২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১

উন্নত দেশগুলোর উদাসীনতায় প্যারিস চুক্তির ১.৫ ডিগ্রি লক্ষ্যমাত্রা এখন হুমকির মুখে। আন্তালিয়া সম্মেলনের ব্যর্থতা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর করণীয় নিয়ে বিশ্লেষণ।

চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১

কোনো গ্রহণযোগ্য সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন কপ-৩১। ছবি:লেখক

মনজুরুল হান্নান খান মনজুরুল হান্নান খান

Published : 24 Nov 2026, 09:18 AM

Updated : 24 Nov 2026, 09:18 AM

কপ-৩১-কে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে নির্ধারিত সময়ের চেয়ে বাড়তি ৪৪ ঘণ্টা সময় নেওয়া হয়েছিল। তবু শেষ রক্ষা হয়নি; বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়েই ২২ নভেম্বর পর্দা নেমেছে এই আয়োজনের। সম্মেলনের খসড়া সিদ্ধান্তে সংকট মোকাবিলার কার্যকর কোনো পদক্ষেপ তো ছিলই না, বরং জলবায়ু বিপর্যয়কে আরও উসকে দেওয়ার কূটকৌশলই ছিল স্পষ্ট। কপ-৩১-এ নেতৃত্বদানকারী তুরস্ক চেষ্টা করেছিল‘কভার ডিসিশন’ নামের এক বিতর্কিত খসড়া সবার ঘাড়ে চাপিয়ে দিতে। কিন্তু উন্নত বিশ্বের সেই ছক ভেস্তে গেছে। সৌদি আরব বাদে ইউরোপীয় ইউনিয়ন ও উন্নয়নশীল দেশগুলো কপ প্রেসিডেন্ট মুরাত কুরুমকে সরাসরি ‘না’ বলে দিয়েছে; প্রত্যাখ্যান করেছে প্রহসনের এই‘কভার ডিসিশন’।

কপের ভেন্যু থেকে বের হওয়ার সময় উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিদের চেহারায় ছিল বিষণ্নতার ছাপ। পরিচিত দু-একজনের স্বগতোক্তি শুনতে পেলাম—জলবায়ু সম্মেলন নিয়ে কেন এমন তামাশা, এই বৈশ্বিক তামাশা কবে বন্ধ হবে? অন্যান্য কপেও উন্নত দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে তামাশার চিত্র দেখা গেছে, তবে এবারের তামাশার চিত্র ছিল চূড়ান্ত পর্যায়ের।

জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলার জন্য বিজ্ঞানীরা, বিশেষ করে আইপিসিসি যখন সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য বিশ্ব নেতাদের কাছে তাদের প্রস্তাব উপস্থাপন করে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ করার আহ্বান জানিয়েছে, তখন কপ-৩১ থেকে জলবায়ু সংকটকে আরও ভয়াবহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আসুন দেখে নেওয়া যাক, জলবায়ু সম্মেলন কেন ব্যর্থ হলো।

‘কভার ডিসিশন’ বা আন্তালিয়া প্যাক্টে জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে তেল, কয়লা ও গ্যাস ব্যবহার ক্রমান্বয়ে কমিয়ে আনার বিষয়ে প্রথম খসড়াতে উল্লেখ থাকলেও রাশিয়া এবং সৌদি আরবের চাপে পরবর্তী খসড়াতে এর কোনো কিছুই উল্লেখ ছিল না। ফলে প্যারিস চুক্তি অনুসারে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি শতাব্দী শেষে ১.৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার সম্মিলিত সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে না। যা জলবায়ু সংকটকে আরও জটিল করে তুলবে এবং বৈশ্বিক তাপমাত্রার অব্যাহত বৃদ্ধি সমগ্র বিশ্বকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপর্যস্ত করবে। কভার ডিসিশন অনুমোদন করা হলে তা তেল উৎপাদনকারী দেশগুলোর তেল উৎপাদন ও সরবরাহের বিষয়টিকে সহজ করে তুলবে। এই কারণে প্রস্তাবিত খসড়াকে ইউরোপীয় ইউনিয়ন, পানামা, মার্শাল আইল্যান্ড, ভানুয়াতু, বেলিজসহ অনেক জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশ সরাসরি নাকচ করে দিয়েছে।

বিজ্ঞানীরা আইপিসিসির প্রতিবেদনের মাধ্যমে ইতোমধ্যে জলবায়ু সংকট থেকে ধরিত্রীকে রক্ষার করণীয় সম্পর্কে বিশ্বকে সতর্ক করে দিয়েছেন। সারা বিশ্ব ইতোমধ্যেই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কুফল ভোগ করছে। যদি তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে জলবায়ু সংকট এমন এক পর্যায়ে পৌঁছে যাবে, যা থেকে পৃথিবীকে হয়তো রক্ষা করা সম্ভব হবে না। জলবায়ু দুর্যোগে মানুষের জীবনযাত্রা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। আমাদের মতো দেশগুলো জলবায়ু সংকটে আরও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু উন্নত দেশগুলো যদি মনে করে জলবায়ু সংকটে তাদের কোনো ক্ষতি হবে না, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। জলবায়ু সংকটে তাদের ক্ষতি হওয়া কেবল সময়ের ব্যাপার।

কপ-৩১ বিফল হওয়ার আরও একটি অন্যতম কারণ হলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অর্থায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার না থাকা। সব উন্নয়নশীল দেশ জলবায়ু অর্থায়নের বিষয়ে উন্নত দেশগুলো পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সে বিষয়ে খসড়ায় কোনো উল্লেখ না থাকায় খসড়া প্রস্তাব নাকচ করে দেয়। কারণ জলবায়ু সংকট মোকাবিলায় অভিযোজনের অর্থায়নের পরিমাণ তিন গুণ বৃদ্ধি করা এবং ২০৩৫ সাল পর্যন্ত অর্থায়নের পরিমাণ ১২০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করার বিষয়ে পূর্বে আলোচনা হলেও এই খসড়াতে সুনির্দিষ্টভাবে তার কোনো উল্লেখ ছিল না। যা উন্নয়নশীল দেশগুলোকে চরমভাবে হতাশ করেছে।

ঐতিহাসিকভাবে উন্নত দেশগুলোর শিল্পায়ন জলবায়ু সংকটের জন্য দায়ী। সেই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে উন্নত দেশগুলোকে জলবায়ু সংকট সমাধানের জন্য প্যারিস চুক্তি বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে। কিন্তু কপ-৩১-এ যে খসড়া উপস্থাপন করা হলো তা প্যারিস চুক্তি বাস্তবায়নের থেকে অনেক বেশি দূরে সরে যাওয়াকে উৎসাহিত করবে। যে কারণে ইউরোপীয় ইউনিয়ন, ইউকে, সব দ্বীপ রাষ্ট্র, এলডিসি এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলো প্রস্তাবিত কভার ডিসিশন গ্রহণ করেনি।

কপ-৩১ কোনো গ্রহণযোগ্য সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো, তাহলে পরবর্তীতে কী হবে? উন্নত দেশগুলো উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিয়ে আদ্দিস আবাবাতে অনুষ্ঠিতব্য কপ-৩২-এ সমস্যা সমাধানের তাগিদ দেবে। আবারও নানা যুক্তি নিয়ে হাজির হবে কীভাবে কপ-৩২-কে দীর্ঘায়িত করে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সময়ক্ষেপণ করা যায়। কেননা প্যারিস চুক্তির দশ বছর পূর্ণ হলেও প্রতিশ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন এখনো অনিশ্চিত।

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে বলতে পারি, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হয়েছে। এই কপ সময়ক্ষেপণ ছাড়া আমাদের আর কিছুই দিতে পারল না। সুতরাং কপ-৩১ উন্নত বিশ্বের জন্য না হলেও জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য এটি একটি চরম ব্যর্থ জলবায়ু সম্মেলন। তারপরও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে একাট্টা হয়ে নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যেতে হবে। তা না হলে জলবায়ু পরিবর্তনের সংকট থেকে উত্তরণের কোনো উপায় থাকবে না।

ড. মনজুরুল হান্নান খান: নির্বাহী পরিচালক, নেকম ও অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ সরকার।

মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।