জুলাই অভ্যুত্থানের সময়কার ঐক্যে ফেরার আহ্বান বিরোধী দলীয় নেতার
গণভোটের রায় ও জুলাই সনদ যত দ্রুত বাস্তবায়ন হবে, সেই ঐক্য তত দৃঢ় হবে বলেও মত শফিকুর রহমানের।
ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরায় ফ্যাসিবাদীরা এর সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের আগের ঐক্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, “গণভোটের রায় ও জুলাই সনদ যত দ্রুত বাস্তবায়ন হবে, সেই ঐক্য তত দৃঢ় হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে শফিকুর রহমান এ আহ্বান জানান। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শফিকুর রহমান বলেন, “আমাদের ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ার কারণে, ফাটল সৃষ্টি হওয়ার কারণে ওরা সুযোগ নিচ্ছে। আমরা তো সকলেই ইলেকশনের আগ পর্যন্ত একই কাঁতারে ছিলাম, একই লাইনে ছিলাম। একই দর্শনে ছিলাম। আমি বিনয়ের সাথে অনুরোধ করব দেশের বৃহত্তর স্বার্থে এই জায়গাটায় ফিরে আসুন।”
ক্ষমতা কারও জন্যই চিরস্থায়ী নয় মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, “সংস্কার ও সংবিধান সংশোধন হতে হবে জাতির স্বার্থে।”
জুলাইয়ের শহীদ, আন্দোলনে অংশ নেওয়া মানুষ ও শহীদ পরিবারের আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, “যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদবিরোধী আমাদের ঐক্য ইনশাআল্লাহ ইস্পাত কঠিন হয়ে উঠবে।”
বর্তমান সংসদকে ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী সংসদ বলেও আখ্যায়িত করেন তিনি।
গত কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য ‘পলাতক ফ্যাসিস্টের দোসরদের’ দায়ী করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। তবে সরকার কী ব্যবস্থা নিয়েছে, তাতে কতটা অগ্রগতি হয়েছে এবং সামনে কী করবে, তা স্পষ্ট হয়নি। দেশকে ঘিরে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা তৎপরতা নিয়েও মানুষ সন্দিহান।”
কী ঘটছে এবং সামনে কী হতে পারে, সে বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান শফিকুর রহমান।
মাতারবাড়ির চুক্তি সংসদে তোলার দাবি
প্রধানমন্ত্রীর জাপান সফরে বা এর আগে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো চুক্তি হয়ে থাকলে তা আগামী অধিবেশনে সংসদে তোলার দাবি জানান জামায়াত আমির।
সংবিধানের ১৪৫ক অনুচ্ছেদ তুলে ধরে তিনি বলেন, “বিদেশের সঙ্গে করা চুক্তি রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে পেশ করার বিধান রয়েছে। জাতীয় নিরাপত্তাসংক্রান্ত চুক্তি সংসদের গোপন বৈঠকে পেশ করতে হয়।” মাতারবাড়ি প্রকল্পের অর্থনৈতিক সম্ভাব্যতা এবং অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে সংসদে খোলামেলা আলোচনার দাবি জানান তিনি।
মাদক, কিশোর গ্যাং, দলবদ্ধ হামলা, দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ে সংসদ সদস্যরা বারবার কথা বললেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, “যেই চাঁদাবাজ ওরেই ধরেন। সেই চাঁদাবাজ আমি হলে আমারেও হ্যান্ডকাফ পরিয়ে দেন। আমারেও ছাড়বেন না।”
পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ও শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানির দাবি
পোশাক শ্রমিকদের মজুরি ও সুযোগ সুবিধা নিয়ে আন্দোলনের মধ্যে চামড়া, সিরামিক কারখানা এবং বিদ্যুৎ কার্যালয়ে হামলার অভিযোগ তোলেন বিরোধীদলীয় নেতা। এসব ঘটনার পেছনে তৃতীয় পক্ষ রয়েছে বলে দাবি করে জড়িতদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি।
শফিকুর রহমান বলেন, “শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি এতটুকু অন্তত হোক যে সাদামাটাভাবে তারা বেঁচে থাকতে পারবে।”
শ্রমিকদের জন্য ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের দাবিও জানান তিনি।
শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। ঋণের উচ্চ সুদ, চলতি মূলধনের ঘাটতি, আমদানির ঋণপত্র খুলতে সমস্যা এবং কর ও ভ্যাটের জটিলতার কথাও তুলে ধরেন তিনি। পোশাক তৈরির উপকরণ ও যন্ত্রাংশের আমদানিনির্ভরতা কমাতে দেশেই উৎপাদন বাড়ানোর কথা বলেন শফিকুর রহমান।
ডিসেম্বরে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে সরকার কী উদ্যোগ নিচ্ছে, তাও জানতে চান বিরোধী দলীয় নেতা। তিস্তা নিয়েও অগ্রগতি স্পষ্ট করার দাবি তোলেন তিনি। অভিন্ন নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের পাশাপাশি দেশের ভেতরে নদী ব্যবস্থাপনায় দুর্নীতি ও অদক্ষতার প্রতিকার চান শফিকুর রহমান।
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি ও উন্নয়নকাজে বৈষম্যের অভিযোগ
শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, তার এলাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে যোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনে শিক্ষামন্ত্রীর সহযোগিতা চেয়েছিলেন। সে চেষ্টা সফল হয়নি।
শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে যোগ্যতার ভিত্তিতে সদস্য বাছাইয়ের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
বিরোধী দলের সংসদ সদস্যরা উন্নয়নকাজে বৈষম্যের মুখে পড়ছেন বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। সংরক্ষিত নারী আসনের সদস্যদেরও উন্নয়ন কাজের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেন তিনি।
