০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

পোশাক শিল্পের মজুরি বোর্ডের প্রথম সভা বুধবার

সভাপতিত্ব করবেন বোর্ড চেয়ারম্যান শেখ আশফাকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 10:49 AM

Updated : 04 Nov 2026, 10:49 AM

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের মধ্যে এ খাতের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ড প্রথম সভা করতে যাচ্ছে।

বুধবার সকাল ১১টায় সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা বলছে, এতে সভাপতিত্ব করবেন বোর্ড চেয়ারম্যান সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।

শ্রম আইন অনুযায়ী, পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য বোর্ড প্রথম সভা করতে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাক শিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার।

পোশাক শিল্পের বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে আছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। আর বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করছেন।

কোনো শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে সেই শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিরা নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে কাজ করেন।

শ্রম আইনের ১৩৯ ধারায় বলা হয়েছে, কোনো শিল্পের মালিকপক্ষ, শ্রমিকপক্ষ অথবা উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সেই শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরির হার নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে পারবে।

চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরেই রাজধানীতে শ্রমিক অসন্তোষ চলছে। মঙ্গলবারও ঢাকার মিরপুর এলাকায় পোশাক শ্রমিকদের অবরোধের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরি হারের মেয়াদ শেষ হবে আগামী মাসে।

২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।