১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে থেকে নৈরাজ্য ঠেকাবে ১১ দলীয় ঐক্য: মামুনুল হক

“ঐক্যের যে প্রশ্ন, সেটা সরকার অনুভব করছে বলে স্বীকার করছে,” বলেন তিনি।

মাঠে থেকে নৈরাজ্য ঠেকাবে ১১ দলীয় ঐক্য: মামুনুল হক

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে ব্রিফিং করেন জোটের নেতা মামুনুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 05:16 PM

Updated : 19 Nov 2026, 05:22 PM

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য মাঠে থেকে দেশবিরোধী যেকোনো নৈরাজ্য প্রতিহত করবে বলেছেন জোটের অন্যতম নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

তিনি বলেন, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে নৈরাজ্য চলছে, সরকার তা কঠোর হাতে দমন করবে, সেটাই আশা করছে জামায়াত জোট।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টুরোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মামুনুল হক।

এর আগে জামায়াতের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক হয়।

বৈঠক শেষে মামুনুল হক বলেন, “ইনশাআল্লাহ আমরা ১১ দল রাজপথে আছি, অব্যাহতভাবে জনগণকে সাথে নিয়ে রাজপথে দেশবিরোধী যেকোনো অপতপরতা, যেকোন সন্ত্রাসী কার্যকলাপ, যেকোনো নৈরাজ্যকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।”

তিনি বলেন, “নৈরাজ্যবাদী শক্তিকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই নৈরাজ্যের মাধ্যমে, জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে কোনোদিন এইভাবে একটি দেশকে, একটি জাতিকে পরাস্ত করে দিতে পারবে বলে যদি তারা মনে করে থাকে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে।

Image

রাজধানীর মিন্টুরোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানে সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতারা বৈঠক করেন।

“আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করবে। জনগণকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে সকলে সম্মিলিত গণপ্রতিরোধের মাধ্যমে এই অপশক্তি কে প্রতিহত করতে হবে।”

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বৈঠকের বিষয়ে মামুনুল হক বলেন, “ঐক্যের যে প্রশ্ন, সেটা সরকার অনুভব করছে বলে স্বীকার করছে। আমাদের পক্ষ থেকে বরাবরই বার্তা দেওয়া হচ্ছে যে ঐক্যের প্রধান ভিত হবে বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং অবশ্যই গণভোটের রায় কার্যকর করা। সেটার ভিত্তিতে আমরা আশা করি যে গণভোটের রায় কার্যকর করা নিয়ে দেশের সাধারণ মানুষের যে কনসার্ন আছে সেটাকে সরকার নতুন করে আমলে নেবে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “সরকার যে অব্যাহতভাবে গণরায়কে উপেক্ষা করার, যে মনোভাব তাদের ছিল সেখান থেকে সরকার পিছু হটবে এবং জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই নৈরাজ্যের বিরুদ্ধে তারা কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।”

জোটের বৈঠকে অন্য মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান, এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।