প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে শুরু কপ ৩১
সভাপতি মুরাত কুরুম বলেছেন, এবারের সম্মেলনকে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তুরস্ক কার্যকর ও বাস্তব রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
নতুন করে কোনো প্রতিশ্রুতি নয়, বরং পুরনো প্রতিশ্রুতির বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় শুরু হয়েছে ‘বিশ্ব জলবায়ু সম্মেলন’ বা কপ ৩১।
বিশ্বের ১৯৭টি দেশের শতাধিক রাষ্ট্রপ্রধান, লাখো অংশগ্রহণকারীর উপস্থিতিতে বৈশ্বিক তাপমাত্রা কমানোর ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব নবায়নযেগ্য জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতিই এই সম্মেলনের মূল লক্ষ্য।
পাশাপাশি ভবিষ্যতে গ্রিন হাউস গ্যাস নির্গমণ কমানোর লক্ষ্যে বৈশ্বিক উষ্ণতা হ্রাস, ক্ষতিপূর্ণ তহবিল চালুকরণের বিষয়টিও আলোচনার টেবিলে রাখা হয়েছে। বিশ্বব্যাপী জলবায়ু সংকটের যৌথ সমাধান ও পরিবেশগত টেকসই নীতি বাস্তবায়নের লক্ষ্যে সম্মেলনে কথা বলবেন রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
আন্তালিয়া এক্সপো সিটির ব্লু জোন ও গ্রিন জোন সাজানো হয়েছে। পতপত করে উড়ছে অংশগ্রহণকারী দেশের পতাকা। বিভিন্ন দেশের নাগরিক সমাজের প্রতিনিধি, পরিবেশ কর্মীরা শরীরে, পোশাকে ধরিত্রী রক্ষার আহ্বান জানিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন।
কূটনৈতিক ব্লু জোনে রাষ্ট্রগুলো সংলাপে বসেছে। আর গ্রিন জোনে পরিবেশবাদী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অভিঘাত, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশের ক্ষতিপূরণ প্রদান নিয়ে ছোট ছোট আলোচনা করছে। দুটি জোনেই খাদ্য, কৃষি ও স্বাস্থ্য বিষয়ে আলোচনা ও সংলাপ চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে টেকসই জলবায়ুর প্রতিশ্রুতির সঙ্গে বরাবরের মতো বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সীমাবদ্ধ রাখার প্রত্যয় করা হয়েছে।
কপ-৩১ এর সভাপতি তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাত কুরুম সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোকে জলবায়ু অর্থায়ন, বিদ্যুতায়ন এবং প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জোর দাবি জানান।
মুরাত কুরুমের কণ্ঠে আশ্বাস লক্ষ্য করা গেছে। তিনি বলেছেন, “এবারের সম্মেলনকে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তুরস্ক কার্যকর ও বাস্তব রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আলোচনা ও ঐকমত্যের মাধ্যমে জলবায়ু প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তব ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জলবায়ু সংকট কোনো ভৌগোলিক সীমানা চেনে না। বিশ্বব্যাপী জলবায়ু সমস্যা নিয়ে নানা আলোচনা হচ্ছে। আমরা চাই তা বাস্তবায়ন হোক।
তিনি এ লক্ষ্যে সংলাপ, ঐকমত্য এবং রাষ্ট্রগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। সম্মেলনের সভাপতি হিসেবে ১০টি অগ্রাধিকারমূলক ঘোষণা দেন তিনি।
ঘোষণাগুলো হল- জিরো ওয়েস্ট, ক্লিন এনার্জি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল শহর নির্মাণ, ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ, সবুজ শিল্পায়ন, যুব সমাজ ও শিক্ষা, মহাসাগর ও সামুদ্রিক পরিবেশ রক্ষাসহ জলবায়ু অর্থায়ন এবং অভিযোজন নীতিমালার টেকনিক্যাল কাঠামোর বাস্তবায়ন।
জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ তহবিল ছাড় ও সবুজ প্রকৃতির কাঠামো হস্তান্তরের বিষয় নিয়েও সম্মেলনে আলোচনা হয়েছে। খাদ্য ও কৃষিখাতে মিথেন গ্যাস কমিয়ে বৈশ্বিক নীতি সমন্বিত পরিকল্পনা উপস্থাপন, সবুজ জ্বালানি রূপান্তর বিষয়ে কূটনৈতিক জোনে আলোচনা হয়েছে।
গ্রিন জোনে খাদ্য অপচয় রোধ ও উদ্বৃত্ত বাড়ানো, জিরো ওয়েস্ট বাস্তবায়ন, বিমানে জৈব জ্বালানির ব্যবহারসহ নানা বিষয়ের একাধিক আলোচনা ও সংলাপ হয়েছে।
এ দিকে মানবাধিকারকর্মী, পরিবেশকর্মী ও বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর সম্মেলনে জিরো ওয়েস্টের প্রতিশ্রুতি ও জলবায়ু ক্ষতিগ্রস্তদের দিয়ে ক্ষতিপূরণ প্রদানের প্রত্যয় ব্যক্ত করা হলেও বাস্তবতা ভিন্ন কথা বলছে।
তারা বলছেন, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কথা বলে বিশ্বের উষ্ণতা বাড়ানোর জন্য দায়ী সামরিক শক্তি বাড়ানোর বাহাদুরি দেখাচ্ছে ক্ষমতাধর রাষ্ট্রগুলো। আনাতালিয়া এক্সপো সিটিতে ব্লু জোনে রাষ্ট্রপুঞ্জ রুদ্ধদ্বার বৈঠকে দেন-দেরবার করার সময় বা সামান্য আগেপরে পরিবেশ ও জীবন বিধ্বংসী হামলা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। যা বৈশ্বিক উষ্ণতাকে বাড়িয়ে তোলার প্রধান নিয়ামক।
শুধু হামলাই নয়, বিভিন্ন দেশ সামরিক সক্ষমতা ও পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণাও দিয়েছে।
তাই কপ-৩১ সম্মেলনের নীতিগত নানা ঘোষণা সামনে এনে প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাষ্ট্র, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মীরা।
বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডেজেনাস নলেজ এর পরিচালক লেখক গবেষক পাভেল পার্থের সঙ্গে কথা হয় জলবায়ু সম্মেলনে। তিনি বলেন, “বছর বছর জলবায়ু সম্মেলন আয়োজন আর বিশ্বনেতাদের অঙ্গীকার ভঙ্গ ও কালক্ষেপণ মানা যায় না। প্যারিস চুক্তিসহ বিগত জলবায়ু প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে এ বিষয়ে সব রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক প্রটোকল তৈরি করুক আন্তালিয়া। যুদ্ধ, সামরিক দূষণ, করপোরেট ভোগ ও নিও-লিবারেল ব্যবস্থাকে টিকিয়ে রেখে জলবায়ু প্রতিশ্রুতি অর্জন সম্ভব নয়।”
তিনি এসবকে ‘গ্রিন ওয়াশ’ হিসেবে মন্তব্য করে বলেন, “পৃথিবীর ক্ষুদ্র কৃষক, জেলে, আদিবাসী, বনজীবী ও গ্রামীণ জনগোষ্ঠীর লোকায়ত চর্চা ও অভিযোজন অভিজ্ঞতাগুলোর ভেতর দিয়েই আমাদের পৃথিবীকে সুস্থ করতে হবে। কোনো মিথ্যা সমাধান বা লুকোচুরি কাজ হবে না। ক্ষয়ক্ষতি ও অভিযোজন তহবিল অর্জনে বাংলাদেশ নেতৃত্ব দিক এই প্রত্যাশা করি।”
