২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

এনসিপির পর জামায়াতের ইসলামীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে আলোচনা রয়েছে।

বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

শফিকুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 11:04 PM

Updated : 24 Nov 2026, 11:04 PM

মালয়েশিয়া সফর বাতিল করে অস্ট্রেলিয়া থেকে দেশের পথে রওনা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার দুপুরে দেশের পথে রওয়ানা হয়েছেন তিনি। এদিন দুপুরে ফেইসবুক পোস্টে তিনি লেখেন, “একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় একদিনের সফরটি স্থগিত করলাম।”

জামায়াত আমির গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফর শুরু করেন। অস্ট্রেলিয়া থেকে তার মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল।

ফেইসবুক পোস্টে আমির লেখেন, পরে কখনো তিনি মালয়েশিয়া যাবেন।

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পর সংসদে জাতীয় ঐক্যের ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর গত সোমবার সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। জামায়াতের ইসলামীসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সরকারপ্রধান বৈঠক করবেন বলে খবরে এসেছে। তবে এ বিষয়ে কোনো পক্ষের তরফে এখনও ঘোষণা আসেনি।

এমন প্রেক্ষাপটে বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশ আসছেন জামায়াতের আমির।

এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃতুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে তার এক মুখপাত্রের বরাতে খবর দিয়েছে রয়টার্স।

এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা কথাবার্তা এবং বিএনপির সঙ্গে জামায়াতের বৈঠক হওয়ার কথা আলোচনায় থাকার মধ্যে শফিকুর রহমান মালয়েশিয়া সফর আপাতত স্থগিত রেখে দেশের পথ ধরেছেন।

তবে জামায়াতের নেতারা মঙ্গলবার রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কোনো সূচির বিষয়ে বলতে পারেননি।

দলের প্রচার বিভাগের প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কোনও সূচি এখনও ঠিক হয়নি।’’

গত বুধবার জাতীয় সংসদে চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর প্রতি ‘ফ্যাসিস্ট’ বিরোধী ঐক্যের আহ্বান জানান। সেদিনই সন্ধ্যায় তিনি জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে একান্তে কথা বলেন।

এনসিপির পর জামায়াতের জোট ১১ দলীয় ঐক্যের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়া প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘‘আলোচনা এখনো ওই পর্যায়ে যায়নি।’’