পোশাক খাতে পরিচালকের মাসিক বেতন ৩ লাখ, শ্রমিক পায় ২০ হাজার: জরিপের তথ্য
শিল্পকারখানায় পুরুষের চেয়ে নারীর মজুরি ২১ শতাংশ কম।
তৈরি পোশাক খাতে মালিক ও পরিচালকদের গড় মাসিক বেতন যেখানে ৩ লাখ টাকার ওপরে, সেখানে শ্রমিকদের গড় মজুরি ২০ হাজার ৯০৬ টাকা, এক জরিপে এ চিত্র উঠে এসেছে।
চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকের তথ্যের ভিত্তিতে করা এই জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক স্তরের বা ‘এন্ট্রি লেভেলের’ একজন শ্রমিক বেতন পান ১৬ হাজার ৪৫৪ টাকা।
এছাড়া শিল্পকারখানায় পুরুষ শ্রমিকদের তুলনায় নারী শ্রমিকদের গড় মাসিক মজুরি প্রায় ২১ শতাংশ কম।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-বিসিআইয়ের যৌথ উদ্যোগে করা এই জরিপের ফল মঙ্গলবার এক অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে।
‘বিআইডিএস-বিসিআই ইভালুয়েট ১০০ সূচক’ শিরোনামের এ জরিপের প্রথম রাউন্ডে এপ্রিল-জুন প্রান্তিকে দেশের ১৩০টি কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
বিআইডিএস ও বিসিআই যৌথভাবে রাজধানীর আগাঁরগাওয়ে বিআইডিএসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জরিপের ফল প্রকাশ করেছে।
পোশাক শ্রমিকদের মজুরি সংক্রান্ত তথ্য সরাসরি শ্রমিকদের সাক্ষাৎকার নিয়ে তৈরি করা হয়নি, বরং কারখানা ব্যবস্থাপকদের (ম্যানেজার) দেওয়া গড় হিসাবের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
জরিপটি পরিচালনা করেন বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবাল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “না, আমরা তো শ্রমিকদেরকে এখানে সাক্ষাৎকার নেইনি। আমরা ওদের ম্যানেজারকে জিজ্ঞেস করছি, ম্যানেজারকে বলা হয়েছে যে আপনাদের যারা মেশিন অপারেটর আছে, তাদের গড় বেতন কত? তখন বলছে এত, মেশিন অপারেটর।”
জরিপে দেশের শিল্প খাতের ১৩০টি মাঝারি ও বড় কারখানা অন্তর্ভুক্ত করা হয়।
শিল্পনীতি ২০২২ অনুযায়ী, ১২১ থেকে ৩০০ শ্রমিক রয়েছে এমন কারখানাকে মাঝারি এবং ৩০০-এর বেশি শ্রমিক রয়েছে এমন কারখানাকে বড় কারখানা হিসেবে বিবেচনা করা হয়েছে।
জরিপের আওতায় ছিল তৈরি পোশাক, বস্ত্র ও সুতা, পোশাকের আনুষঙ্গিক পণ্য, ওষুধ ও রাসায়নিক, প্লাস্টিক ও রাবার, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, আসবাব, গাড়ি ও মোটরসাইকেল, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য, সিমেন্ট ও সিরামিক এবং লোহা ও ইস্পাত শিল্প।
মালিক-শ্রমিক ‘বেতন বৈষম্য’
জরিপের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন সময়ে মাঝারি ও বড় শিল্পকারখানায় সব কর্মীর গড় মাসিক মজুরি ছিল ২১ হাজার ২৬৩ টাকা। তৈরি পোশাক খাতে এ গড় ২০ হাজার ৯০৬ টাকা।
অন্যদিকে তৈরি পোশাক খাত বাদে অন্যান্য শিল্পে গড় মজুরি ছিল ২২ হাজার ৮৭৫ টাকা।
সবচেয়ে বেশি মজুরি পান মালিক ও পরিচালকরা।
তৈরি পোশাক খাতে মালিক ও পরিচালকদের গড় মাসিক বেতন ৩ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা। অন্যান্য শিল্পে এ অঙ্ক ২ লাখ ২৬ হাজার ১৬৫।
ব্যবস্থাপকদের ক্ষেত্রেও তৈরি পোশাক খাত এগিয়ে। এ খাতে ব্যবস্থাপকদের গড় মাসিক বেতন ৮৪ হাজার ৪১৮ টাকা। অন্যান্য শিল্পে তা ৬৪ হাজার ২৬৮ টাকা। দুই খাতের ব্যবধান ২০ হাজার ১৫০ টাকা।
তবে পোশাক খাতে পেশাদার কর্মীদের গড় বেতন যেখানে ৪৬ হাজার ৭৬৭ টাকা সেখানে অন্য খাতের একই মানে কর্মীদের গড় বেতন ৬০ হাজার ৮৬১ টাকা।
তবে টেকনিশিয়ানদের ক্ষেত্রে তৈরি পোশাক খাতের মজুরি বেশি। এ খাতে তাদের গড় মাসিক মজুরি ৩৬ হাজার ৯৫৯ টাকা। অন্যান্য শিল্পে ৩২ হাজার ৫৩১ টাকা। ব্যবধান ৪ হাজার ৪২৮ টাকা।
কেরানি পদেও তৈরি পোশাক খাত সামান্য এগিয়ে। এ খাতে কেরানি পদের কর্মীদের গড় মজুরি ২৫ হাজার ৫৬৪ টাকা। অন্যান্য শিল্পে ২৪ হাজার ৭৮৪ টাকা।
সবচেয়ে বড় ব্যবধান দেখা গেছে সেবা ও বিক্রয়কর্মীদের মজুরিতে। তৈরি পোশাক খাতে এ শ্রেণির কর্মীদের গড় মাসিক মজুরি ৬২ হাজার ৭৪৬ টাকা। অন্যান্য শিল্পে তা ২৪ হাজার ৪৫২ টাকা।
মেশিন অপারেটর ও কারিগরদের ক্ষেত্রেও তৈরি পোশাক খাত এগিয়ে। এ খাতে তাদের গড় মজুরি ১৯ হাজার ৪৬৯ টাকা। অন্যান্য শিল্পে ১৮ হাজার ১২৯ টাকা।
প্রাথমিক স্তরের (এন্ট্রি লেভেল) কাজ করা কর্মীদের গড় মজুরি তৈরি পোশাক খাতে ১৬ হাজার ৬৫৪ টাকা। অন্যান্য শিল্পে ১৫ হাজার ৬৩৩ টাকা।
তবে এসব পেশাগত পার্থক্যের পরও সামগ্রিক গড় মজুরিতে তৈরি পোশাক খাত পিছিয়ে। অন্যান্য শিল্পের তুলনায় এ খাতে সব কর্মীর গড় মাসিক মজুরি ১ হাজার ৯৬৯ টাকা কম।
জরিপ প্রতিবেদনে বলা হয়, মজুরির হিসাবে মূল বেতন, বেতন ও সম্মানী অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বোনাস ও অন্যান্য সুবিধা বাদ দেওয়া হয়েছে।
‘মজুরি কম পায় নারীরা’
জরিপে বলা হয়, পুরুষদের গড় মজুরি ২৩ হাজার ৮৬১ টাকা। নারীদের ১৮ হাজার ৮২০ টাকা।
অর্থাৎ পুরুষদের তুলনায় নারীরা মাসে গড়ে ৫ হাজার ৪১ টাকা কম পান।
জরিপের তথ্য অনুযায়ী, তৈরি পোশাক কারখানায় কর্মরত নারীদের গড় মাসিক মজুরি ১৮ হাজার ৯৯৩ টাকা। পুরুষদের ২৩ হাজার ৫৭৬ টাকা। এ খাতে নারী-পুরুষের মজুরির ব্যবধান ৪ হাজার ৫৮৩ টাকা।
অন্যান্য শিল্পে নারীদের গড় মজুরি ১৬ হাজার ৬৫৯ টাকা। পুরুষদের ২৪ হাজার ৫৪২ টাকা। এ ক্ষেত্রে ব্যবধান ৭ হাজার ৮৮৩ টাকা।
অর্থাৎ তৈরি পোশাকের বাইরের শিল্পগুলোতে নারী-পুরুষের মজুরিবৈষম্য আরও বেশি।
একই পদে নারী ও পুরুষের মজুরি কত, কিংবা তাদের কাজের ধরন, দক্ষতা ও অভিজ্ঞতার পার্থক্য কতটা সেসব বিষয় জানতে চাওয়া হলে কাজী ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "… ওরকম ডিটেইল আমাদের গ্রাফে নাই।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক বলেন, দেশের উৎপাদনশীল শিল্প খাতের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের উদ্দেশ্যে এ জরিপ পরিচালনা করা হয়েছে।
“এর মাধ্যমে শিল্পের উৎপাদন, কাঁচামাল, জ্বালানি, কর্মসংস্থান, মজুরি এবং ব্যবসায়িক পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে শিল্প খাতের প্রবণতা ও অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণের পরিকল্পনা রয়েছে।”
গবেষক কাজী ইকবাল বলেন, গবেষণার জন্য ২২টি শিল্প সমিতির সদস্যতালিকা থেকে ৩ হাজার ৯৬৫টি মাঝারি ও বড় কারখানার একটি নমুনা কাঠামো তৈরি করা হয়। সেখান থেকে ১৪টি শিল্প খাতকে পৃথক শ্রেণি ধরে দৈবচয়ন পদ্ধতিতে ১৩০টি কারখানা নির্বাচন করা হয়।
মজুরি ছাড়া শিল্পকারখানা উৎপাদন সক্ষমতার ব্যবহার, ব্যয়, বিনিযোগ ও শ্রমিক নিয়োগের বিষয়েও জরিপ চালানো হয়েছে।
জরিপের তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়েছে।
এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি শ্রমিকের সংখ্যা কমেছে। নতুন বিনিয়োগ ও নিয়োগও হয়নি।
জরিপে ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের সঙ্গে উৎপাদন, উপকরণ ব্যবহার, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাবের তুলনা করা হয়েছে।
ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ সংকটের মধ্যে গত এপ্রিল ও জুনে দুই দফা তেলের দাম বাড়ানো হয়। জুনে বাড়ানো হয় বিদ্যুতের দাম।
জরিপের তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে মাঝারি ও বড় শিল্পকারখানার প্রকৃত উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় প্রায় একই ছিল।
তবে ৪০টি কারখানায় উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে, ৩০টিতে কমেছে।
কারখানাগুলোর উৎপাদন সক্ষমতার ব্যবহারও কমেছে। গড় সক্ষমতার ব্যবহার ৬৭ শতাংশ থেকে কমে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। বস্ত্রশিল্পে এ হার ৭৩ শতাংশ থেকে নেমে এসেছে ৫৫ শতাংশে এবং উৎপাদন কমেছে ২০ শতাংশ।
তবে তৈরি পোশাক খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ।
উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহকে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল থেকে জুন- এ তিন মাসে প্রতিদিন গড়ে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে ৪ দশমিক ১ ঘণ্টা, যা গেল বছরের চেয়ে দ্বিগুণ। গ্যাস বিভ্রাট শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টা।
বিদ্যুৎ সরবরাহে সন্তুষ্ট কারখানা ৩৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশে দাঁড়িয়েছে। ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানিকে প্রধান বাধা বলেছে। প্রতি কারখানায় জ্বালানি খরচ ৫ শতাংশ ও পরিবহন খরচ ১০ শতাংশ বেড়েছে। ৯৪ শতাংশ কারখানায় কাঁচামালের দাম বেড়েছে।
কর্মসংস্থানের ক্ষেত্রেও নেতিবাচক চিত্র উঠে এসেছে জরিপে। মোট শ্রমিক সংখ্যা ১ শতাংশ কমেছে। ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় শ্রমিক সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে কমে ১ লাখ ৩৫ হাজার ৭০০ হয়েছে। নতুন নিয়োগ ও চাকরি ছাড়া কমেছে ১৯ শতাংশ। নতুন নিয়োগের বেশিরভাগেই আগের শ্রমিকের জায়গা পূরণ।
ব্যবসায়িক মনোভাবের সূচকেও দুর্বলতা দেখা গেছে। আগের তিন মাস তুলনায় এপ্রিল-জুন প্রান্তিকে কারখানার ব্যবসায়িক পরিস্থিতির পাঁচটি সূচকই ৫০-এর নিচে রয়েছে। পরের তিন মাসের প্রত্যাশিত সূচক ৪৯ থেকে ৫৪। অর্থাৎ উদ্যোক্তারা অবনতি থামার এবং উৎপাদন কিছুটা বাড়বে বলে আশা করেছেন।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়নের জন্য কয়েকটি নীতিগত অবস্থান গ্রহণ করেছে। এসব নীতির কথা বাজেট বক্তৃতাতেও তুলে ধরা হয়েছে।
“তবে দেশের বর্তমান পরিস্থিতিতে শুধু নীতির কথা শুনতে মানুষের ভালো লাগে না। সবাই এখন বাস্তবতার পরিবর্তন দেখতে চায়। কোনো নীতি বাস্তবায়নে কতটা অগ্রগতি হচ্ছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, “সরকার দায়িত্ব নেওয়ার সময় একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও দুর্বল প্রতিষ্ঠান পেয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক অস্থিরতা যুক্ত হয়েছে। ফলে সারা বিশ্বেই জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে সংকট তৈরি হয়েছে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।
