেকে ২০১৩ সালের শিল্প নিরাপত্তা ও কমপ্লায়েন্স সংস্কারের পর বাংলাদেশের উদ্যোক্তারা পানি ও জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব অবকাঠামোয় বিনিয়োগ বাড়াতে শুরু করেন, যা খাতটিকে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আলাদা পরিচিতি দেয়।
বর্তমানে গ্রিন ফ্যাক্টরি তালিকায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। ইউএসজিবিসির (USGBC) লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা বাংলাদেশে ৩০০-এর মাইলফলক ছাড়িয়ে গেছে। সর্বশেষ সংকলিত ডেটা অনুযায়ী ৩০২টি লিড-সার্টিফায়েড কারখানা রয়েছে, যার মধ্যে ১৩৪টি প্ল্যাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড ক্যাটাগরির। (উল্লেখ্য, একটা কারখানা ১০০ নম্বরের মধ্যে ৮০-এর ওপরে নম্বর পেলে প্ল্যাটিনাম, ৬০ থেকে ৭৯ নম্বর পেলে গোল্ড, ৫০ থেকে ৫৯ নম্বর পেলে সিলভার এবং ৪০ থেকে ৪৯ নম্বর পেলে সার্টিফায়েড বিবেচনা করা হয়)। বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ স্কোরধারী লিড কারখানার বড় একটি অংশই বাংলাদেশে, যা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছে কার্বন ফুটপ্রিন্ট কমানো এবং টেকসই সাপ্লাই চেইন নিশ্চিত করার ক্ষেত্রে বড় প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে।
এখন কথা হচ্ছে এই যে, পরিবেশবান্ধব হওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় একটা কারখানার বিনিয়োগকারীকে। ব্যক্তি উদ্যোক্তারা যে জেতার জন্য যুদ্ধে নেমেছেন, সেটা বারে বারে প্রমাণিত হয়েছে। কিন্তু রাষ্ট্র তাদের জয়ী হওয়ার জন্য কী কী সামর্থ্য জুগিয়েছে, সেই বিবেচনা নিয়ে কতটা বিস্তারিত বিশ্লেষণ ও আলোচনা আমাদের দেশে আদৌ হয়? কতখানি চেষ্টা আসলে করা হয়? এটা তো গেল সরাসরি মানে প্রত্যক্ষ সহযোগিতার কথা। রাষ্ট্রের পক্ষ থেকে পরোক্ষ সহযোগিতার ক্ষেত্রটা আরও অনেক বিশাল ও বিস্তৃত। নাগরিক সুবিধার আওতায় একজন উদ্যোক্তা বা বিনিয়োগকারীর যেমন অনেক সুযোগ-সুবিধা, সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্য, একজন শ্রমিকেরও তেমন অনেক কিছু প্রাপ্য আছে। খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, পরিবহন, নিরাপত্তা— এই সব খাতে একজন শ্রমিকের জন্যও রাষ্ট্রের অনেক কিছু করণীয় আছে। কিন্তু আমাদের রাষ্ট্র তো বেতনের দাবিতে শ্রমিককে রাস্তায় নামানো আর রাস্তা থেকে হটানোর কাজ করেই ক্লান্ত। রাষ্ট্রের কথা থাক, এ দেশের বিজ্ঞ-প্রাজ্ঞ কর্তা ও মনীষীরা এই প্রসঙ্গে কতটুকু কথা বলেছেন, কতটুকু আলাপ-আলোচনা করেছেন বা পথনির্দেশনা দিয়েছেন?
জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে হিমশিম খাওয়া একজন শ্রমিক, এ দেশের একজন নাগরিক যখন ৮০ টাকা কেজি আলু কিনে খায় আর আলুচাষি সেই আলুর বিনিময়ে মাত্র দুই কি তিন টাকা পায়, তখন রাষ্ট্র সেখানে কী ভূমিকা রাখে? যদি না রাখে, তবে ওই রাষ্ট্রের একজন নাগরিক বিবিধ খাতে কর দিয়ে কী ব্যবস্থা কায়েম করছে? পাঁচ টাকার আলু ৮০ টাকায় খাওয়ার জন্য অর্থের জোগান দেওয়ার চাপটা যদি একজন উদ্যোক্তার ওপরে না বর্তায়, তবে সে শিল্পের প্রসারের দিকে মনোযোগটা দিতে পারে। নইলে উদ্যোক্তা তার সাধ্যের চেয়ে বেশি মজুরি বাড়ানোর পরেও সেই শ্রমিকের জীবনযাপনে স্বস্তি কোনোকালেই আসবে না। রাষ্ট্রের কয়টা গবেষণা সংস্থা এই প্রসঙ্গ নিয়ে বাস্তবসম্মত তত্ত্ব ও তথ্যের বিন্যাস ঘটিয়েছে? রাষ্ট্রের কোন কোন সংগঠন এই আঙ্গিকে নাগরিক স্বার্থ সংরক্ষণে যথার্থ পদক্ষেপ নিয়েছে? কোন রাজনৈতিক দল এই প্রসঙ্গে এক পয়সার উদ্যোগ বা পদক্ষেপ তো দূর, স্রেফ চিন্তা করেছে?
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শুরু আশির দশকের মাঝামাঝি থেকে। তখন ১৯৮৪ সালের ৫৬০ টাকা মজুরি দুই বছরে ১৯৮৬ সালে প্রায় ১২ শতাংশ বেড়ে হয় ৬২৭ টাকা। ১৯৯৪ সালে ৮ বছরে ৪৮ শতাংশ বেড়ে মজুরি হয় ৯৩০ টাকা। ১২ বছর পর ২০০৬ সালে ৭৮ শতাংশ বেড়ে মজুরি হয় ১ হাজার ৬৬২ টাকা। এই অবধি বছরে ৬ থেকে সাড়ে ৬ শতাংশ ছিল বৃদ্ধির হার। ৪ বছর পর ২০১০ সালে ৮০ শতাংশ বেড়ে মজুরি হয় ৩ হাজার টাকা। আরও ৩ বছর পর ২০১৩ সালে ৭৬ শতাংশ বেড়ে মজুরি হয় ৫ হাজার ৩০০ টাকা। ২০১৮ সালে ৫ বছরে ৫০ শতাংশ বেড়ে মজুরি হয় ৮ হাজার টাকা। ২০২৩ সালের শেষে এসে ৫ বছরে ৫৬ শতাংশ বেড়ে মজুরি হয় ১২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ ২০০৬ সালের পর ৪ বছর ২০ শতাংশ হারে, এর পরের ৩ বছর ২৫ শতাংশের চেয়ে বেশি হারে, তার পরের ৫ বছর ১০ শতাংশ হারে এবং ২০২৩ পর্যন্ত শেষ ৫ বছর ১১ শতাংশ হারে মজুরি বেড়েছে।
এবার জীবনধারণের জন্য ৪ সদস্যের একটা শ্রমিক পরিবারের জন্য কখন কত টাকার প্রয়োজন ছিল, সেই চিত্রটাকে তুলে আনা যাক তুলনামূলক অবস্থান বিচারের জন্য। ২০১৮ সালে যখন নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ৮ হাজার টাকা, তখন ৪ জনের একটা পরিবারের জন্য ন্যূনতম ব্যয়ই প্রয়োজন ছিল প্রায় ১৪ হাজার থেকে ২২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ একজন শ্রমিকের মূল মজুরি দিয়ে পরিবারের অর্ধেক খরচও মেটানো সম্ভব হতো না। ২০২৩ সালে মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হলেও উচ্চ মূল্যস্ফীতির কারণে এবং পণ্যের অন্যায্য বা অযৌক্তিক মূল্যবৃদ্ধির ফলে পরিবারের ন্যূনতম ব্যয় বেড়ে দাঁড়ায় ২০ হাজার থেকে ৩৩ হাজার ৫০০ টাকার ঘরে। ফলে পরিবার টিকিয়ে রাখতে স্বামী-স্ত্রী উভয়ের আয় এবং দৈনিক ২ থেকে ৪ ঘণ্টা ওভারটাইম করা বাধ্যতামূলক হয়ে পড়ে।
এবার একটা চিত্র দেখা যাক তৈরি পোশাক কারখানার আয়ের। একটা উইভেন ফ্যাক্টরি ২০১৮ সালে ১ লাখ ডলারের রপ্তানি করে নিট মুনাফা অর্জন করেছে ৫ দশমিক ৮ লাখ টাকা, যা ২০২৩ সালে বেড়ে হয়েছে ৭ দশমিক ৫ লাখ টাকা এবং ২০২৬ সালে এসে একই স্থিতাবস্থায় আছে ৭ দশমিক ৫ লাখ টাকায়। এখানে নিট আয় বাড়ার পেছনে একটা ভূমিকা রেখেছে মুদ্রা বিনিময় হার। তার মানে মুদ্রা বিনিময় হারের সুবিধা পেয়ে ডলারের বিনিময়ে টাকার অঙ্কে বেশি টাকা পেলেও ২০২৩ সালের পর ২০২৬ সালে এসে নিট মুনাফা বাড়েনি। উল্লেখ্য, ২০২৩ সালে ১ ডলার সমান ছিল ১০৭ থেকে ১১০ টাকা, ২০২৬ সালে তা বেড়ে হয়েছে ১২৫ টাকা। অর্থাৎ ২০২৩ সালের তুলনায় ২০২৬ সালে এসে ১ লাখ ডলার টাকার অঙ্কে ১ কোটি ৭ লাখ থেকে ১ কোটি ১০ লাখ টাকার স্থলে ১ কোটি ২৫ লাখ টাকা হিসেবে অন্তত ১৫ লাখ টাকা বাড়লেও নিট মুনাফা এক টাকাও বাড়েনি।
অর্থনীতির ভাষায় প্রফিট মানে হলো রিওয়ার্ড ফর রিস্ক। অর্থাৎ বিনিয়োগের ঝুঁকির বিনিময়ে যা পাবেন একজন বিনিয়োগকারী, সেটাই তার মুনাফা। অথচ সেই মুনাফা না বাড়লেও শ্রমিকের মজুরি একজন তৈরি পোশাকশিল্প কারখানার মালিককে বাড়াতে হবেই। কেননা মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে শ্রমিককে বাঁচিয়ে রাখতে হলে মজুরি বাড়ানোর বিকল্প নেই। তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাড়ার জন্য দায়ী কে? যে বা যারা দায়ী, তারা কি আদৌ জানেন যে তারা দায়ী? যারা দায়ী, তারা কি আদৌ কখনো ভেবেছেন এর দ্বারা সৃষ্ট সংকট থেকে পরিত্রাণ নিয়ে কিছু? নাকি এর ফলে তারাও কোনোভাবে লাভবান হচ্ছেন বলে নির্লিপ্ত থাকছেন?
উল্লেখ্য, মজুরি বৃদ্ধির হার কিন্তু সব সময়ই ছিল মুদ্রাস্ফীতি হারের চেয়ে বেশি এবং মাঝের বছরগুলোতে অনেক বেশি। দেশের ভেতরে এই বৃদ্ধির হার অন্যান্য শ্রমপেশার তুলনায় অনেক ভালো হারে বৃদ্ধি পেলেও এর জন্য দাবিদাওয়া প্রকাশের পথটা বরাবরই সহিংস ও অরাজক হয়েই চলেছে। যা স্রেফ যুক্তিহীন না বলে আসলে বলা উচিত রাষ্ট্রের মাথাব্যথাহীন ও যত্নবিহীন রাজনৈতিক উদ্দেশ্যসিদ্ধির ইন্ধনপীড়িত। কেননা মজুরি বাড়লেও তা নিয়ে অসন্তোষের হেতু সব সময়ই তৈরি হয়েছে মুদ্রাস্ফীতি আর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে।
আন্তর্জাতিক বিবেচনায় যদি তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করা হয়, সেখানে বাংলাদেশ প্রায় সবার কাছ থেকেই পিছিয়ে থাকবে। কোনো কোনো দেশ থেকে বিপুল পরিমাণে পিছিয়ে থাকবে। কেবল মিয়ানমারের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ এই তালিকায়। তবে প্রসঙ্গটার যথাযথ বিচারের মাপকাঠি কেবল সংখ্যা নয়। কোন দেশে জীবনযাত্রার মান বজায় রাখতে খরচ কত, কোন দেশে কতখানি ন্যায্য বা অন্যায্য মূল্যে জীবনধারণের ব্যয় নির্বাহ করতে হয় তার নাগরিককে— এই সব কিছুর আঙ্গিকেই পরিপূর্ণ পরিমাপ দৃশ্যমান হতে পারে।
সুতরাং দুধেল গাই পেয়ে তার কাছ থেকে ২০ কেজির জায়গায় ৩০ কেজি দুধ তো শুধু চাইলেই জোর করে আদায় করা যাবে না। অমন চেষ্টা করতে থাকলে অচিরেই সেই সম্বল দুধেল গাইটি মারা পড়বে। আর তা হতে দিতে না চাইলে আপনাকে এমন খাবার ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, যেন সে ২০ কেজির বদলে ৩০ কেজি দুধ দিতে সক্ষম হয়। আরেকটা উপায় হতে পারে সংখ্যা বাড়ানো। সে জন্যও প্রয়োজন অনুকূল পরিবেশ, ব্যবস্থা ও ব্যবস্থাপনা।
সুতরাং সমস্যার সঙ্গে ধস্তাধস্তি না করে সমস্যা সারিয়ে তুলতে হবে পরিচর্যার মাধ্যমে। এ জন্য আন্তরিক হতে হবে মালিক, শ্রমিকের পাশাপাশি রাষ্ট্রকেও। বাংলাদেশের প্রেক্ষিত বিবেচনায় আন্তরিক হওয়ার প্রয়োজনটা বেশি রাষ্ট্রের। আর ওই লক্ষ্যে অগ্রণী হতে হবে নীতিনির্ধারক এবং চিন্তকদের। নইলে অতি শিগগির মুখ থুবড়ে পড়বে এই শিল্প খাত, একই সঙ্গে মুখ থুবড়ে পড়বে অর্থনীতি। ইতিমধ্যে সহনশীল সময় পেরিয়ে গেছে। তবু ইতিবাচক যত্নশীল পদক্ষেপ নেওয়া ও দ্রুত বাস্তবায়ন করা এবং সব রকমের অস্থিতিশীলতার পথ রহিত করার কোনো বিকল্প নেই। উৎপাদন ব্যাহত করে কিংবা সহিংসতা করে কখনোই, কোনোভাবেই কোনো শিল্প খাতকে টিকিয়ে রাখা সম্ভব নয়। নতুবা রাষ্ট্রের আজকের অবহেলা রাষ্ট্রকেই সমস্যার গভীর সমুদ্রে নিমজ্জিত করবে।
লুৎফুল হোসেন: কথাসাহিত্যিক। ই-মেইল: hossain.lutful@gmail.com
মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।
